Home আলোচিত সংবাদ চলতি মাসে হতে পারে বন্যা

চলতি মাসে হতে পারে বন্যা

35


ঢাকা অফিস।।

চলতি জুন মাসে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে এ বন্যা হতে পারে।


আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ ছাড়া ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও জানানো হয়, চলতি মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।