ঢাকা অফিস
ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকা তৈরি ও মজুত করছিল চক্রটির মূল হোতা জাকির হোসেন ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার কোরবানি পশুহাট ও শপিংমলে কেনাকাটায় এসব জাল নোট ছড়ানোর লক্ষ্য ছিল চক্রটির। লক্ষ্য পূরণের আগেই জাকিরসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সকালে রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় সোয়া এক কোটি টাকার জাল নোট ও এসব তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার অন্য চারজন হলেন– লিমা আক্তার লিনা, সাজেদা আক্তার, রোমানা ইসলাম ও মমতাজ বেগম।
ডিবির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, দনিয়া ও কদমতলীতে দুটি বাড়িতে জাল নোট তৈরি করত চক্রটি। শনিবার সকাল ৯টায় জাল নোট তৈরির এসব কারখানায় অভিযান চালানো হয়। জাল নোট ছাড়াও প্রায় তিন কোটি টাকা মূল্যের জাল নোট তেরি করার মতো বিশেষ কাপড়, কাগজ, বিশেষ ধরনের কালিসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি বলছে, গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছ থেকে অনলাইনে জাল নোটের অর্ডার নিতো জাকির। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোট পাঠিয়ে দিতো। জাকির ডিবিতে ছয়বার, লিমা আক্তার রিনা দুইবার গ্রেপ্তার হয়েছিল। আর রুমানা গ্রেপ্তার হয়েছিল ইয়াবা ও আইস নিয়ে। কারাগারে জাল টাকার এই কারবারিদের সঙ্গে পরিচয় হয় রুমানার। পরে বেরিয়ে তিনিও এই কারবারে যুক্ত হন।
ডিবি জানায়, কম্পিউটারে গ্রাফিক্স ও ফটোশপের মধ্যমে জাল নোটে নিরাপত্তা সুতা, ওয়াটার মার্ক ও কালার শিফটিং কোয়ালিটিতে হাত পাকিয়েছে জাকির। তার পুরো নাম লিয়াকত হোসেন জাকির। তার সহযোগী কিংবা কোনো জাল নোট তৈরির কারখানার লোকজন ধরা পড়লে তিনি বিভিন্ন মাজারে গা ঢাকা দিতো। মাজারে থাকা কচ্ছপ ও মাছকে খাওয়াত, এ কারণে মাজার জাকির নামেও পরিচিত তিনি। জাকির দেশের বিভিন্ন এলাকার জাল নোট তৈরির ছোট ছোট কারখানার হোতাদের প্রশিক্ষণ দিতো।
ডিবি আরও জানায়, প্রায় ২৫ বছর ধরে জাকির জাল নোট বিক্রি করে আসছে। জাল রুপিও তৈরি করে। ২০১২ সালের আগ পর্যন্ত পাঁচশ ও এক হাজার টাকার জাল নোট তৈরি করত। তবে বড় নোট সাধারণ মানুষ বেশ যাচাই করে নিয়ে থাকে। এতে ধরা পড়ে যাওয়ার শঙ্কা থাকে। জনসাধারণের সন্দেহ এড়াতে বর্তমানে বড় নোটের পাশাপাশি একশ ও দুইশ টাকার নোট জাল করে। ২০২০, ২০১৮ ও ২০১৩ সালের তিনবার জাল নোটসহ জাকির ধরা পড়লেও জালিয়াতি পেশা ছাড়েনি। বরং ঢাকা ও আশপাশ এলাকা থেকে ধরা পড়ার কারণে গ্রেপ্তার এড়াতে সাম্প্রতিক বছরগুলোতে বাগেরহাট ও খুলনা এলাকায় বিলাসবহুল বাসা ভাড়া জাল টাকা তৈরি করত। বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করে নজরদারি করে। তবে দেশের অন্যান্য জেলা থেকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের খুলনা বা বাগেরহাটে গিয়ে জাল নোট সংগ্রহ করতে ঝুঁকিপূর্ণ মনে হতো, যে কারণে দনিয়ায় লিমা আক্তার রিনার দনিয়ার বাসায় অস্থায়ী কারখানা গড়ে তোলেন। লিমা তার পাইকারি ক্রেতা ও সহযোগী।
ডিবি আরও জানিয়েছে, বর্তমান বাজারে কাগজসহ জাল নোট তৈরির সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় জাকির প্রতিটি এক হাজার টাকার একশ নোটের এক বান্ডিল ১৮-২০ হাজার টাকায় বিক্রি করত। গত এক যুগে কখনও তিনি খুচরা বিক্রি করেননি। নারী-পুরুষ মিলে তার অন্তত ২০ জন কর্মচারী আছে, যারা তার জাল নোট তৈরিতে সহায়তা করে। মাসে তাদের দুই থেকে আড়াই লাখ টাকা বেতন দেওয়া হতো।











































