খুলনাঞ্চল রিপোর্ট
দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের প্রথম সুড়ঙ্গপথ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এ টানেল ঘিরে রয়েছে সরকারের নানা প্রত্যাশা আর সম্ভাবনা। চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়ে তোলার লক্ষ্যে টানেল নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার।
নির্মাণকাজ শেষে গত বছরের ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে টানেলে গাড়ি চলাচল শুরু হয়। সে হিসেবে সাড়ে ছয় মাস হলো গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে অপার সম্ভাবনার এ টানেল।
কিন্তু এ সাড়ে ছয় মাসে দেখা গেছে- প্রত্যাশা অনুযায়ী গাড়ি চলছে না টানেলটিতে। ফলে টোলও আদায় হচ্ছে কম। সব মিলিয়ে দিনশেষে আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি।
সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে, টানেলটি দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে চলছে চার হাজারের কিছু বেশি যানবাহন। যা প্রত্যাশার প্রায় চার ভাগের এক ভাগ। টানেল থেকে টোল বাবদ প্রতিদিন গড়ে আয় হচ্ছে ১১ লাখ ৮০ হাজার টাকা। বিপরীতে টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ দৈনিক গড়ে খরচ হচ্ছে ৩৭ লাখ টাকা।
টানেল তৈরিতে বাংলাদেশ সরকারের অর্থায়নের পাশাপাশি নেয়া হয়েছে চীনা ঋণ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) সূত্র জানিয়েছে, সেই চীনা ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে এ বছর। আয় কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ব্যয় অন্যান্য সেতুর আয় থেকে দিলেও ঋণ পরিশোধে রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হবে সরকারকে।
টানেল দিয়ে গাড়িতে কর্ণফুলী নদী পার হতে সময় লাগে মাত্র তিন থেকে সাড়ে তিন মিনিট। অর্থাৎ অল্প এ সময়ে যাওয়া যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। কিন্তু টানেলের এক প্রান্তে প্রশস্ত করা হয়নি বিভিন্ন গন্তব্যে যাওয়ার সড়ক। কর্ণফুলী নদীর এক পাশে শহর সম্প্রসারণে তেমন পদক্ষেপ নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)- বলছেন অর্থনীতিবিদরা। টানেলকেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত হলে টানেলটির ব্যবহার বাড়বে বলে মনে করছেন তারা।
খরচ ‘বেশি’:
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এ টানেলের মূল দৈর্ঘ্য তিন দশমিক ৩২ কিলোমিটার। ২০১৫ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় টানেল প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালের জুনে টানেলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণকাজ উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় আট হাজার ৪৪৭ কোটি টাকা। পরে তা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকায়। এর মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।
চীনা ঋণের সুদের হার দুই শতাংশ। এর সঙ্গে শূন্য দশমিক ২০ শতাংশ সেবা মাশুল বা সার্ভিস চার্জ। ঋণ পরিশোধের সময়কাল ১৫ বছর। এর মধ্যে ঋণ নেয়া ও কিস্তি শোধ শুরুর মধ্যকার বিরতি (গ্রেস পিরিয়ড) হিসেবে পাঁচ বছর সময় অন্তর্ভুক্ত।
টানেলটি নির্মাণ করে চীনেরই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও করছে প্রতিষ্ঠানটি। চীনা ঋণ প্রকল্পের প্রধান শর্ত হলো- তাতে চীনা ঠিকাদার কাজ করবে, কোনো দরপত্র আহ্বান করা হয় না। এ ধরনের শর্তের প্রকল্পে ব্যয় অনেক বেশি হয় বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, চীনের ১১ কিলোমিটার দৈর্ঘ্যের হাইওয়ে টানেল ‘টাইহু টানেল’ নির্মাণে ব্যয় হয়েছে ১৫৬ কোটি ডলার। এতে বাংলাদেশি মুদ্রায় প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে এক হাজার ৫৯০ কোটি টাকা।
ভারতের মুম্বাইয়ে মুম্বাই কোস্টাল রোড প্রকল্পের আওতায় সমুদ্রের তলদেশে দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি টানেল নির্মাণ করা হচ্ছে। যেটিতে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে এক হাজার ৭৭৯ কোটি টাকা।
বাংলাদেশে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে প্রতি কিলোমিটারে ব্যয় তিন হাজার ২০০ কোটি টাকার বেশি। টানেল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি- ভারত ও চীনে অবকাঠামো নির্মাণে নিজেদের জনবল, যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়; কিন্তু বাংলাদেশে অনেক কিছুই করতে হয় আমদানি। ফলে খরচ পড়ে বেশি।
তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করলে ব্যয় কমানো সম্ভব বলে বলছেন বিশেষজ্ঞরা।
সড়ক পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. সামছুল হক বলেন, টানেল নির্মাণে অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে। এটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা খরচও অনেক বেশি।
যান চলাচল ‘কম’:
চীনা ঠিকাদারের সমীক্ষায় বলা হয়েছিল, টানেলটি চালু হলে (২০২০ সালে) দিনে চলবে ২০ হাজার ৭১৯টি যানবাহন। প্রতিবছর তা ছয় দশমিক চার শতাংশ হারে বাড়বে। ২০২৫ সালে দৈনিক গড়ে চলবে ২৮ হাজার ৩০৫টি যানবাহন। ২০৩০ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৮ হাজারে।
সেতু কর্তৃপক্ষের হিসেবে, চালুর পর গত ৬ মে পর্যন্ত দিনে যানবাহন চলেছে গড়ে চার হাজার ৬১৩টি। টোল আদায় হয়েছে প্রায় ২২ কোটি টাকা। দিনে গড়ে আয় হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা। শুরুর চেয়ে সাম্প্রতিক সময়ে কমেছে যান চলাচল- বলছেন সংশ্লিষ্টরা।
টানেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সেতু বিভাগের অধীন সংস্থা সেতু কর্তৃপক্ষের প্রকৌশলীরা বলছেন, টানেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর অনেকদিন হরতাল ও অবরোধ চলেছে। এ কারণে যান চলাচল কম হয়।
যদিও অন্য বিশ্লেষণে দেখা গেছে, শুরুর দিকে টানেল দেখতে গাড়ি নিয়ে যেতেন মানুষ। ফলে সে সময় টানেলে গাড়ি চলাচল ছিল বেশি। সাম্প্রতিক সময়ে সেই প্রবণতা কমে আসায় কমেছে গাড়ির সংখ্যাও। এছাড়া টানেলটি দিয়ে ভারী যানবাহন বেশি চলবে বলে মনে করা হলেও এখন পর্যন্ত ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার চলেছে বেশি।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, কক্সবাজার ও মাতারবাড়িকে টানেলের সঙ্গে দ্রুত যুক্ত করার বিষয়ে কাজ চলছে। এটা সম্ভব হলে যানবাহন চলাচল বাড়বে।
ব্যয়ের এক তৃতীয়াংশ আয়:
টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পাঁচ বছরের জন্য নির্মাতা প্রতিষ্ঠান চীনের সিসিসিসিকে দেয় সরকার। তাদের পরিশোধ করতে হবে ৯৮৪ কোটি টাকা (বৈদেশিক মুদ্রায় ৩৫ শতাংশ)।
সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারকে যে টাকা দেওয়া হবে, এর মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে স্ক্যানার কিনতে। রক্ষণাবেক্ষণে পাঁচ বছরে প্রকৃত ব্যয় ৬৮৪ কোটি টাকা। সেই হিসাবে রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় দাঁড়ায় সাড়ে ৩৭ লাখ টাকা।
কিন্তু বর্তমানে যে পরিমাণ টোল আদায় হচ্ছে, তা রক্ষণাবেক্ষণ ব্যয়ের প্রায় তিন ভাগের এক ভাগ। এছাড়া প্রতি পাঁচ বছর পর একবার টানেলের বড় ধরনের রক্ষণাবেক্ষণ করতে হবে। সমীক্ষা অনুযায়ী- এ কাজে ব্যয় হবে প্রায় ১৯ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ কোটি টাকা।
ব্যয়ের চেয়ে আয় কম, এ অবস্থায় টানেলের রক্ষণাবেক্ষণ ও ঋণের কিস্তি পরিশোধ সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, পর্যাপ্ত টোল আদায় না হলে সরকার ব্যয় করবে। পরে আয় বাড়লে সরকারকে পরিশোধ করা হবে।
‘অবহেলিত’ দক্ষিণ চট্টগ্রাম:
চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হলেও চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে শহর সম্প্রসারণ কিংবা সেখানে পরিকল্পিতভাবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে দৃশ্যত কোনো কার্যক্রম নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)।
টানেল নির্মাণের সময় আনোয়ারার চাতরী থেকে ওয়াই জংশন পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক করা হয়নি প্রশস্ত। পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আনোয়ারা ও বাঁশখালী অংশ সম্প্রসারণ না হওয়ায় টানেল হয়ে কক্সবাজার যেতে বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম বলেন, টানেলের তখনই ভালো ব্যবহার হবে, যখন চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। মেরিন ড্রাইভ হয়ে গেলে তখন এর পাশে নানা ধরনের শিল্পকারখানা গড়ে উঠবে। এসব কারখানার পণ্যবাহী যানবাহন টানেলের ভেতর দিয়ে চলাচল করবে। যদি তা না হয়, টানেল একরকম অব্যবহৃত থেকে যাবে।











































