Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলবেন না বোল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলবেন না বোল্ট

26


স্পোর্টস ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো পারফর্ম করেছে নিউজিল্যান্ড। গ্রুপপর্বের ম্যাচ খেলার আগেই টুর্নামেন্ট থেকে নিশ্চিত হয়েছে বিদায়। এরই মধ্যে পরবর্তীতে আর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিলেন দলটির অন্যতম পেসার ট্রেন্ট বোল্ট। এটিই হতে যাচ্ছে ছোট সংস্করণে বাঁহাতি এই পেসারের শেষ টুর্নামেন্ট।

২০১১ সালে অভিষেক হওয়ার পর নিউজিল্যান্ডের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য বোল্ট। তিন সংস্করণের একাধিক ফাইনালে খেলেছেন এই পেসার। যদিও কোনো টুর্নামেন্টেই শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত খেলেছেন চার আসরে।

উগান্ডাকে ৯ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডের এই পেসার প্রেস কনফারেন্সে বলেছেন, ‘আমার কথাই বলছি, এটাই হবে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটিই আমার বলার ছিল।’

২০২২ সাল থেকেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রাখছেন বোল্ট। মূলত, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। কিউইদের জার্সিতে তাকে আর দেখা যাবে কি না সেটি তাই অনিশ্চিতই রইল।

উগান্ডার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটিই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের শেষ ম্যাচ।