শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি।।
কাঁঠাল উৎপাদনের জন্য দেশজুড়ে খ্যাতি রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার। এ উপজেলার হাটে চলতি মৌসুমে কাঁঠাল বিক্রি হচ্ছে চড়া দামে। এ জন্য ব্যবসায়ীরা সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন। তারা জানিয়েছেন, আগের মৌসুমেই প্রতি শ কাঁঠাল বিক্রি হয়েছে ৮ হাজার থেকে ১০ হাজার টাকায়। এবার তা বেড়ে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকায় দাঁড়িয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে গতকাল শনিবার শৈলকুপা হাটে কাঁঠাল কিনতে এসেছিলেন বাদল খান। তিনি প্রতিবছর কাঁঠালের মৌসুমে এখান থেকে কিনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় সরবরাহ করেন। আগের মৌসুমে যে মানের প্রতি শ কাঁঠাল ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় কিনেছেন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকায়। তাঁর ভাষ্য, এবার বাজারে কাঁঠালের সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ফলে দাম বেড়ে গেছে।
পায়রা বন্দর থেকে আসা ব্যাপারী হেলাল গাজী বলেন, এবার কাঁঠালের দাম অনেক বেশি। গত মৌসুমে যে দর ছিল ৮ হাজার থেকে ১০ হাজার টাকা, এবার তা ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকায় কিনতে হচ্ছে।
শৈলকুপা হাটের ইজারাদার আরিফ শেখ জানান, পাইকারি বাজারে এবার কাঁঠালের সরবরাহ অর্ধেকেরও কম। ফলে দাম বেড়ে গেছে। অন্যবার মৌসুমে প্রতি হাটে ৮ থেকে ১০ ট্রাক কাঁঠাল নানা জেলায় গেছে। এবার তা নেমে এসেছে চার থেকে পাঁচ ট্রাকে। প্রচণ্ড তাপদাহে অপরিপক্ব অবস্থায় অনেক কাঁঠাল ঝরে গেছে। এর প্রভাবে সরবরাহ কমে এসেছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মারফোত হোসেন জানান, শৈলকুপার প্রতি বাড়িতেই কাঁঠালের চারা রোপণের ঐতিহ্য রয়েছে। উপজেলার ১২০ হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয় বলে তাঁর ধারণা।











































