স্পোর্টস ডেস্ক
ভুলে যাওয়ার মতো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। সুপার এইটে ওঠার আগেই নিশ্চিত হয়েছে বিদায়।
ব্যর্থ টুর্নামেন্ট শেষে গতকাল সোমবার দেশের পথ ধরেছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই হয়ে আগামীকাল দেশে পৌঁছানোর কথা দলটির। তবে অধিনায়ক বাবর আজমসহ ৬ খেলোয়াড় দলের বাকিদের সঙ্গে পাকিস্তানে ফিরছেন না।
এখনই দেশে না ফেরা ক্রিকেটাররা হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান ও আজম খান। পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাবেন তাই থেকে গেছেন তারা। এসব ক্রিকেটারদের মধ্যে কয়েকজন ছুটি কাটাতে যাবেন ইংল্যান্ডের লন্ডনে। সেখানে গিয়ে কয়েকজন দেশটির লিগেও অংশগ্রহণ করবেন।
এদিকে, দলটির প্রধান কোচ গ্যারি কারস্টেন (দক্ষিণ আফ্রিকা) ও সহকারী কোচ আজহার মাহমুদ (ইংল্যান্ড) তাদের বাড়ির পথ ধরবেন বলে জানা গেছে ‘ক্রিকেট পাকিস্তান’-এর প্রতিবেদনে। সহসাই কোনো খেলা নেই, তাই কোচিং স্টাফের সদস্যরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি নিয়ে নিজ দেশে ফিরছেন।
পাকিস্তান দলের পরবর্তী সিরিজ আগামী আগস্টে। ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে দলটি। এরপর অক্টোবরে পাকিস্তানে যাওয়ার কথা আছে ইংল্যান্ড টেস্ট দলের।











































