Home খেলাধুলা আপাতত গ্রুপ অনুশীলন শুরুর পরিকল্পনা নেই বিসিবির

আপাতত গ্রুপ অনুশীলন শুরুর পরিকল্পনা নেই বিসিবির

17

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দেশের ৫টি ভেন্যুতে একক অনুশীলনের সুযোগ পেয়েছিল জাতীয় ক্রিকেট দলের বেশ কিছু ক্রিকেটার। তবে চাইলে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
নাদিফ চৌধুরী, ইলিয়াস সানি, শামসুর রহমান শুভ’র মত ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তারা জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন। এমন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন নিজেদের মতো করে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান বলেন, এ ধরনের খেলোয়াড়রা ইচ্ছা করলে মুশফিকুর রহিমদের মত একক অনুশীলনের সুযোগ নিতে পারেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘যাদের আগ্রহ আছে তারা আমাদের কাছে আবেদন করতে পারেন। বিসিবি অবশ্যই তাদের জন্য অনুশীলনের ব্যবস্থা করে দেবে।’ তবে এই মুহূর্তেই গ্রুপ অনুশীলনের পক্ষে নন আকরাম। এমনকি আগ্রহী খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেলে তাদের সবার জন্য একক অনুশীলনের ব্যবস্থা কারাটাও বিসিবির জন্য কঠিন হবে। বাইরের খেলোয়াড় ছাড়া জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছেন যারা ঈদ উল আজহার ছুটির পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও দেশের অন্যান্য স্টেডিয়ামে অনুশীলন করতে ঝাপিয়ে পড়তে পারেন। তাই এই সময় এসব ভেন্যুতে ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনে প্রথম দফার অনুশীলনের সুযোগ কাজে লাগিয়েছে জাতীয় দলের ১৪ জন ক্রিকেটার। খেলোয়াড়দের আউটডোর অনুশীলনেরর আগ্রহের কারণে বিসিবি ১৯ জুলাই ৯ জন খেলোয়াড় নিয়ে অনুশীলনের উদ্যোগ গ্রহণ করে। এসব খেলোয়াড়রা ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামের ভেন্যুতে একক অনুশীলন শুরু করেন। এরপর রাজশাহী ভেন্যুটিকেও অনুশীলনের জন্য খুলে দেয় বোর্ড। যেখানে অনুশীলন শুরু করেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান রানা তাদের অনুশীলনের জন্য বেছে নেন শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে। পরে তাদের সঙ্গী হন এনামুল হক বিজয়।
মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান অনুশীলন করেছেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ অনুশীলন করেছেন সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন নাঈম হাসান।

জানুয়ারিতেই ফিফার করোনা-অনুদান

ক্রীড়া প্রতিবেদক

নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত ২৫ জুন। তার ঠিক ৩৪ দিন পর ২৯ জুলাই বুধবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো করোনাভাইরাস-ত্রাণ পরিকল্পনা। ফিফার ব্যুরো অব কাউন্সিলে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সারা বিশ্বের ফুটবল সমাজ ও অধিভুক্ত সব জাতীয় অ্যাসোসিয়েশন সম্ভবত আগামী জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবে অনুদান। সব মিলিয়ে অনুদানের পরিমান ১.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ দেড়শো কোটি ডলার। প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন পাবে সমান এক মিলিয়ন, মানে ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে আট কোটি টাকা।
করোনাভাইরাস মহামারি হঠাৎই দুষ্টগ্রহের মতো পৃথিবীজুড়ে আছড়ে পড়তেই ফিফা বুঝে গিয়েছিল ফুটবল সংকটে পড়তে যাচ্ছে। চারমাস পর ফুটবলের বিশাল ক্ষতিটা ফুটবলের বিশ্ব সংস্থাটির সাদাচোখেই ধরা পড়েছে। শেষ পর্যন্ত একটা হিসাব-নিকাশ করে বিশাল আর্থিক প্রণোদনা নিয়ে তারা উপস্থিত ফুটবল সমাজের পাশে। ২১১টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিটির জন্য ১০ লাখ ডলার অনুদান তো আছেই, এর বাইরেও যেকোনও অ্যাসোসিয়েশন ফিফার কাছ থেকে বিনা সুদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে। ১০ লাখ ডলার অনুদানের অতিরিক্ত হিসেবে প্রতিটি সদস্য দেশের মেয়েদের ফুটবল উইং সর্বোচ্চ ৫ লাখ ডলার করে অনুদান পাবে। আর ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন অনুদান পাবে সমান ২০ লাখ ডলার করে। ফিফা এই করোনা-সহায়তা বাস্তবায়ন করবে তিনটি ধাপে।
ক্রীড়া বিশ্ব ফিফাকে ‘গৌরী সেন’ বলে জানে ও মানে। সবচেয়ে ধনী আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটির কোষাগারের অঢেল অর্থের ভাগ অ্যাসোসিয়েশনগুলো পায়। দু:সময়ে, সংকটেও ফিফা দুই হাত বাড়িয়ে এগিয়ে আসে। তবে অবশ্যই নিয়ম-নীতির বাইরে গিয়ে কোনও অনুদান বা সাহায্য পাওয়ার সুযোগ কারো নেই। এই করোনা-ত্রাণও ফিফা দিচ্ছে নির্দিষ্ট ছকে বাধা আবেদনের ভিত্তিতে। আবেদনপত্র নির্দেশিত অর্থ খরচ পকিল্পনার সমর্থনে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। সেটি গৃহীত হলেই অনুদান মিলবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বুধবার যেমনটি জানালেন, তাতে সবকিছু বুঝে আবেদন করতে সাত-আট দিন সময় লাগবে বাফুফের। তার মাধ্যমেই জানা গেছে ফিফার সাহায্যের আওতায় বাফুফে প্রথমেই ভাবছে সরাসরি সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী অর্থাৎ ফুটবলারদের কথা। জাতীয় ফুটবলার, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং সব জুনিয়র লিগের ফুটবলারদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে প্রতিটি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, কাবগুলোর দিকে। জাতীয় পর্যায়েরই হোক বা তৃণমূলের- কোচ ও রেফারি এবং অন্য সহায়ক স্টাফও বাফুফের ত্রাণ-পরিকল্পনার অংশ। তবে বাফুফের নীতিগত সিদ্ধান্ত হলো ফিফা থেকে কোনও ঋণ নেওয়া হবে না। সোহাগ জানিয়েছেন, ‘বিনা সুদে ঋণ নেওয়ার সুযোগ থাকলেও বাফুফে কখনোই ফিফার কাছ থেকে ঋণ নেওয়ার পক্ষপাতী নয়।’

শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

জুলাই-আগস্টের স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠাতে। তাই আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি।
দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিক দেশই ঠিক করে থাকে সিরিজের সূচি। সে কারণে বিসিবিকে অপেক্ষায় থাকতে হচ্ছে লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেছেন, ‘বিষয়টা হচ্ছে আমরা চাইলে তো আর হবে না, আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূল বিষয়টা হল তারা কখন চায়। তবে আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব সফরটা করার জন্য।’ করোনাভাইরাসের কারণে চারটি টেস্ট সিরিজ পিছিয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২৪ জুন। পিছিয়ে যাওয়া সব সিরিজের মধ্যে শেষেরটাই আলোর মুখ দেখতে যাচ্ছে আগে। সব ঠিক থাকলে এবছরই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বিসিবি মনে করছে যত দ্রুত টাইগাররা খেলায় ফিরবে ততই মঙ্গল।

বন্যার্তদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

ক্রীড়া প্রতিবেদক

বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এমন সময়ে অসহায় হয়ে পড়েছেন দেশের নিম্নাঞ্চলের মানুষ। থই থই পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বন্যাদুর্গতদের সাহায্যে এবার এগিয়ে এলো সাকিব আল হাসান ফাউন্ডেশন। বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
এই কঠিন সময়ে বন্যাদুর্গতদের সাহায্যে যেন সবাই এগিয়ে আসেন সেই আহ্বানও জানিয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। সাকিব ফেসবুক পেজে তার ফাউন্ডেশনের কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।

ফের হারল রোনালদোর জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পরেই যেনো নিজেদের কাজ শেষ মনে করছে ইউরোপিয়ান কাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচে ০-৪ গোল বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। একই দশা ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের।
লিগের দুই ম্যাচ হাতে রেখে টানা নবম শিরোপা নিশ্চিত করেছিল তুরিনের কাবটি। এরপর প্রথমবার মাঠে নেমেই তারা হেরে গেল ০-২ গোলের ব্যবধানে। তুলনামূলক দুর্বল কাগলিয়ারির মাঠে খেলতে গিয়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়াইনরা। উল্টো হজম করতে হয়েছে এক জোড়া। বুধবার রাতের ম্যাচটিতে সকল পরিসংখ্যানে এগিয়ে ছিল জুভেন্টাস। নব্বই মিনিটের ম্যাচে অন্তত ৩৩ বার গোলের লক্ষ্যে শট নিয়েছিলেন জুভেন্টাসের খেলোয়াড়রা। এর মধ্যে অন্তত ৯টি শট ছিল ঠিক লক্ষ্য বরাবর। কিন্তু একটিকেও গোল হতে দেননি কাগলিয়ারি গোলরক্ষক অ্যালেসিও ক্রাগনো।

বিপদ কেটে গেছে হারিস রউফের

ক্রীড়া প্রতিবেদক

পুরো দল যখন ইংল্যান্ডে অনুশীলন নিয়ে ব্যস্ত। তখন পাকিস্তানে করোনা পরীক্ষা নিয়েই পড়ে থাকতে হয়েছে পেসার হারিস রউফকে। অবশেষে দু’বার করোনা নেগেটিভ হওয়ার সুবাদে এখন আর ইংল্যান্ড যেতে বাধা নেই তার।
রউফ করোনা পজিটিভ হয়েছিলেন একমাসে আগে। এর পর ২০ জুলাই পর্যন্ত তাকে করোনা পরীক্ষার মাঝে যেতে হয়েছে আরও ৬বার! যার ৫টিতেই ছিলেন পজিটিভ! একটিতে নেগেটিভ এলেও সফরের নিয়ম অনুসারে দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হয়। ভাগ্য ভালো যে শেষ দিকে আর অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে এই সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে যাবেন এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের একই দল

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। যদিও হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে তিন ম্যাচের সিরিজ। ওই জয়ী দলটাকেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রেখেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), জ্যাক ক্রাউলি, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ইব্রার আরেকটি নতুন রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

যে বয়সে ফুটবলাররা সাধারণত বুটজোড়া তুলে রাখে সে বয়স পার করেও নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইতালিতে ফিরেই অনন্য এক রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ড।
সিরি’আ লিগের চলতি মৌসুমে সাম্পোদোরিয়ার মাঠে ৪-১ ব্যবধানে এসি মিলানের জয়ের রাতে জোড়া গোল করেছেন ইব্রা। সঙ্গে অ্যাসিস্ট করেছেন এক গোলেও। ম্যাচের ৪ ও ৫৮তম মিনিটে করা গোলে মিলানের জার্সিতে ইতালিয়ান শীর্ষ লিগে গোলের ফিফটি পূরণ করলেন ইব্রা। এর আগে ইন্টার মিলানের জার্সিতেও গোলের ফিফটি করেছেন তিনি। দুই মিলানের হয়ে পঞ্চাশোর্ধ্ব গোল করা একমাত্র খেলোয়াড় ইব্রা। ইব্রার রেকর্ডের রাতে বড় জয় পাওয়া মিলান লিগের চলতি মৌসুমের আগের ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে।

পিরলো ফিরছেন জুভেন্টাসে

ক্রীড়া প্রতিবেদক

ইতালি ভক্তদের জন্য সুখবর। দেশটির সাবেক ফুটবলার আন্দ্রে পিরলো ফিরছেন জুভেন্টাসে।২০১৭ সালে এ কাবে ক্যারিয়ার শেষ করেছিলেন ইতালির কিংবদন্তি। তিন বছর নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলার পর পিরলো ফিরছেন পুরোনো তাঁবুতে।
জুভেন্টাসের অনুর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন পিরলো। গোলডটকম এক প্রতিবেদনে পিরলো আগমণের খবর নিশ্চিত করেছে। বর্তমানে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে আছেন ফ্যাবিও পেচ্চিয়া। শিগগিরিই আনুষ্ঠানিক ঘোষণা করবে জুভেন্টাস। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত জুভেন্টাসে কাটিয়েছেন পিরলো। এ সময়ে কাবের হয়ে চারটি সিরি ‘এ’ লিগ এবং ২০১৪-১৫ মৌসুমে কোপা ইতালিয়া এবং ২০১২ ও ২০১৩ সালে সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন পিরলো। নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে ৬২ ম্যাচ খেলেছেন পিরলো। এ সময়ে গোল করেছেন মাত্র একটি। এছাড়া ইতালির জার্সিতে ১১৬ ম্যাচে ১৩ গোল করেছেন এ কিংবদন্তি।

ইব্রাহিমোভিচের জাদুতে অজেয় মিলান

ক্রীড়া প্রতিবেদক

আগামী অক্টোবরে ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু মাঠের লড়াইয়ে সেটা কি আর বোঝার উপায় আছে! বয়সটা যেন তার কাছে শুধুই সংখ্যা। চির সবুজ তারুণ্যকে আলিঙ্গন করা ইব্রা সেটাই প্রমাণ করে চলেছেন ফুটবল ময়দানের যুদ্ধে।
সাসুলোর বিপক্ষে দ্যুতি ছড়িয়ে ছিলেন ইব্রাহিমোভিচ। পরের ম্যাচে আটালান্টার বিপক্ষে বিরতি দিলেও বুধবার রাতে ফের ফুটবল জাদু দেখালেন সুইডিশ এই সুপারস্টার। পেলেন জোড়া গোলের দেখা। ইব্রার জোড়া গোলের সুবাদে সাম্পোদরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। সুবাদে লকডাউনের পর পুনরায় খেলা শুরু হওয়ার পর সেরি এ’তে অজেয়ই রয়ে গেল মিলান। সঙ্গে একটি রেকর্ডও গড়লেন ইব্রাহিমোভিচ। প্রথম ফুটবলার হিসেবে সান সিরোর দুই কাবের হয়েই ৫০ গোলের রেকর্ড গড়লেন তিনি। ২০০৬-০৯ সাল পর্যন্ত ইন্টার মিলানের হয়ে গোল করেন ৫৭টি। এসি মিলানে এখন তার গোল সংখ্যা ৫০। প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই সফরকারী মিলানকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। ৫৮তম মিনিটে পূর্ণ করেন জোড়া গোল। দলের হয়ে বাকি দুই গোল করেন হাকান কালহানোগ্লু ও রাফায়েল লিও। স্যাম্পোদরিয়ার হয়ে একটি গোল শোধ করেন ক্রিস্টোফার আসকিল্ডসেন। জিয়ানলুইগি ডননারুমা স্বাগতিক দলের ফুটবলার গনজালো মারোনির পেনাল্টি সেভ না করলে জয়ের ব্যবধান আরও কমে যেত।

ফিফা প্রধানের বিরুদ্ধে মামলা

ক্রীড়া প্রতিবেদক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া শুরু করেছেন এক বিশেষ সুইস প্রসিকিউটর। সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবেরের সঙ্গে ফিফা প্রধানের এক ‘গোপন বৈঠকের’ সঙ্গে মামলাটি সম্পর্কিত বলে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১৭ সালের জুনে বার্নের এক হোটেলে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন লাওবের। সেসময় তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল, এর কিছুই জানাননি তারা। এমনকি পরবর্তীতে দুজনই বলেন, তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল, তা নাকি কিছুই মনে নেই তাদের। ১৫ মাসের মধ্যে সেটি ছিল তাদের তৃতীয় বৈঠক। ইনফান্তিনো ও সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবেরের বিরুদ্ধে ‘বেআইনি কর্মকা-ের প্রমাণ থাকার’ অভিযোগ ওঠার পর তদন্ত করেন প্রসিকিউটর স্টেফান কেলার। গত সপ্তাহে পদত্যাগ করেছেন লাওবের। সম্প্রতি আদালতের পক্ষ থেকে বলা হয়, ফিফার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে চলা এক তদন্তে দায়িত্বরত কর্মকর্তার কাছে লাওবের তথ্য গোপন, মিথ্যে বলা এবং ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের বিষয় আড়াল করার চেষ্টা করেছেন। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

শীর্ষ ফুটবল ব্র্যান্ড রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক

মহামারি করোনার পর একেরপর এক চমক দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ মৌসুমের লা লিগা শিরোপা নিজেদের করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ‘ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল ২০২০’ এর এক গবেষণার বরাতে এমনটাই জানিয়েছে।
যদিও রিয়ালের ব্র্যান্ড মূল্য ১৩.৮ শতাংশ কমেছে। কিন্তু তারপরও ১.৪১৯ বিলিয়ন ইউরো ব্র্যান্ড মূল্য নিয়ে শীর্ষস্থান ঠিকই নিজেদের দখলে রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা। ধারণা করা হচ্ছে লা লিগার শিরোপা জেতার পর এখন রিয়ালের ব্র্যান্ড মূল্য ফের ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবস্থান দ্বিতীয়। মজার ব্যাপার এই করোনাকালেও বার্সার ব্র্যান্ড মূল্য বেড়েছে ১.৪ শতাংশ। কাতালান জায়ান্টদের বর্তমান ব্র্যান্ড মূল্য ১.৪১৩ বিলিয়ন ইউরো, যা রিয়ালের চেয়ে মাত্র ৬ মিলিয়ন ইউরো কম। তালিকার তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টদের ব্র্যান্ড মূল্য ১০.৭ শতাংশ কমে হয়েছে ১.৩১৪ বিলিয়ন ইউরো। তবে ব্র্যান্ড মূল্য বেড়েছে (৬ শতাংশ) চতুর্থ স্থানে থাকা লিভারপুলের। সদ্যই প্রিমিয়ার লিগের শিরোপা জেতা অল রেডসদের বর্তমান ব্র্যান্ড মূল্য ১.২৬২ মিলিয়ন ইউরো।