কুষ্টিয়া প্রতিনিধি।।
নিয়োগ ও বেতন বাণিজ্য করে এরইমধ্যে বিলাসবহুল চারটি বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। কলেজে নিয়োগ পাওয়া অনার্স শাখার শিক্ষকদের তৃতীয় ও দ্বিতীয় শিক্ষক নিয়োগ দেখিয়ে অবৈধ পন্থায় বেতন করে হাতিয়ে নিয়েছেন পাঁচ কোটি টাকারও বেশি। এমন নিয়োগ বাণিজ্যের কথা নিয়ে দৌলতপুরজুড়ে চলছে নানা সমালোচনা।
শিক্ষক এবং কর্মচারী নিয়োগ, কলেজ সরকারি করার নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অংকের অর্থ হাতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমতাবস্থায় ঐ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহল ও ঐ কলেজের ভুক্তভোগী এক প্রদর্শকের।
দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দৌলতপুরের সাবেক এমপি সরওয়ার জাহান বাদশাহর আস্থাভাজন হওয়ায় অবাধে অবৈধ নিয়োগ ও বেতন বাণিজ্যের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কলেজের কেউ বা কোনো শিক্ষক এমন অনিয়মের প্রতিবাদ করলে বা জানতে চাইলে তাকে শোকজসহ বিভিন্নভাবে নাজেহাল ও হত্যার হুমকি দিয়ে থাকেন আওয়ামী লীগ নেতা সুমন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দৌলতপুর কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলমের দেওয়া পোস্ট ও তার দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, দৌলতপুর কলেজের বিভিন্ন বিভাগে অনার্স শিক্ষক হিসেবে নিয়োগ নেয়া ১২ জন ও জাল নিবন্ধন সনদে তৃতীয় শিক্ষক হিসেবে একজনসহ মোট ১৩ জনকে প্যাটার্ন বহির্ভূতভাবে ডিগ্রি পর্যায়ে তৃতীয় ও দ্বিতীয় শিক্ষক হিসেবে ভুয়া নিয়োগ দেখিয়ে ২০২৩ সালে প্রায় আড়াই কোটি টাকার নিয়োগ ও বেতন বাণিজ্য করেছেন অধ্যক্ষ সুমন। অনার্স শাখায় নিয়োগ পাওয়া ঐসব শিক্ষকের তথ্য গোপন করে দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জাল ও স্ক্যান করে অনলাইনে সংশ্লিষ্ট দফতরে ভুয়া তথ্য প্রেরণ করে তাদের ডিগ্রি পর্যায়ে তৃতীয় ও দ্বিতীয় শিক্ষকের বেতন করানো হয়।
দৌলতপুর কলেজকে সরকারি করা হবে বলে কলেজের সব শিক্ষক-কর্মচারীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা জোরপূর্বক আদায় করে সব অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ- এমন অভিযোগ কলেজের শিক্ষকদের কাছ থেকে পাওয়া গেছে।
জানা গেছে, সিইডিপির (কলেজ অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) আওতায় দৌলতপুর কলেজে চার কোটি টাকা বরাদ্দ হলে দরপত্রের মাধ্যমে বেনামে কাজ নিয়ে সেসব কাজও নিম্নমানের করে সেখান থেকেও বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন ঐ অধ্যক্ষ। আর কলেজ থেকে হাতিয়ে নেয়া কোটি কোটি টাকা দিয়ে দৌলতপুর মাস্টারপাড়ায় লিফটযুক্ত বিলাসবহুল দুটি ৭তলা ভবন, কলেজ সংলগ্ন মাঠে খামারসহ প্রায় ২০ বিঘা জমি, কুষ্টিয়ায় পরিমল টাওয়ার সংলগ্ন বাটা ভবনসহ শহরে আরো দুটি বাড়ি রয়েছে তার। ঢাকাতেও প্লট কিনেছেন এমন তথ্য এলাকায় লোকমুখে প্রচার রয়েছে।
এছাড়া তিনি কলেজের অধ্যক্ষ হয়ে খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালগ্রাম ডিগ্রি কলেজের সভাপতি হয়ে ঐসব প্রতিষ্ঠানেও একই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের দুর্নীতির বিষয়ে দৌলতপুর কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলম বলেন, ২০১৭ সালের ৫ জুন থেকে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজে শিক্ষক নিয়োগ বন্ধ রেখেছে। অথচ এরপরের বছরগুলোতেও অনিয়মের মাধ্যমে ১১ জন শিক্ষকের বেতন-ভাতা কিভাবে হয়েছে, তা তদন্ত করলেই অনিয়ম-দুর্নীতি বেরিয়ে আসবে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে বিভিন্ন বিভাগে শূন্য হওয়া তৃতীয় শিক্ষক পদে অনার্স শাখায় নিয়োগ পাওয়া আরো ৭ জন শিক্ষককে তৃতীয় শিক্ষক হিসেবে অবৈধ ও ভুয়া নিয়োগ দেখিয়ে তাদের কাছ থেকে জনপ্রতি ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ সুমন। অনার্স শাখার ঐ ৭ জন শিক্ষকের কাছ থেকে তৃতীয় শিক্ষক হিসেবে বেতন করানো বাবদ ১ কোটি ৪৪ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন তিনি।
কলেজে তৃতীয় শিক্ষক নিয়োগের নীতিমালা ও শর্তাবলী না মেনে সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে কলেজ ছুটি থাকাকালীন সময়ে তিনি এসব অবৈধ নিয়োগ ও অর্থবাণিজ্য করেছেন। অনার্স শাখায় নিয়োগ পাওয়া যেসব শিক্ষকদের অবৈধ ও জাল স্বাক্ষরে ভুয়া নিয়োগ দেখিয়ে ৪ কোটি টাকারও বেশি নিয়োগ বাণিজ্য করেছেন তাদের মধ্যে রয়েছেন ইতিহাস বিভাগের কবিরুল ইসলাম। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনের মৃত্যুর পর তার স্থলে স্থলাভিষিক্ত করে অবৈধ পন্থায় প্রায় ৩০ লাখ টাকা নিয়ে কবিরুল ইসলামের বেতন করিয়েছেন অধ্যক্ষ সুমন।
এছাড়াও হিসাববিজ্ঞান বিভাগের আবুল কালাম আজাদ ও তরুন হোসেন লাল্টু, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে মির্জা আসলাম, মমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এইচ এম ইকবাল (হাবিব), জীববিজ্ঞান বিভাগের মিজানুর রহমান জুয়েল, ভূগোল বিভাগের শাহাজুল ইসলাম, গণিত বিভাগের আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের সাহেব আলী, সহকারী লাইব্রেরিয়ান মোমেনুর রহমান মোহন, বাংলা বিভাগের ফারজানা ববি লিনা এবং ইংরেজি বিভাগে জাল নিবন্ধন সনদে তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগ নেন রাশেদুজ্জামান রাসেল।
এদিকে, সদ্য অবৈধ নিয়োগ ও বেতন বাণিজ্যের তালিকায় যাদের নাম তৃতীয় শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- অর্থনীতি বিভাগের গোলাম মোর্শেদ, ব্যবস্থানা বিভাগের রঞ্জু আহমেদ, বাংলা বিভাগের হালিমা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মনিরা খাতুন, ইংরেজি বিভাগের কামরুন্নাহার কেমি, ইসলামের ইতিহাস বিভাগের রাবেয়া খাতুন, গণিত বিভাগের অচেনা শিক্ষকসহ বিভিন্ন বিভাগের ৭ জন শিক্ষক।
তারা সবাই অনার্স শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে অনার্স ও মাস্টার্স শাখায় কর্মরত আছেন। তৃতীয় শিক্ষক নীতিমালা না মেনে এদের তৃতীয় শিক্ষক হিসেবে অবৈধ নিয়োগ বাণিজ্য ও জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের নাম সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছেন।
শুধু তাই নয়, দৌলতপুর কলেজে প্রতি বিভাগে একজন করে পিওন ও অফিস সহকারী নিয়োগ দিয়ে তাদের কাছ থেকেও প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহর মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রাশিদুল আলমকে দিয়ে দৌলতপুর কলেজকে সরকারি করা হবে বলে কলেজের সব শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা জোরপূর্বক আদায় করে তা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ সুমন- এমন অভিযোগ কলেজের শিক্ষকদের কাছ থেকে পাওয়া গেছে।
অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে জহুরুলরা অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের পর থেকে কলেজে কোনো শিক্ষক নিয়োগ নেই। নতুন শিক্ষক নিয়োগে ডিজির ও বোর্ডের প্রতিনিধি লাগে। সেখানে আমি একা শিক্ষক নিয়োগ দেবো কীভাবে?
দৌলতপুর কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতের বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু বলেন, আমি কোনো অবৈধ টাকা পয়সা খাই না, কলেজে কোনো নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কি-না সে বিষয়ে আমি কিছুই জানি না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
এসব দুর্নীতির ঘটনা সরেজমিনে তদন্ত করলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঐসব শিক্ষকদের অনার্স শাখার তালিকা দেখলেই আসল রহস্য উদঘাটিত হবে বলে সচেত মহল জানিয়েছেন।











































