খুলনাঞ্চল রিপোর্ট
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত করছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। এ অবস্থায় বাবাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
রোববার তিনি লেখেন, ‘কেন তুমি চলে গেলে আব্বু, কেন চলে গেলে? আজ কালীগঞ্জের মানুষ আহাজারি করছে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য মানববন্ধন করছে। আমার এসব দেখে তো অনেক কষ্ট হচ্ছে আব্বু। আব্বু তোমার কি কষ্ট হচ্ছে?’
ডরিন আরো লেখেন, ‘আমার তো অনেক কষ্ট হয়, যখন সবাই বলে ওপারে ভালো থাকবেন। আমার তো কলিজাটা ছিঁড়ে যায় আব্বু। আমি মানতে পারি না।’
আনারকন্যা পোস্টে আরো লেখেন, ‘তোমার হত্যার বিচার হবেই ইনশাআল্লাহ। এর জন্য যা করণীয়, আমি সব করবো আব্বু। কিন্তু তুমি তো আর আমাকে বলবে না, আমার আম্মুটা কই। জীবনে সব পাওয়া গেলেও তোমাকে তো ফিরে পাবো না আমি আব্বু।’
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম আনার।
২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার। পরে ঐ ভবনের সেপটিক ট্যাংক থেকে তার দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।











































