ঢাকা অফিস।।
ভারতে চিকিৎসা নিতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। আজ বুধবার এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ‘ধৈর্য’ ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি।
আজ নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ডরিন বলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি, বিচার হবে।’
এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘এমপি আনার সাহেবের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে কোনো লাশ খুঁজে পায়নি। তবে হত্যাকাণ্ডের পর কয়েকজনকে আটক করা হয়েছে। ডিবি আটক করেছে, কলকাতা পুলিশও দুজনকে আটক করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা কলকাতায় আমাদের উপহাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।’
এ বিষয়ে পশ্চিমবঙ্গের কলকাতার বিধাননগর পুলিশের উপকমিশনার মানব শ্রিংলা বিবিসি বাংলাকে বলেছেন, ‘জিজ্ঞাসাবাদে ক্যাবচালক জানিয়েছে, ১৩ মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল, তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দিয়েছে।’
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি। তিনি টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।











































