পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।।
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন আজ ৯জুন শুরু হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জম। এবার ও এ উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট হবে । ভোট যুদ্ধে চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু,চিংড়ি মাছ প্রতিক নিয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, দোয়াত কলম প্রতিক নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ, আনারস প্রতিক নিয়ে আ’লীগ নেতা কৃষ্ণ পদ মন্ডল,কাপ পিরিচ প্রতিক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা এ্যাড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমান রানা ও হেলিকপ্টার প্রতিক নিয়ে আসাদুল বিশ্বাস নির্বাচনে অংশ গ্রহন করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মাঠে আছেন তালা প্রতিক নিয়ে বর্তমান ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,মাইক প্রতিক নিয়ে মোঃ সিরাজুল ইসলাম, টিয়া পাখি প্রতিক নিয়ে বজলুর রহমান,পালকি প্রতিক নিয়ে স ম আব্দুল ওয়াহাব বাবলু, উড়োজাহাজ প্রতিক নিয়ে সুকুমার চন্দ্র ঢালী, চশমা প্রতিক নিয়ে এস এম হাবিবুর রহমান মুছা, আইসক্রীম প্রতিক নিয়ে মিলন মোহন মন্ডল,টিউবওয়েল প্রতিক নিয়ে ফরহাদ হোসেন ফয়সাল ও বই প্রতিক নিয়ে বাবুল শরীফ। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম-ফুল), অনিতা রানী মন্ডল (ফুটবল), ইয়াসমিন বুসরা (কলস) ও ময়না খাতুন (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৩৮জন। যার মধ্যে পুরুষ ১লাখ ১৬ হাজার ৮৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ১লাখ ১৫ হাজার ৬৭ জন।
মোট ভোট কেন্দ্র ৯৭টি ও বুথের সংখ্যা রেয়েছে ৬শ ৩০টি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য র্যাব, বিজিবি, পুলিশ ও আনছার ভিডিপি’র মোট ১৫শতাধিক সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।











































