স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছে বাংলাদেশ। তবে দলীয় সাফল্য বলতে তেমন কিছু নেই। এমনকি কখনো বিশ্বকাপে নকআউট রাউন্ডেও খেলতে পারেনি। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় কমতি না থাকলেও একের পর এক ব্যর্থতাই যেন শেষ কথা হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য মনে করেন, সারা বছর বাজে উইকেটে খেলাটাই এর বড় কারণ।
এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত উইকেটকেই দায়ী করেছিলেন। এ নিয়ে সংবাদ সংস্থা এএফপিকে দলনেতা বলেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’
বাংলাদেশের টপঅর্ডারের ব্যাটারদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটই ১৩০–এর বেশি—১৩১.৫৯। শান্ত বলছেন দ্রুতই সব পরিবর্তন সম্ভব নয়, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’
এবারের বাংলাদেশ বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছে। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে। পরের পর্বে এখান থেকে যাবে দুটি দল। অর্থাৎ শ্রীলংকা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকেই পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে—৮ জুন।











































