ঢাকা অফিস
তিন দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় অস্বস্তি দেখা দিয়েছে আওয়ামী লীগে। ভোটার উপস্থিতি বাড়াতে দলীয় প্রতীকে প্রার্থী না দিয়ে উন্মুক্ত নির্বাচনসহ নানামুখী তৎপরতার পরও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোটের হার বাড়ছেই না। এটা ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারক নেতাদের কাছেও উদ্বেগ ও অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যদিও এবারের উপজেলা নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতা কম হওয়ায় কিছুটা সন্তুষ্টির প্রকাশও ঘটাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। এর আগের নির্বাচনগুলোতে যেভাবে সহিংসতা ও প্রাণহানি ঘটেছিল, এবার সেটি হচ্ছে না এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলেও মনে করছেন তারা। আবার ভোটের হার নিয়েও প্রকাশ্যে ইতিবাচক বক্তব্য রাখছেন তারা। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার উপস্থিতির সঙ্গে তুলনা করলে উপজেলার এই পরিমাণ উপস্থিতিকে অনেকটাই সন্তোষজনক বলে মনে করেন কোনো কোনো নেতা।
এর পরও ভোটার উপস্থিতি কম নিয়ে ভেতরে ভেতরে দলের মধ্যেও নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। চুলচেরা বিশ্লেষণ করে সামনের চতুর্থ ধাপসহ বাকি থাকা উপজেলা পরিষদের নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি আরও কিছুটা বাড়াতে পদক্ষেপও নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরই মধ্যে দলের তৃণমূল শাখাসহ স্থানীয় নেতাদের এ-সংক্রান্ত নতুন করে নির্দেশনা পাঠানো হচ্ছে। টেলিফোনেও তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা।
গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। ওই ধাপে ভোটার উপস্থিতির হার ছিল ৩৬ দশমিক ১০ শতাংশ। পরে ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা নির্বাচনে কিছুটা বেড়ে ৩৭ দশমিক ৫৭ শতাংশ এবং গত বুধবার তৃতীয় ধাপে ৮৭ উপজেলা নির্বাচনে ৩৬ দশমিক ২৪ শতাংশ ভোটার উপস্থিতি দাঁড়ায়। এই উপস্থিতিকে রীতিমতো হতাশাজনক মনে করছে সব মহলই। যদিও ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন থেকেও প্রচার-প্রচারণাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এর আগে বিএনপিবিহীন উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা কাউকেই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয় মাথায় রেখেই দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়। এতে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় ভোটার উপস্থিতিও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছিল। তবে প্রথম ধাপের নির্বাচনে ভোটদানের হার আশানুরূপ না হওয়ায় ভোটার বাড়াতে কেন্দ্র থেকে দলের তৃণমূল কমিটি ও স্থানীয় নেতাদের মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পরের দুটি ধাপেও ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্দেশনা আরও জোরদার করা হয়। তবে তৃতীয় দফা নির্বাচনেও পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় অস্বস্তিতে পড়েছেন নীতিনির্ধারক নেতারাও।
তবে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার দাবি, ভোটার উপস্থিতির এমন হার নিয়ে শঙ্কার কারণ থাকলেও এবারের উপজেলা নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির বিষয়টিও লক্ষণীয়। প্রথমত, সরকারবিরোধী মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্ররা এই নির্বাচন বর্জনের পাশাপাশি ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে প্রচার চালিয়েছে। দলটির কেউ নির্বাচনে প্রার্থী হলেই বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। এতে তৃণমূলে বিএনপি সমর্থকদের একটি বড় অংশ ভোট দিতে যায়নি। তা ছাড়া তিন ধাপের নির্বাচনকালে তীব্র গরমের কারণে ভোটদানের প্রতি মানুষের অনেকটাই অনাগ্রহ ছিল। তৃতীয় ধাপের নির্বাচনের আগে প্রবল ঘূর্ণিঝড় রিমাল এবং এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ দেশের বিভিন্ন স্থানে বৈরী প্রকৃতির কারণে নির্বাচন কমিশনকে ২২ উপজেলার নির্বাচন স্থগিত করতে হয়েছে। তা ছাড়া প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য খোদ নির্বাচন কমিশন থেকেই তো ধান কাটার মৌসুমকে দায়ী করা হয়েছিল। এ সময় ধান কাটার শ্রমিকের সংকট থাকায় তাদের ভোটে অনাগ্রহ ছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বুধবার তৃতীয় ধাপের নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এবারের উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের। কেননা, নির্বাচনবিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে।
আগের দুই ধাপের মতো তৃতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতিকেও সন্তোষজনক দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে। কারণ, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালে অনেক জায়গায় রাস্তাঘাট ও ফসল নষ্ট হয়ে গেছে। যদিও ধান কাটা অনেক আগেই শেষ হয়েছে। এর মধ্যে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। এতে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় নির্বাচনটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ভোটার উপস্থিতিও অনেক ভালো ছিল। আশা করছি, পরবর্তী ধাপের নির্বাচনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, কীভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায়, তা নিয়ে দলীয়ভাবে কাজ করা হচ্ছে। তৃণমূলে নির্দেশনা পাঠানো হচ্ছে। তবে নির্বাচন ঘিরে দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা নির্বাচনের পরিবেশ নষ্ট করেন, অবশ্যই তাঁকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে।











































