Home খেলাধুলা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিয়ে আইসিসির সতর্কতা

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিয়ে আইসিসির সতর্কতা

37


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত ২ জুন থেকে। তবে এখনো ম্যাচ খেলতে নামেনি বাংলাদেশ দল। আগামীকাল ভোরে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ খেলবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও গতকালের পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচসহ মোট তিনটি ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। এখানে রানও মন্দ ওঠেনি। তবে বেশি সমালোচনা নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউইয়র্কেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১০ জুন রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে একাধিক লো স্কোরিং ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শ্রীলংকা ১৯.১ ওভারে অলআউট হয়েছে ৭৭ রানে। এই রান পার করতেই প্রোটিয়াদের খেলতে হয়েছে ৯৮ বল।

নাসাউয়ের এই পিচকে ‘জঘন্য’ বলে সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও দুষেছেন পিচকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি পেলেও হাতে ব্যাথা পেয়েছেন ভারতের রোহিত শর্মা। উইকেটে হঠাৎ বাউন্স, বল ধীর হয়ে আসা ছিল নিয়মিত ঘটনা।

ঘটনা এতদূর গড়ানোর পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসি বুঝতে পেরেছে, আমরা সবাই যেভাবে আশা করেছিলাম, নাসাউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম ছিল না। গতকালের (বুধবার) ম্যাচের পর বিশ্বমানের মাঠকর্মীরা কঠোর পরিশ্রম করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পরের ম্যাচগুলোর জন্য যাতে সেরা উইকেট দেওয়া যায়।’