Home খেলাধুলা মৃত ভাইয়ের জন্য ইতালির হয়ে খেলবেন অজি ক্রিকেটার

মৃত ভাইয়ের জন্য ইতালির হয়ে খেলবেন অজি ক্রিকেটার

16


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি মাথায় তুলেছেন। খেলেছেন ২৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে। সাদা পোশাকে ৩৬.৯৭ গড়ে করেছেন ১৪৪২ রান। আছে ৪টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। আর ওয়ানডেতে ১টি ফিফটিতে ১৪৬ রান। তবে অস্ট্রেলিয়া পর্বকে ইতি দিয়েছেন জো বার্নস। এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ইউরোপের দেশ ইতালি হয়ে খেলতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যাওয়া বড় ভাইকে শ্রদ্ধা জানানোর জন্য বার্নস ইতালি ক্রিকেট দলের হয়ে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন। যেখানে দেশটির হয়ে ৮৫ নম্বর জার্সি পরে খেলবেন। অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের খেলার সময় তার ভাই ডমিনিক বার্নস পরতেন এই জার্সি নম্বর।

বাবা অস্ট্রেলিয়ান হলেও বার্নসদের মা ইতালিয়ান বংশোদ্ভূত। বার্নস ভাইদের নানা ইতালি থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন অনেক আগে। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে ৩৪ বছর বয়সী জো বার্নস ইতালির হয়ে খেলবেন।

এ নিয়ে ইনস্টাগ্রামে বার্নস লিখেছেন, ‘এটা শুধু একটা সংখ্যা নয়, এটা শুধু একটা জার্সি নয়। এটা সেই মানুষের জন্য, আমি জানি, যে কিনা ওপর থেকে গর্বের সঙ্গে সব দেখছে।’

তিনি আরও বলেন ‘এ বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছেন। তার সর্বশেষ খেলা দলের জার্সি নম্বর ছিল ৮৫ এবং এটা তার জন্মের বছরও।’