Home খেলাধুলা পাওয়ার প্লেতে লিটনকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩

পাওয়ার প্লেতে লিটনকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩

32


স্পোর্টস ডেস্ক

ভারতের দেওয়ার ১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী করেছিল বাংলাদেশ। ৪.৩ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৫ রানও তুলে ফেলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। তবে লিটন দাস ভালো সম্ভাবনা দেখিয়েও বিদায় নেন। হার্দিক পান্ডিয়ার বলে তুলে মারতে গিয়ে সূর্যকুমার যাদবকে ক্যাচ দেন তিনি। ১০ বলে একটি চার ও ছক্কায় ১৩ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে বাংলাদেশ।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সুপার এইটে আসরের ৪৭তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে।

গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠলেও প্রথম ম্যাচে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি টাইগারদের। আজ টিকে থাকার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

আজ শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়।

ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলি ঝড় তোলেন। ৩.৪ ওভারে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। অবশেষে এই ঝড় থামান সাকিব আল হাসান। চতুর্থ ওভারে এই তারকার বল তুলে মারতে গিয়ে জাকের আলীর কাছে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। রোহিত ১১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেছেন।

রোহিত আউট হলেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। তবে বিশ্বসেরা তারকার ইনিংস খুব বেশি বড় হতে দেননি তানজিম হাসান সাকিব। দলীয় নবম ওভারে তানজিমের বলে সরাসরি বোল্ড হন ২৮ বলে ৩টি ছক্কা ও একটি হারে ৩৭ রান করা কোহলি। একই ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবকে উইকিটকিপার লিটন দাসের ক্যাচে ফেরান এই পেসার।

বেশ খরুচে রিশাদ হোসেন ঋশভ পন্থকে মাঠ ছাড়া করান। ২৪ বলে ৩৬ রান করা এই ব্যাটার রিভার্স সুইপ খেলতে গিয়ে তানজিমকে ক্যাচ দেন। পন্থ ৪টি চার ও ২টি ছক্কা ইনিংস সাজান। এরপর এই স্পিনার শিবম দুবেকেও ফিরিয়েছেন। ২৪ বলে ৩টি ছক্কায় ৩৪ করা এই ব্যাটারকে বোল্ড করেন রিশাদ।

বাংলাদেশ নিয়মিত উইকেট নিলেও ভারতের রানের চাকা ঠিকই সচল ছিল। শেষ দিকে ব্যাটিংয়ে নামা হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট পান তানজিম ও রিশাদ।

এর আগে বাংলাদেশ সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছিল। তবে ভারত আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয় নিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদের জায়গায় ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত ভারত একাদশ: ভারত একাদশ বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ।