স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরে ম্যাচ নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) হত্যা মামলার আসামি মো. মোহন খাঁ (২৯) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বুধবার তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রেকর্ড করেছেন। মোহন খাঁ মহেশ্বরপাশা মানিকতলা সিএসডি গোডাউনের পাশের বাসিন্দা মো. আব্দুর রশিদ খাঁর ছেলে। গত ২৬জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার বাগচী আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালত ২দিনের রিমা- মঞ্জুর করেছিল। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে গোডাউনে শ্রমিকের কাজও করতেন।
এনিয়ে মামলার ৫আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করলো। এরআগে মামলার ৪আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গত ২২জুলাই ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার আদালতে জবানবন্দি প্রদান করেন মহেশ্বরপাশা মুন্সিপাড়া বৌ-বাজার এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. আমির হোসেন (৩৮), ১৮জুলাই মহেশ্বরপাশা সাহেব পাড়ার মো. হোসেনের ছেলে মো. হিরু (২৪) ও মানিকতলা সিএসডি গোডাউনের সামনের বাসিন্দা মৃত. সুলতান ফকিরের ছেলে মো. বিপ্লব ফকির (২২) এবং ২১জুলাই মানিকতলা পশ্চিম সেনপাড়ার আব্দুল হাই সিয়ালীর ছেলে মো. মাসুম সিয়ালী ওরফে কালা মাসুম (২১) আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ১৪জুলাই রাত ২টার দিকে বিড়ি খাওয়ার জন্য ম্যাচ নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিঠের ঘটনা ঘটে। এতে জামাল মারা যান। পরে বুধবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত. অবস্থায় আনা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের হয় যার নং-১২।











































