Home খেলাধুলা প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভুল ধরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের হারমিত

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভুল ধরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের হারমিত

37


স্পোর্টস ডেস্ক।।

শেষ ৪ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫৫ রান। তখনো মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামের ৩ ওভার বল বাকি ছিল। ১৭, ১৮ ও ১৯তম ওভারে এই দুজন দিলেন ৪৬ রান। এর মধ্যে মোস্তাফিজ একাই দিয়েছেন দুই ওভারে ৩২। শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার হওয়া ৯ রান আর আটকাতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশকে ৫ উইকেটের লজ্জাজনক হার উপহার দিয়ে ইতিহাস সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট।

বাংলাদেশকে হারানোর নায়ক নিউজিল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট শুরু করা কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং। ২৫ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। আরেক পাশে হারমিত ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক তিনি। ২টি চারের পাশাপাশি হাঁকান ৩টি ছক্কা। ষষ্ঠ উইকেট জুটিতে অপরাজিত ৬২ রানের জুটি গড়েন এই দুজন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হারমিত। জয় শেষে বাংলাদেশ কোথায় ভুল করেছে সেটিও ধরিয়ে দিয়েছেন এই তারকা। হারমিতের বিশ্বাস, শেষ দুই ওভারে মোস্তাফিজ ভুল বোলিং প্রান্ত বেছে নিয়েছে। প্রথম দুই ওভারে ওভার দ্য উইকেট বল করেছেন মোস্তাফিজ, যেখানে দেন মাত্র ৯ রান। আর শেষের ২ ওভারে রাউন্ড দ্য উইকেটে বল করেছেন। বাতাসের কারণে বোলিংয়ের এই প্রান্তে সুবিধা করতে পারেননি তিনি।

হারমিত বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল ফিজ (মোস্তাফিজ) বাতাসের বিপরীত দিক থেকে বল করবে। কিন্তু যখন আমি দেখলাম সে অন্য প্রান্ত থেকে বল করছে, বাতাসের দিক থেকে, তখনই আমি মনে করেছি আমাদের ওর ওভারে ২০ রান নেওয়ার সুযোগ আছে।’

হারমিত আরও বলেছে, ‘আমার মনে হয় তারা আমাদের হালকাভাবে নিয়েছে। অথবা আমি জানি না। তাদের অন্য প্রান্ত থেকে বল করার মতো বোলার ছিল না।’

ম্যাচের আগে সতীর্থদের মন্ত্রও দিয়েছিলেন হারমিত, ‘আমি ম্যাচের আগে খেলোয়াড়দের বলেছিলাম যে কাগজে-কলমে বাংলাদেশ একটি ভালো দল। কিন্তু আমরা যদি লড়াই না করে থেমে যাই তাহলে এটি আমাদের ভালো বার্তা দেবে না।…আমাদের উইকেটও চেনা ছিল। এটি আমাদের ঘরের মাঠ। এই মাঠ সম্পর্কে আমরা সবই জানি।’