ঢাকা অফিস
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন সরকারি দল আওয়ামী লীগসহ সংসদ সদস্যরা। শনিবার সংসদের বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ সমালোচনা করেন জাহিদ মালেক ও প্রাণ গোপাল দত্ত। একই সঙ্গে বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি নুরুন নাহার বেগম বলেন, কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে অনেক অপরাধী দেশের বাইরে টাকা পাঠানোর পাশাপাশি দেশে কালো টাকা সাদা করতে পারবে।
এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের এমপি প্রাণ গোপাল দত্ত বলেন, কালো টাকা সাদা করার এই সুযোগ বৈধ করদাতাদের কর প্রদানে অনীহা তৈরি করবে। বাজেটে সাদা ও কালো টাকা নিয়ে কথা হয়েছে। একজন করদাতার ৩০ লাখ টাকা থাকলে ৩০ শতাংশের বেশি কর দিতে হচ্ছে। কিন্তু যিনি গত বছর টাকা দেখাননি, ১৫ শতাংশ কর দিয়ে সেই অপ্রদর্শিত আয়কে বৈধ করে নিচ্ছেন। এতে করে সঠিক করদাতারা কর দিতে অনিচ্ছা পোষণ করবেন।
তিনি বলেন, সবসময় কালো ও সাদা টাকা নিয়ে কথা বলা হয়। কিন্তু ইনফরমাল গ্রে মানি (কর ফাঁকি সম্পর্কিত) অনানুষ্ঠানিক অর্থনীতি যার ট্যাক্স দেওয়া হয় না। যাকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় না। সেটা নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কিছু বলেননি। গ্রে মানি অপ্রদর্শিত আয়ের চেয়েও অনেক খারাপ। একে সংকুচিত না করা হলে অর্থ পাচার বন্ধ করা যাবে না।
আলোচনায় অংশ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কালো টাকার মালিক হচ্ছে অভিজাতরা। কোটি কোটি কৃষক কালো টাকার মালিক না, যারা শিল্প-কলকারখানা তৈরি করে তারা কালো টাকা তৈরি করে না। প্রবাসীরা কালো টাকার মালিক না, অভিজাতরাই কালো টাকা তৈরি করে। কালো টাকার বিষয়ে নজর দিতে হবে।
মানিকগঞ্জ-১ আসনের এই এমপি বলেন, কালো টাকার ওপর অনেক কথা বলা হচ্ছে। আমরা এটা চাই না। যে টাকা বিদেশে চলে গেছে তা যদি আনা যেত, তাহলে দেশের অর্থনীতি ভালো হতো। অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হতো। কালো টাকা কমাতে হলে দুর্নীতি কমাতে হবে, ট্যাক্স কমাতে হবে। তবেই কালো টাকা জন্ম নেবে না। কালো টাকার জন্ম না নিলে টাকা পাচারও হবে না।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র এমপি মঈন উদ্দিন বলেন, কতিপয় দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ীর জন্য বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কানাডার বেগম পাড়ায়, আবুধাবি, মালয়েশিয়াতে হাজার হাজার সম্পদের পাহাড় গড়েছেন। বৈধ রেমিট্যান্সের মাধ্যমে যাতে এ টাকা ফেরত আসে, সেই উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।
যশোর-৬ আসনের স্বতন্ত্র এমপি আজিজুল ইসলাম বলেন, সরকার যদি টাকা পাচার, হুন্ডি ও বেটিং সাইট বন্ধ করে দিতে পারে, তাহলে ছয় মাস নয়, তিন মাসের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দেশে নামে-বেনামে অনেক বেটিং সাইট আছে, নিম্ন আয়ের মানুষও তাদের অর্থ খোয়াচ্ছে। দেশের হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে অর্থনীতি। এতে নষ্ট হচ্ছে মানুষের সুখের সংসার, যার পেছনে আছে জুয়া। সবকিছু আমাদের চোখের সামনে হচ্ছে। অনলাইন বেটিং সাইট বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা দেশের ইতিহাসে একটি যুগান্তকারী জনকল্যাণমুখী পদক্ষেপ, যা সব নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে। এই ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার পঞ্চম স্কিম হিসেবে ‘প্রত্যয়’ ঘোষণা করেছে। সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী যারা আগামী ১ জুলাই যোগ দেবেন, তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনার জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাস্তবতা হচ্ছে কালো টাকা আমাদের মার্কেটে আছে। এ টাকা কীভাবে ব্যবহার করবেন, সেই উপায় কেউ বাতলায় না, সমালোচনা করে। দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সমালোচনা করে বলছেন, এতে নাকি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তিনি বলেন না ২০০৬ সালে তাঁর নেত্রী খালেদা জিয়া ৫ শতাংশ কর দিয়ে ১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা সাদা করেছেন– এটা বলেন না, এটা তাদের মনে থাকে না।











































