Home জাতীয় বেপরোয়া যৌন হয়রানি, ধামাচাপা দিতেই ব্যস্ত কর্তৃপক্ষ: আতঙ্কিত নারী স্টাফ, ছাত্রী ও...

বেপরোয়া যৌন হয়রানি, ধামাচাপা দিতেই ব্যস্ত কর্তৃপক্ষ: আতঙ্কিত নারী স্টাফ, ছাত্রী ও রোগীরা

31


খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দূরের কথা, অভিযোগকারীকেই বহুমাত্রিক চাপে ফেলে চুপ থাকতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরপরও সাহস করে যারা আওয়াজ তুলছেন, তাদেরকেও পদে পদে হয়রানি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এতে দীর্ঘ হচ্ছে নির্যাতিত নারীর নীরব আর্তনাদ আর বেপরোয়া হয়ে উঠছে নির্যাতনকারীরা। ফলে নির্যাতন আতঙ্কের মধ্যেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন নারী রোগীরা। এর চেয়েও বেশি ভীত ও আতঙ্কে নারী চিকিৎসক, নার্স, স্টাফ ও বিভিন্ন কোর্সের ছাত্রীরা।

যা হচ্ছে হাসপাতালে:

ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের তথ্য বলছে, এ হাসপাতালের নির্যাতনের সিংহভাগ ঘটনা পরিচালক পর্যন্ত পৌঁছায় না। কয়েকস্তরের কর্মকর্তারা এটিকে ধামাচাপা দিতে দক্ষতার পরিচয় দেন। যে দু-একটি ঘটনা পরিচালক পর্যন্ত লিখিত অভিযোগ আকারে যায়, সেটিও আলোর মুখ দেখতে পায় না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের কোনো নারী স্টাফ নির্যাতনের শিকার হওয়ার পরপরই ‘এটি স্বাভাবিক বিষয়’ অ্যাখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে চুপ থাকতে বলা হয়। এ সময় নির্যাতিত নারী সাধারণত কাউকেই সঙ্গী হিসেবে পান না। সাধারণ রোগীরা এখানে আরো বেশি অসহায়। তবে বিগত সময়ে নার্স নির্যাতনের ঘটনায় নার্সিং অ্যাসোসিয়েশনকে বেশ সোচ্চার থাকতে দেখা গেছে। তবে এর খেসারত হিসেবে প্রতিবাদী নার্স সংগঠকদের বিভিন্নভাবে হয়রানিসহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলির অভিযোগ উঠেছে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, এখন নির্যাতনের ঘটনাগুলোতে পরিচালকের আশীর্বাদপুষ্ট কিছু ব্যক্তি প্রথমেই এটিকে ‘রং চড়ানো’ গল্প হিসেবে অ্যাখ্যা দিয়ে কৌশলে বিভিন্নভাবে হুমকি দেন। অধিকাংশ নির্যাতিত নারী এখানে এসেই থমকে যান। কারণ অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে সামনে এগোনোর আর সাহস পান না। এ ধাপ পেরিয়ে পরিচালকের দ্বার পর্যন্ত পৌঁছালে তুচ্ছতাছিল্য করে চেপে যেতে বলা হয়।

ভুক্তভোগী সোচ্চার হয়ে কোর্টে মামলার কথা বললে পরিচালক তাকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন। এরপর সুবিচারের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এটা আলোর মুখ দেখে না।

সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি একজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের কপি আসে প্রতিবেদকের হাতে। এ বিষয়ে তদন্ত কমিটি হয়েছে, এটা মৌখিকভাবে জানলেও এরপর কী হয়েছে তার কিছুই জানেন না ভুক্তভোগী। বর্তমানে ভয়ে ওই নারী শিক্ষার্থী এ বিষয়ে গণমাধ্যমেও কোনো কথা বলতে রাজি হননি। শুধু বলেন, পরিচালক যা করবেন, তাই তিনি মেনে নেবেন!

তবে তার এক সহকর্মী বলেন, হাসপাতালে এসব অভিযোগের আদৌ কোনো সুরাহা হয় না। অযথা চাপে পড়তে হয়। এটা নিয়ে তার ভুক্তভোগী সহকর্মী মানসিকভাবে বিধ্বস্ত।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, হাসপাতালের ভেতর-বাইরে সবখানেই নারীরা বুলিং ও পীড়নের শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে এসব পীড়নের প্রতিবাদের সাহস পান না রোগীরা। এছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি চালকদের জটলার মধ্যে থেকে নারীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্যও করতে দেখা গেছে। অথচ ঝটিকা অভিযান ছাড়া কার্যকর সমাধানে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এখানে।

ঘটনাস্থলেই এ বিষয়ে এক ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘ভাই, এখানে পড়াশোনা করি। আর এগুলো হাসপাতালে এখন কমন বিষয়। অযথা অভিযোগ দিতে গিয়ে বিপদ বাড়াতে চাই না।’

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষিত:

২০০৯ সালে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন হাইকোর্ট, যা হাইকোর্ট ডিরেক্টিভস ২০০৯ নামে পরিচিত। উল্লিখিত ডিরেক্টিভসে প্রতিটি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। কিন্তু সে নির্দেশনা রামেক হাসপাতালে এখনো বাস্তবায়ন হয়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নারীরাও জানিয়েছেন, যৌন হেনস্থা প্রতিরোধের জন্য কোনো কমিটির বিষয়ে তাদের জানা নেই।

মহিলা বিষয়ক অধিদফতরের রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন জানান, নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্রে ন্যূনতম ৫ সদস্যের নির্যাতন প্রতিরোধী কমিটি থাকতে হবে, যে কমিটির সভাপতি ঐ প্রতিষ্ঠানের প্রধান হবেন এবং কমিটিতে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ নারী থাকবেন। এ কমিটিতে মানবাধিকারকর্মীও থাকতে হবে। এখন হাসপাতালে তারা কীভাবে কী করছেন তা জানা নেই।

আওয়াজ তুললেই হয়রানির অভিযোগ:

সর্বশেষ ২০২১ সালে হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের এক নার্সকে যৌন নিপীড়নের অভিযোগ দেশজুড়ে আলোচনায় এসেছিল। সে সময় হাসপাতাল প্রশাসনের সহযোগিতা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ভুক্তভোগী। সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সহ-সভাপতি ও রামেক হাসপাতাল শাখার সাবেক সভাপতি শাহাদাতুন নূর লাকি। সে সময় থেকে এখন পর্যন্ত বেশকিছু নির্যাতনের ঘটনা ও হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা গেছে এই নার্স নেত্রীকে। সম্প্রতি এই নার্সকে অন্যত্র বদলি করায় অভিযোগ উঠেছে। নারী নির্যাতন ও হাসপাতালের অনিয়ম-দুর্নীতি আড়াল করাসহ নির্যাতিতদের কণ্ঠ রোধ করতে এ হয়রানিমূলক বদলি করা হয়েছে।

শাহাদাতুন নূর লাকি বলেন, আমি নারী নার্সসহ সংশ্লিষ্ট ও সেবাপ্রার্থী সব নারীর সুরক্ষায় সব সময় সোচ্চার ছিলাম। এ কারণে নানা জায়গা থেকে আমাকে কৌশলে হুমকি দেওয়া হয়েছে। আমাকে যারা সহযোগিতা করেছে- এমন স্টাফদের হয়রানিমূলক বদলিও করা হয়েছে। আমাকেও বর্তমান পরিচালক কৌশলে হুমকি দিয়ে দমাতে না পেরে হয়রানিমূলক বদলি করিয়েছেন। এতে আমি ব্যথিত নই। তবে হাসপাতাল প্রশাসন যে ভীতির সংস্কৃতি প্রতিষ্ঠিত করছে, তাতে অদূর ভবিষ্যতে আরো বেশি অসহায় হয়ে পড়বে নারীরা।

এদিকে বিভাগীয় শহরের এই হাসপাতালে ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীসহ দেড় হাজারের অধিক নারী কর্মরত আছেন। এর বাইরে নারী ইন্টার্ন ডাক্তার, ইন্টার্ন নার্সসহ বিভিন্ন কোর্সে নারী শিক্ষার্থী এবং নারী রোগীও থাকেন। অথচ এই প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নারী মানবাধিকারকর্মীরা কাজ করতে পারেন না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরাও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধিরা।

এর আগে, অভিযোগবক্স না থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিনই অভিযোগবক্স স্থাপন করে হাসপাতাল প্রশাসন, যেখানে সব বিষয়েই যে কেউ অভিযোগ দিতে পারবেন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু প্রতিবেদন প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও কতটি অভিযোগ পড়েছে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে পরিচালকের অপরাগতা প্রকাশকে উদাসীনতা হিসেবেই অ্যাখ্যা দিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

যা বলছেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতা, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা:

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় বলেন, হাইকোর্টের নির্দেশনা রয়েছে নারী নির্যাতন কমিটি থাকার বিষয়ে। কিন্তু আমরা যখন রামেক হাসপাতাল প্রধানের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি, তিনি বলেছেন, ‘আপনাদের কাছে বলতে আমি বাধ্য না।’ আমরা বলেছি, অবশ্যই এটা আমাদের জানাতে হবে। কারণ আমরা মানবাধিকারকর্মী।

বিভিন্ন সময় হাসপাতালে নারী নির্যাতন ও প্রশাসনের দুর্ব্যবহারের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এই মানবাধিকারকর্মী বলেন, হাসপাতালে বিচার না পেয়ে অনেক ভুক্তভোগী আমাদের কাছে আসেন। কিন্তু সেগুলো হাসপাতাল প্রশাসন আমলে নেয় না। একটা স্বাধীন দেশে এমন নৈরাজ্য ও ভীতি নিয়ে নারীরা চলতে পারে না। এ অবস্থার উত্তরণ জরুরি।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা বলেন, কর্মস্থলে নারীর সুরক্ষা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমিটি থাকতে হবে। অভিযোগবক্সও থাকতে হবে। কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতাল প্রশাসন কেন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না তা জানা নেই। একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই একটি কার্যকর কমিটির দাবি জানাই।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না, এটা দীর্ঘদিনের সমস্যা। তবে বর্তমান পরিচালক অনেকটাই আন্তরিক। আর হাসপাতালে একাধিক অপরাধী সিন্ডিকেট আছে, যাদের কাছে অনেক সময় পরিচালকও জিম্মি থাকেন। যার ফলে সাংবাদিকদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফএইউজে’র যুগ্ম মহাসচিব রাশেদ রিপন বলেন, রামেক হাসপাতালে অনেক আগে থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। সাংবাদিকরা কাজ করতে গিয়ে প্রায়ই বাধার সম্মুখীন হন। বিষয়গুলো আসলে প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতার ওপর অনেকটাই নির্ভর করে। হাসপাতালের সাবেক পরিচালক এফএম শামীম ইয়াজদানি যখন দায়িত্বে ছিলেন, তখন তিনি একটা সুন্দর পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন। মূলত অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই কর্তারা গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চান।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীবান্ধব। নারীর উন্নয়নে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি স্বাধীন দেশে প্রশাসনের কোনো ধরনের স্বৈরাচারী মনোভাবই কাম্য নয়। রামেক হাসপাতালে আমরা প্রায়ই দেখি রোগীরা নির্যাতনের শিকার হন। সেখানকার স্টাফ বা শিক্ষার্থীরাও নির্যাতনের শিকার হন। এখানে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না- এটা মেনে নেয়া যায় না। প্রয়োজনে আমাদের আন্দোলনের মাধ্যমে নারীদের সুরক্ষা ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ:

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এফএম শামীম আহম্মদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনাগুলোকে নিয়ে ষড়যন্ত্র করে। আমরা অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেই। কয়েকমাস আগেও একটি অভিযোগ এসেছিল। তদন্ত করে সে অনুযায়ী রিপোর্ট সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে। আর কমিটি গঠনের বিষয়ে হাইকোর্টের কোনো নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে আমাদের কাছে আসেনি। তবে আমরা অভ্যন্তরীণ একটি কমিটি গঠন করেছি।

তিনি আরো বলেন, যে মানবাধিকারকর্মীর কথা বলছেন, ওই নামে কেউ আমার কাছে আসেনি। আর সাংবাদিক বা মানবাধিকারকর্মীরা কাজ করতে পারেন না- এটাও ঠিক নয়। আমরা নিয়মের মধ্যেই সবকিছু করছি। এসব অভিযোগ ভিত্তিহীন।