অভয়নগর (যশোর) প্রতিনিধি
তুচ্ছ ঘটনায় মায়ের লাঠির আঘাতে মারা গেলেন মাদ্রাসাছাত্রী মুন্নি খাতুন (১৯)। বুধবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোল্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
মুন্নি খাতুন মাগুরা গ্রামের জসিম মোল্যার কন্যা। মাগুরা আলিম মাদ্রাসায় আলিম বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান জানান, মুন্নি খাতুন তুচ্ছ ঘটনায় তার মায়ের ওপর চড়াও হলে তার মা তাকে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতটি মুন্নির নাকের নিচে গিয়ে লাগে। ফলে মুন্নি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মুন্নির লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুন্নিকে হত্যার ঘটনায় তার মা মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, মেয়েকে হত্যার ঘটনায় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











































