Home খেলাধুলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরীক্ষা ডিসেম্বরে

ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরীক্ষা ডিসেম্বরে

31

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত টেস্ট খেলুড়ে সব দেশই সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে আগামী বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে এই নিয়ম। এখন থেকে স্বাগতিক ছাড়া বাকি সব দেশকেই অংশ নিতে হবে বিশ্বকাপ বাছাইপর্বে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী ডিসেম্বরে রয়েছে ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম পরীক্ষা অর্থাৎ সিরিজ।
বিশ্বকাপের জন্য নতুন ধরণের এই বাছাইপর্বের নাম দেয়া হয়েছে ওয়ানডে সুপার লিগ। আইসিসি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজগুলোকে আরো অর্থবহ করে তুলতে চায়। মূলত সে কারণেই এ ভাবনা।
পরবর্তী ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত। তাই সুপার লিগে যে অবস্থানেই থাকুক না কেন আগামী বিশ্বকাপে ভারতের জায়গা নিশ্চিত। সুপার লিগে অংশগ্রহণ করবে মোট ১৩টি দল। প্রথম ১২টি দল হচ্ছে নির্ধারিত সময়ের মাঝে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ১২ দল। ত্রয়োদশ দলটি হল ওয়ার্ল্ডকাপ লিগ-২ এর বিজয়ী দেশ। গত বছরের আগস্টে স্কটল্যান্ডের এবারডিনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ-২ এর প্রথম সিরিজ। মূলত তখন থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে সুপার লিগে অংশগ্রহণ করবে নেদারল্যান্ড।
ফরম্যাটের মারপ্যাঁচে বলা যায় বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা নিয়ে এসেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সুপার লিগ। আজ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে এই লিগ শুরু হলেও বাংলাদেশের প্রথম সিরিজ রয়েছে ডিসেম্বরে, শ্রীলংকার বিপক্ষে। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি ছিল সুপারলিগে বাংলাদেশের প্রথম পরীক্ষা। আগামী ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে রয়েছে পরবর্তী ওয়ানডে সিরিজ। এফটিপি অনুসারে বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো হচ্ছে- ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ (জানুয়ারি), নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ (ফেব্রুয়ারি),জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ (জুনে), ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ (অক্টোবরে)। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ ও মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা।

ব্রডের কীর্তিতে সিরিজ ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটন টেস্ট হেরে লজ্জায় ডুবেছিল ইংল্যান্ড। করোনাভাইরাস বিরতির পর ফিরে এমন দশায় স্বাগতিকদের পারফরম্যান্সের দিকে আঙুল তুলেছিল অনেকেই। ওই টেস্টে স্টুয়ার্ট ব্রডকে বাদ দেওয়া নিয়েও হয়েছিল ব্যাপক আলোচনা। সেই ব্রডই শেষ পর্যন্ত নায়ক বনে গেলেন। এই পেসারের ৫০০ উইকেট প্রাপ্তির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আক্ষরিক অর্থে উড়িয়েই দিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্ট ২৬৯ রানে জিতে জো রুটরা তিন ম্যাচের সিরিজ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
প্রথম দুই টেস্ট দুই দল জেতায় ম্যানচেস্টারের শেষ টেস্টটি ছিল সিরিজ জেতার লড়াই। যে লড়াইয়ে ইংল্যান্ডের দেওয়া ৩৯৯ রানের লক্ষ্যে আজ (মঙ্গলবার) পঞ্চম দিনে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে মাত্র ১২৯ রানে। প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে সফরকারীরা করতে পেরেছিল ১৯৭ রান। ইংল্যান্ডের জয়ের নায়ক নিঃসন্দেহে ব্রড। টেস্ট ইতিহাসের চতুর্থ পেসার ও ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি আজই। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া এই পেসারের দ্বিতীয় ইনিংসে শিকার ৪ উইকেট। ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেটে পাওয়া ব্রডের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এমনকি দ্বিতীয় টেস্টে অসাধারণ পারফর্ম করা সতীর্থ বেন স্টোকসকে পেছনে ফেলে তার হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কারও। অবশ্য পুরস্কারটি তিনি ভাগাভাগি করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোস্টন চেসের সঙ্গে।
আগের দিনের ২ উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ব্রড ও ক্রিস ওকসের পেস ঝড়ে দিশেহারা। দিনের শুরুর ভাগেই ক্রেগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে ৫০০তম উইকেটের দেখা পান ব্রড। এরপর উইকেট উদযাপন শুরু করেন ওকস, এই পেসার ৫০ রানে পেয়েছেন ৫ উইকেট।
তাদের গতিঝড়ের সামনে সর্বোচ্চ ৩১ রান এসেছে শাই হোপের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০০৮ সালের পর প্রথমবার পিছিয়ে পড়ে তিন ম্যাচের সিরিজ জিতলো ইংলিশরা। বিপরীতে ইংল্যান্ডের মাটিতে আরেকটি হার সঙ্গী হলো ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৮ সালের পর আর ইংল্যান্ডে সিরিজ জেতা হয়নি তাদের। এ নিয়ে টানা সাতবার ব্যর্থ ক্যারিবিয়ানরা।

বিশ্বকাপ সুপার লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এই সিরিজ দিয়ে পথচাল শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের। এই সুপার লিগ দিয়েই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। সাউদাম্পটনের রোজ বোল-এ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সন্ধ্যা সাতটায়।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিড়াঙ্গন থমকে ছিল। তবে গেল ৮ জুলাই থেকে পুনরায় মাঠে ফিরে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের আয়োজন করে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনে অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যানচেস্টারে আরও দুটি টেস্ট খেলে দুদল। মঙ্গলবার শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। এই সিরিজ দিয়ে চালু হচ্ছে আইসিসি ওয়ানডে সুপার লিগ। মূলত ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এই সুপার লিগের নিয়ম চালু করেছে আইসিসি।

নারী ফুটবলের দুটি আসর আয়োজন করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এএফসির দুটি বয়সভিত্তিক নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আছে ২০২২ সালে। যে দুটির বাছাই পর্ব হবে আগামী বছর মার্চ-এপ্রিলে। ১৩ থেকে ২১ মার্চ হবে অনূর্ধ্ব-২০ এবং ৩ থেকে ১১ এপ্রিল হবে অনূর্ধ্ব-১৭ ওমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। কোয়ালিফাইং রাউন্ডের এ দুটি আসরই আয়োজন করতে চায় বাংলাদেশ।
বাফুফে ইতিমধ্যে এএফসির কাছে দুটি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব আয়োজনের জন্য আবেদনও করেছে। দুটি আসরের আলাদা আলাদা ভেন্যুও এএফসির কাছে উপস্থাপন করেছে বাফুফে। বাংলাদেশ একটি করতে চেয়েছে সিলেটে, অন্যটি কক্সবাজারে। বাফুফের আবেদন এএফসি গ্রহণ করলে আগামী মার্চ-এপ্রিলে দুটি নারী ফুটবল আসর দেখা যাবে বাংলাদেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই আয়োজন করতে চায় কক্সবাজারে এবং এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব আয়োজন করতে চায় সিলেটে।

কোয়াবের দায়িত্ব পেলেন মোসাদ্দেক-নাসিররা

ক্রীড়া প্রতিবেদক

টাইগার ক্রিকেটারদের যাবতীয় সুযোগ-সুবিধা দেখভালের দায়িত্বে আছে ক্রিকেটার্স ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এতোদিন সংগঠনটি কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক থাকলেও এবার ডালপালা মেলতে শুরু করেছে। এরই মধ্যে জেলাভিত্তিক কমিটি দেওয়া শুরু করেছে কোয়াব।
কোয়াবের পক্ষ থেকে ১০ জেলায় দেওয়া হয়েছে নতুন কমিটি। এ নিয়ে মোট ২০টি জেলায় কমিটি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ক্রিকেটারদের সংগঠনটির মূল উদ্দেশ্য বন্ধ হওয়া জেলা লিগগুলো পুনরায় চালু করা। এছাড়াও ক্রিকেটারদের অধিকার ও সুযোগ-সুবিধাগুলো দেখতে কাজ করবে জেলা কমিটিগুলো। রংপুর জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন। সাধারণ সম্পাদকের পদে বসেছেন সোহরাওয়ার্দী শুভ। ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী সহ-সভাপতি হয়েছেন। হবিগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেসার নাজমুল হোসেন।

আইসিসির র‌্যাঙ্কিংয়েও ব্রডের বড় লাফ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতিটা এমন যে খেললে সেটি নড়াচড়া করে, না খেললে হয় স্থির থাকে নতুবা নিচের দিকে নামে। করোনাভাইরাসের কারণে নির্বাসনে যাওয়ার চার মাস পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
স্বাভাবিকভাবেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের র‌্যাঙ্কিং ওঠা-নামা করেছে বেশি। মঙ্গলবার শেষ হওয়া ইংল্যান্ড-ওযেস্ট ইন্ডিজের পর বুধবারই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এই র‌্যাঙ্কিং উজ্জ্বলতম খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে। বোলিংয়ে সাত ধাপ এগিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন ৩৪ বয়সী পেসার। ৬৭ রানে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডকে শেষ টেস্টে ২৬৯ রানে জিততে সাহায্য করে ২-১ ব্যবধানে সিরিজ জেতানো, টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া- র‌্যাঙ্কিংয়ে প্রত্যাশিত প্রতিফলনই পড়েছে। ২০১৬ সালের পর আবার তৃতীয় স্থানে এলেন আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংলিশ পেসার।

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মালয়েশিয়ায়

ক্রীড়া প্রতিবেদক

করোনভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দুই গ্রুপের ম্যাচের স্বাগতিক হয়েছে মালয়েশিয়া। আয়োজক সূত্র জানিয়েছে, এরপরেও এশিয়ার মূল এই ফুটবল প্রতিযোগিতায় আরো দুটি গ্রুপের ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে পারছে না দেশগুলো।
পশ্চিমাঞ্চলের চারটি গ্রুপের ম্যাচই আয়োজনের ব্যপারে রাজি হয়েছে কাতার। সে কারণে মালয়েশিয়ায় ইস্ট-জোনের গ্রুপ-জি ও গ্রুপ-এইচ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এখানে অংশ নিবে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মত বড় দলগুলো। করোনা মহামারীর কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর কাতারের ম্যাচগুলো পুনরায় শুরু হবে। আর ১৭ অক্টোবর থেকে মালয়েশিয়ায় মাঠে গড়াবে এই ফুটবল চ্যাম্পিয়নশিপ।

৮ বছর পর ফিরছে এসএলপিএল

ক্রীড়া প্রতিবেদক

১৩তম আসর মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। বাংলাদেশেও নিয়মিত হচ্ছে বিপিএল, পাকিস্তানও পিছিয়ে নেই। টেস্ট খেলুড়ে দেশগুলোই শুধু নয়, কানাডার মতো দেশেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হচ্ছে নিয়মিত।
এদিক থেকে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। উপমহাদেশের দেশগুলো যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে ঝুঁকেছে দারুণভাবে, সেখানে গত আট বছর ধরে বন্ধ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। তবে নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ আগস্ট থেকে পাঁচ দল নিয়ে শুরু হতে যাচ্ছে আসর। এবারের আসরে অংশ নেয়ার জন্য ৭০ জন বিদেশী ক্রিকেটার ও ১০ জন বিদেশী কোচ। পাঁচ দলের নামগুলো দেয়া হবে দেশটির পাঁচ শহরের নামে। মোট ২৩ ম্যাচের এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে।

নিষেধাজ্ঞা কমলো আকমলের

ক্রীড়া প্রতিবেদক

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে তিন বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। তবে সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। অবশেষে সুখবর মিলল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, উমর আকমলের সাজা ১৮ মাস কমিয়ে দেয়া হয়েছে। ফলে নতুন নিষেধাজ্ঞায় ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে তাকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা গোপন করেন আকমল। এছাড়া তার আচরণও ছিল সন্দেহজনক। তদন্তের পর এন্টি করাপশন কোডের দুটি নিয়ম ভাঙার দায়ে আকমলকে গত ২৭ এপ্রিল তিন বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

ইসিবির কাছে আর্থিক পুরস্কার দাবি স্যামির

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ঐতিহাসিক টেস্ট সিরিজ দিয়েই ক্রিকেটের করোনা পরবর্তী যুগের সূচনা ঘটেছে। যে সিরিজে ক্যারিবিয়ান দল শুরুটা দুর্দান্ত করলেও শেষমেশ বাজিমাত করে ইংল্যান্ড। তিন টেস্টের সিরিজ ইংরেজরা জেতে ২-১ এ। তবে হারের থেকে ড্যারেন স্যামিদের বেশি চিন্তা ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ও ক্রিকেটারদের করুণ আর্থিক অবস্থা নিয়ে। তাই বিন্দুমাত্র দ্বিধা না করে ইংল্যান্ড বোর্ডের কাছেই অর্থ সাহায্য চেয়ে ফেললেন স্যামি।
বিশ্বজুড়ে করোনার জেরে দীর্ঘদিন স্তব্ধ হয়ে গিয়েছিল ক্রিকেটের বাইশ গজ। তবে শেষমেশ মারণ ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে ইংল্যান্ড উড়ে যান জেসন হোল্ডাররা। দর্শকশূন্য স্টেডিয়াম হলেও ফের পুরনো ছন্দ ফিরে পায় বাইশ গজ। ফলে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ইংল্যান্ড, তা অনেকটাই সামাল দেওয়া গিয়েছে। এই গ্রীষ্মে ২৮০ মিলিয়ন পাউন্ড নিজেদের ঝুলিতে ভরতে পেরেছে ইংল্যান্ড। আর উল্টোদিকে আর্থিক সঙ্কটে ৫০ শতাংশ বেতন কমে গিয়েছে ক্যারিবিয়ান তারকাদের। আর ঠিক এমন পরিস্থিতিতে তাই কোনও রাখঢাক না রেখেই আর্থিক সমস্যার কথা বুঝিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ড বোর্ডের কাছে তাঁর অনুরোধ, এই সিরিজের আয়ের অন্তত ১৫ শতাংশ যেন ক্যারিবিয়ান বোর্ডকে দেওয়া হয়। এতে ক্রিকেটারদের অনেকটাই উপকার হবে বলে মত তাঁর।

হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের পজিটিভ-নেগেটিভ রিপোর্ট নিয়ে কত ঝক্কি-ঝামেলাই না পোহালেন মোহাম্মদ হাফিজ। সেসব বাধা উতরে ঠিকই ইংল্যান্ড সফরে গেছেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। এবার তিনি ফাঁসলেন কর ফাঁকির মামলায়।
হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করেছে ফেডারেল বোর্ড অব রেভেনিউ (এফবিআর)। সব মিলিয়ে ২৬ মিলিয়ন রুপির কর শোধ করতে হবে পাকিস্তানের এ তারকা অলরাউন্ডারকে। ২০১৪ সালে এফবিআর থেকে ৮৬ মিলিয়ন রুপির সম্পত্তি লুকিয়ে ছিলেন হাফিজ। এর সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় ৩৯ বছরের এই বর্ষীয়ান ক্রিকেটারকে কর ধার্য করা হয়েছে। তবে এর আগে অবশ্য কর ফাঁকি বা সম্পত্তি লুকানোর অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন হাফিজ। জানান, প্রতি বছর নিয়ম করেই কর দেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফর করছেন হাফিজ।

আর্থারের বিরুদ্ধে মামলা করবে বার্সা

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনায় আর্থারের ক্যারিয়ারের ইতিটা বুঝি ভালোভাবে টানা হচ্ছে না! চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না চাওয়া ও করোনা পরীক্ষায় হাজির না হওয়ায় ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সা।
৩০ জুন জুভেন্টাসের সঙ্গে বার্সার পিয়ানিচ-আর্থার অদলবদলের পর থেকে ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে আর খেলাননি কোচ কিকে সেতিয়েন। করোনা বিরতির পর যে ছয় ম্যাচ হয়েছে, বদলি হিসেবেও আর্থারকে মাঠে নামার সুযোগ দেননি সেতিয়েন। ক্ষোভে বাকি থাকা কয়েকদিনের চুক্তিও বাতিলের অনুরোধ করেন আর্থার। গত সোমবার উয়েফার পক্ষ থেকে করোনা পরীক্ষার দিন তাকে দেখা যায়নি। এমনকি মঙ্গলবার অনুশীলন করতে আসেননি ন্যু ক্যাম্পে। জুভেন্টাসের সঙ্গে দলবদল হলেও আর্থার আসলে ন্যু ক্যাম্প ছাড়তে চাননি। অনেকটা ঠেলেই তাকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেছে বার্সা, যা তার একদম পছন্দ হয়নি। সেই ক্ষোভে বার্সার হয়ে ৮ আগস্ট নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান না ব্রাজিলিয়ান তারকা।