Home আঞ্চলিক খুলনার এক হাটেই কুরবানির পশু বিক্রি ৩৩ কোটি টাকা

খুলনার এক হাটেই কুরবানির পশু বিক্রি ৩৩ কোটি টাকা

27


স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর জোড়াগেট এলাকার কুরবানির পশুর হাটে এ পর্যন্ত প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের কুরবানির পশু বিক্রি হয়েছে। বেচাকেনা চলবে সোমবার ঈদের নামাজের আগ পর্যন্ত। রোববার (১৬ জুন) বিকেলে এই হাটে ছিল ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়।


খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গত ১০ জুন নগরীর জোড়াগেট এলাকায় কুরবানির পশুর হাট শুরু হয়। রোববার বিকেল সাড়ে ৪টায় হাটের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এ পর্যন্ত ২ হাজার ৮৭৪টি গরু, ১ হাজার ১৮৫টি ছাগল, ৬৩টি ভেড়া ও ১টি মহিষ বিক্রি হয়েছে। যার মূল্য ৩২ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ২৫০ টাকা। এ থেকে সিটি করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬২ টাকা।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, রোববার সারারাত আরও অনেক গরু-ছাগল বিক্রি হবে। এই হাটের নিরাপত্তায় র‌্যাব ও পুলিশ দায়িত্ব পালন করছে। রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এছাড়া রয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন, মানুষ ও কুরবানির পশুর চিকিৎসায় আলাদা দুটি মেডিকেল টিম। এটি নগরীর সবচেয়ে বড় কুরবানির পশুর হাট।

কয়েকজন ক্রেতা বলেন, এবার গরু-ছাগলের দাম চড়া। তাছাড়া গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে মানুষের আয় বাড়েনি। এজন্য কুরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে শেষ সময়ে হাট জমজমাট হয়ে উঠেছে। হাটে বড় গরুর সরবরাহ বেশি, কিন্তু বেশিরভাগ ক্রেতার চাহিদা ছোট ও মাঝারি সাইজের গরু। তবে ছোট ও মাঝারি সাইজের গরু যে নেই, তা নয়।

নগরীর দোলখোলা এলাকা থেকে গরু কিনতে আসা ইয়াকুব হোসেন বলেন, গতবারের তুলনায় দাম অনেক বেশি চাইছে। কিন্তু কী আর করার আছে, কুরবানি তো দিতেই হবে। দেখি দামদর করে একটা কিনে নিয়ে যাবো।

হাট ঘুরে দেখা গেছে, হাটে আনা হয়েছে শত শত গরু। প্রতি ঘণ্টায় খুলনার পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ট্রাক ও ট্রলার ভর্তি গরু আসছে। ক্রেতা সমাগমও বেড়েছে। গতবছরের তুলনায় চড়া দামে গরু ও ছাগল বিক্রি করে হাসি ফুটেছে খামারি ও ব্যবসায়ীদের মুখে।


নগরীর খালিশপুর থেকে গরু কিনতে আসা খলিলুর রহমান জানান, হাটে অনেক গরু আছে, তবে দাম বেশি। ৭০-৮০ হাজার টাকার নিচে কোনো গরু নেই। যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, খুলনায় এ বছর কুরবানির পশুর চাহিদা ১ লাখ ৩৪ হাজার ৪৪৩টি। কোরবানির উপযোগী পশু আছে ১ লাখ ৫৬ হাজার ২৭৮টি। কুরবানির পশু উদ্বৃত্ত আছে।