স্টাফ রিপোর্টার।।
ফরিদপুরের মধুখালী উপজেলায় মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। বুধবার (২২ মে) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।
লিখিত বক্তব্যে মাওলানা গোলাম কিবরিয়া বলেন, গত ১৮ এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পক্ষগরীতে মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের একজন ইউপি মেম্বারের নেতৃত্বে শ্রমিক আশরাফুন এবং আরশাদুলকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সারা দেশে উত্তেজনা তৈরি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ায় আশংকা দেখা দেয়।
তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিদ্দিক আলীর নেতৃত্বে গঠিত কমিটি মন্দিরে আগুন দেওয়ার বিষয়ে দুই ভাই জড়িত থাকার প্রমাণ পায়নি। বরং স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যান জড়িত বলে প্রমাণ পায়। এ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মাওলানা গোলাম কিবরিয়া বলেন, অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে এ ধরনের অপরাধপ্রবণতা বাড়তে থাকবে। রাষ্ট্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, মানুষ আইন হাতে তুলে নেবে। সুতরাং কোনো অবস্থাতেই এই ঘটনাকে সহজভাবে দেখার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে একটি গোষ্ঠীর আসল উদ্দেশ্য বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া। এর মধ্য দিয়ে মূলত একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন ওলামায়ে কেরাম এবং মসজিদের ইমামেরা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেবে না। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। স্বাধীনভাবে সকল ধর্মের মানুষেরা যার যার ধর্ম পালন করবে, এ বিষয়ে দেশের আলেম সমাজ এবং ইমাম সমাজ সব সময়ই ইতিবাচক ভূমিকা পালন করেন।’
অবিলম্বে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।











































