ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দু’জন আওয়ামী লীগের। তবে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সঙ্গে বিএনপির বহিষ্কৃত নেতা মুনিমুর রহমান নয়নের। ভোটার ও প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা বলে এ আভাস পাওয়া গেছে।
বিএনপির একাংশ নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করলেও আরেক অংশ জামায়াতকে সঙ্গে নিয়ে মুনিমুর রহমানের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগ থেকে দু’জন প্রার্থী হওয়ায় অনায়াসে তাদের ভোট মুনিমুর রহমান কেটে নিতে পারেন বলে নাম প্রকাশ না করার শর্তে দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক বলেন, বিএনপি ভোট বর্জন করেছে। এর পরও স্থানীয় তিন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের বহিষ্কার করা হয়েছে।
ডুমুরিয়ায় কাল রোববার যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ (ঘোড়া), জেলা ছাত্রদলের সহসভাপতি মুনিমুর রহমান নয়ন (আনারস) এবং জেলা আওয়ামী লীগের সদস্য আজগর আলী বিশ্বাস (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য গাজী আব্দুল হালিম (টিয়াপাখি), সমাজসেবক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় (টিউবওয়েল), উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ কুমার ঘোষ (তালা) ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান শাহিন (চশমা) ভোটের মাঠে আছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শারমীনা পারভিন (কলস), উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শীলা রানী মণ্ডল (ফুটবল), সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য শোভারানী হালদার (প্রজাপতি) ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান গাজী এজাজের পক্ষে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে সম্প্রতি নারীঘটিত বিষয়ে তাঁর কেলেঙ্কারি ঘটনায় ভোটের মাঠে কিছুটা প্রভাব পড়েছে।
জমি ব্যবসায়ী আজগর আলী বিশ্বাস বহিরাগত। তাঁর বিরুদ্ধে ভূমিদস্যুতারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের এ দুই প্রার্থী একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গারে মেতেছেন। এ সুযোগ কাজে লাগাচ্ছেন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকট মো. মুনিমুর রহমান নয়ন। এ ছাড়া এলাকায় তাঁর গ্রহণযোগ্যতাও রয়েছে।
কথা হলে গাজী এজাজ আহমেদ বলেন, আজগর আলী বিশ্বাস ডুমুরিয়ায় স্থানীয় নন। সম্প্রতি এলাকার ভোটার হয়েই নির্বাচনে অংশ নিয়েছেন। শত শত মোটরসাইকেল নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। খুলনা শহর থেকে অপরিচিত লোকজন এনে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আজগর আলী। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, যারা অভিযোগ করেছেন তারা নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়মে জড়িত। সবাই তা জানে। ভোটের মাঠে এলাকাবাসী এর জবাব দেবেন বলে বিশ্বাস এ প্রার্থীর।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মুহাম্মাদ আল-আমিন বলেন, কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ নেই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।











































