Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

71
খুলনায় তেরখাদা উপজেলা নির্বাচনে সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। একজন–দুজন করে আসেন ভোটার। ফুলতলা বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

দামুড়হুদায় নিখোঁজ বিএনপির নেতার মরদেহ পাটক্ষেতে উদ্ধার 

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সদ্য কারামুক্ত নিখোঁজ  বিএনপি নেতার মনদেহ পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দামুড়হুদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। উল্লেখ  দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আজগার আলী( ৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকাল ৭টায়  গ্রামের কৃষকরা   বেলে মাঠের  পাটক্ষেতে মরদেহ দেখে  পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার মরদেগ উদ্ধার করেন। এসময় মরদেহের পাশ থেকে একটি লাঠিও উদ্ধার করেছেন পুলিশ।

নিহত আজগার আলীর ভায়ের ছেলে আরিফুল ইসলাম জানান, সোমবার বিকেলে চাচা আজগার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আজগার আলী হার্ট স্ট্রোকে মারা গেছে।

বিশিষ্ট সংগীত প্রযোজক ও শিল্পী আঃ সালামের দাফন সম্পন্ন : আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বিশিষ্ট সংগীত প্রযোজক ও শিল্পী এবং খুলনা নাট্য নিকেতনের অধ্যক্ষ শেখ আব্দুস সালামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে এই জানাযা নামাজ শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ আবিদ উল্লাহ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, চৌধুরী রায়হান ফরিদ, শাহীন জামান পন, মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে বিশিষ্ট সংগীত প্রযোজক ও শিল্পী অধ্যক্ষ শেখ আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

নগর আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফের সুস্থতা কামনা নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম দীর্ঘদিন চোখ সহ শরীরের নানাবিধ রোগে আক্রান্ত হয়ে খালিশপুরস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনায় সৈয়দ বেলায়েত হোসেন রহ. এর মাগফিরাত কামনায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার (২১ মে) বিকাল সাড়ে ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি  মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহ. এর মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারী মাওলানা মুফতি ইমরান হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মোঃ নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মোঃ ইউসুফ গাজী, মোহাম্মদ নুরুল করিম, মোঃ ফয়সাল ইসলাম প্রমূখ।

অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহ. এর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম।

ডুমুরিয়া উপজেলার মা-মাটি-মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান আজগর বিশ্বাস তারা

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, খুলনার খাদ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য শস্য উপযুক্ত মূল্য নিশ্চিতকরণে কার্যকরী উদ্যোগ নেবো। প্রয়োজনে রাজধানীর সাথে ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য শষ্যের সহজ পরিবহন সৃষ্টির চেষ্টা করবো। আমি কথা নয়, কাজে বিশ্বাসী। আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ডুমুরিয়াবাসীর অতন্ত্র প্রহরী হিসেবে আমাকে নিযুক্ত করুন। আমি ডুমুরিয়ার মা-মাটি-মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে এসেছি। তাই সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভ মূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।’

মঙ্গলবার (২১ মে) ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী বাজারে পথসভা এবং বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।

বিকেল থেকে রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে যান তিনি। খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।।

মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানকে সংবর্ধনা প্রদান

কালিগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ সহ তৃতীয় বার উপজেলা ও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ মে-২৪) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের জহুরুল হক অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের  বিদায়ী চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম। বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম, সিনিঃ শিক্ষক রবিন লস্কর, উঃ ভাড়াশিমলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, ভাড়াশিমলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, শিক্ষার্থী পূজা রানী, ইয়াছির আরাফাত, প্রমিতা কর্মকার ও লকনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক শেখ আব্দুল করিম মামুন হাসান ও ফজলুল হকসহ অভিভাবক, শিক্ষক, সূধী ও শিক্ষার্থীবৃন্দ। এসময়ে প্রধান শিক্ষক গাজী মিজানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সন্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি জেলার আরেকজন শ্রেষ্ঠত্ব অর্জন কারী সেরা অধ্যক্ষ তোফায়েল আহমেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও  বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের  মুকুন্দপুর বাগদি পাড়া খালটি খনন সময়ের দাবী

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ১৪ টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল,  মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর বাগদী পাড়া খালটি খনন করা এখন সময়ের দাবী। আনুঃ ২ কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে পাঁচ বাড়িয়া , মুকুন্দপুর, সেকেন্দার নগর, মথুরেশপুর, প্রবাজপুর, উজয়মারী, ঈশ্বরপুর, উকসা, গোবিন্দপুর, দাড়িয়ালা , বাগ দাড়িয়ালা, রত্নেশ্বর পুর, চক সেকেন্দার নগর, কামারগাতী গ্রামের পানি নিষ্কাশন হয়। কিন্তু দুঃখের বিষয়  দীর্ঘদিন এই খালটি খনন না হওয়ায় খালটি মজে গেছে। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই কৃষকের ধানের বীজ তলা, হাজার হাজার বিঘার ধান, সবজি, মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকার ফসল। পানি নিষ্কাশন না হওয়ায় উঠানে পানি জমে ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ঘরবাড়ি।  খালটি খনন না করার কারণে ১৪ টি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের কৃষক ও জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ইরি মৌসুমে শত শত বিঘা কৃষি জমি থাকে অনাবাদি।কারণ নিচের পানি লবণাক্ত থাকায় অগভীর নলকূপ ব্যবহার করে এই মৌসুমে ধান চাষ করা সম্ভব হয় না। খালটি খনন করলে মিষ্টি পানি সংরক্ষণ করে শত শত বিঘা জমিতে  ইরি মৌসুমী ধান চাষ করা সম্ভব হবে,  হাজারো কৃষকের মুখে হাসি ফুটবে। জানাযায় খালটি খননের জন্য উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বিএডিসি অধিদপ্তর খালটি খননের প্রস্তাব করিলে বিএডিসি কর্তৃপক্ষ খালটি খননের সিদ্ধান্ত গ্রহণ করে।কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য খাল খনন বন্ধ করতে বিভিন্ন তদবির করে বেড়াচ্ছে। গ্রামবাসীরা খালটি খননের  জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মতবিনিময়

পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করে সর্বজনীন পেনশন বাস্তবায়ন ও অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তির দাবি

খবর বিজ্ঞপ্তি

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্ত না করে সর্বজনীন পেনশন নীতিমালা বাস্তবায়ন ও অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। ২১ মে (মঙ্গলবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মীর মো. মোর্শেদুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতি উদ্যোগ এই সর্বজনীন পেনশন। যারা পেনশনের আওতাভুক্ত নন তাদেরকে এই সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করাই ছিল মূল লক্ষ্য, যা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখ রয়েছে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল হঠাৎ করে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে ‘প্রত্যয়’ স্কিম নামে পাবলিক বিশ্ববিদ্যালয়কে এর আওতাভুক্ত করে।

তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ পূর্ব থেকেই একটি পেনশনের আওতাভুক্ত রয়েছে, তাই তাদেরকে এর আওতাভুক্ত না করে যারা কোনো পেনশনের আওতাভুক্ত নন; তাদেরকে আওতাভুক্ত করলেই এই সর্বজনীন পেনশনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলে আমরা মনে করি। এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রণীত অভিন্ন নীতিমালায় ফেডারেশন কর্তৃক ১২ দফা দাবি অন্তর্ভুক্তির আহ্বান জানান। 

ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের মহাসচিব মো. নজরুল ইসলাম হিরা।

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপ-পরিচালক দীপঙ্কর সাহা, উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার তারিকুজ্জামান লিপন, উপ-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম বাবু, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বি এম আশিকুর রহমান।

মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী পরিষদের সদস্য, খুলনা বিশ্ববিদ্যালয়সহ ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ে এলে তাঁদেরকে অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খুবির সাথে ইন্দোনেশিয়ার ব্রাবিজয়া বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

যৌথ শিক্ষা-গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্বারোপ

খবর বিজ্ঞপ্তি

যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে কাজ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্দোনেশিয়ার ব্রাবিজয়া বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সার্বিক দিক-নির্দেশনায় গত ১৭ মে (শুক্রবার) ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে এ এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং ইন্দোনেশিয়ার ব্রাবিজয়া বিশ্ববিদ্যালয় পক্ষে রেক্টর প্রফেসর উইডোডো এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান উপস্থিত ছিলেন।

এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন, স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার ব্রাবিজয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো। তিনি আরও বলেন, এই এমওইউ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করবে। এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্রাবিজয়া বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাক্ষরিত এমওইউতে শিক্ষক-কর্মীদের বিনিমিয়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিনিময়, বৈজ্ঞানিক মাতৃত্ব, প্রকাশনা এবং তথ্য বিনিময়, সাংস্কৃতিক কার্যকলাপ বিনিময়, যৌথ সম্মেলন ও একাডেমিক প্রোগ্রাম যৌথ গবেষণা কার্যক্রম এবং প্রকাশনার বিষয় উল্লেখ রয়েছে। এই কার্যক্রম দুটি প্রতিষ্ঠান বা তার গঠিত বিভাগের মধ্যে পারস্পরিক পরামর্শের পরে সম্পন্ন করতে হবে। এ ছাড়াও বিভিন্ন সময় উভয় পক্ষের দ্বারা সম্মত অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

ডুমুরিয়ায় উদ্যানতাত্ত্বিক ফসলের দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা জৈবসার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের ১ম দিনের প্রশিক্ষণঅনুষ্ঠিত হয়েছে। ২১ মে মঙ্গলবার সকাল ১০ টায়  উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।

গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের ১ম দিনে এলাকা উপযোগী ব্রি বিনা কর্তৃক উদ্ভাবিত ধানের উন্নতজাত পরিচিতি,নব্য উদ্ভাবিত গম, বার্লি ও ভুট্টা ফসলের উন্নত জাত পরিচিতি, পাটের উন্নত জাত পরিচিতি, ডাল ও তৈলবীজ ফসলের উন্নত জাত পরিচিতি ও তাদের আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং বালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন কৃষিবীদ অধীর কুমার বিশ্বাস। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষাণ-কৃষাণী  অংশগ্রহণ করেন।

শ্যামনগরে  সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আওতায় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে  ২০ ও ২১ মে  ২০২৪ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের  নারী কৃষক ও সদস্যদের স্বামী এবং ছেলে দের  নিয়ে ২ দিন ব্যাপী  জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ  এর আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে  প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত  ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এবং সহকারী প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিসিআরসির সহকারী সাধারণ সম্পাদক শহর আলী, দোয়েল দলের নারী সদস্য পূর্ণিমা মন্ডল।  আরও উপস্থিত  ছিলেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী।

উপজেলা কৃষি কর্মকর্তা  জনাব মোঃ নাজমুল হুদা অল্প পরিসরে সবজি চাষ করে পারিবারিক পুষ্টি নিরাপত্তা করা যায় আলোচনা করেন। উপসহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন অল্প সেচে কি সবজি চাষ হয়,  জৈব সার বিভিন্ন প্রকার উপকারী এবং অপকারী পোকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সিসিআরসি সদস্য মোঃ শহর আলী লবণ পানিতে কিভাবে চাষ করা যায় তা আলোচনা করেন। নারী সদস্য পূর্ণিমা রানী কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয় আলোচনা করেন।

প্রশিক্ষণার্থী একাদশী মন্ডল বলেন, আমরা আগে থেকে সবজি চাষ করতাম, কিন্তু প্রশিক্ষণটি  পাওয়ার পরে আমাদের আরও বেশি উপকার হলো। নতুন নতুন কিছু পদ্ধতি শিখতে পারলাম।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও উৎসাহ দেখে  সরকারিভাবে যেসব কৃষি প্রশিক্ষণ আসে তাতে এনগেজ-প্রকল্পের নারী সদস্যদের নাম দেওয়ার প্রস্তাব দেন।

কৃষি কর্মকর্তা  জনাব মেঃ নাজমুল হুদা গ্রামের নারী-পুরুষদের নিয়ে এমন একটি প্রশিক্ষণ দেওয়ার  জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানান।

শার্শায় দুই ঘণ্টায় ভোট পড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ

যশোর অফিস।।

গত দুই ঘণ্টায় যশোরের শার্শা উপজেলার কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে  ৬৬ টি, তার শতকরা হার ২ দশমিক ৫৬। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রহমান এই তথ্য দিয়েছেন। অন্যান্য কেন্দ্রের মতো শার্শা উপজেলার রঘুনাথপুর এলাকার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০ টা নাগাদ এই কেন্দ্রে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই কেন্দ্রে ভোট ভোটার ২৫৭৮, যার মধ্যে পুরুষ ভোটার ১৫৫০ এবং নারী ভোটারের সংখ্যা ১০২৮ জন।

প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৬৬ জনের, যার শতকরা হার ২ দশমিক ৫৬ শতাংশ।

শার্শা উপজেলায় মোট ২ লাখ ৯৯ হাজার ১১১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ এবং নারী ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জন।

চুয়াডাঙ্গায় সন্ধ্যায় স্ত্রীর গলায় দড়ি, রাতে অভিযুক্ত স্বামীকে গণপিটুনি  

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানার তেঘরী গ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গণপিটুনি দেয়া হয়েছে।   সোমবার সন্ধ্যায় দর্শনা থানার  গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী কণা খাতুন(১৯) নিজ ঘরের আড়াই গলাই দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।সে একই ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝপাড়ায় কদম আলীর মেয়ে। রাতেই তার মাবাবা  কণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়।এসময় কণার মা জানায়,তার গলায় একটি ক্ষত চিহৃ ছিল। তিনি আরও জানায়,তাদের  ৭/৮ মাস আগে বিয়ে হয়।বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ও ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কনাকে মারধর করতো। এসব কারণেই হয়তো কনাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হতে পারে।এদিকে এঘটনার পর স্বামী অহিদুল ইসলামকে খুজে পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে শ্বশুর বাড়ি গহেরপুর গ্রামে আসলে শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়দের জেরার মুখে পড়ার এক পর্যায়ে ওহিদুলকে গণপিটুনি দেয়া হয়।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। আমরা মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে  প্রেরণ করেছি। ময়না তদন্তের  পর প্রকৃত কারণ জানা যেতে পারে।

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৮ নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার (২০ মে) রাতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন-মিনা বেগম, শিউলী বেগম, লিপি খাতুন, সুকজান বেগম, নাজমা খাতুন, ঝুমা, মনি ও ফারহান বেগম। এদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এরা দেশের সাতক্ষীরা, নড়াইল, নওগাঁ, খুলনা, মাদারীপুর ও নরসিংদী জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৮ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চুয়াডাঙ্গায় নঈম,আলমডাঙ্গার মঞ্জিলুর নির্বাচিত

দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ নঈম হাসান জোয়ার্দার ঘোড়া প্রতীকে- ৫০ হাজার৭শ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে  পেয়েছেন ৩৪হাজার ৮শ৩৩ ভোট।এছাড়া বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে পেয়েছেন ১১হাজার ৭শ ০৭ ভোট।অপরদিকে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে  কেএম মঞ্জিলুর রহমান  মোটরসাইকেল প্রতিকে ৩২হাজার ৯শ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী

ঘোড়া মোঃ জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯হাজার ১শ ৪০ ভোট। এছাড়া

বর্তমান চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আইয়ুব হোসেন পেয়েছেন ৫ হাজার ৮শ ২৯ ভোট।

কক্সবাজারের নবগঠিত উপজেলা নির্বাচনে সংঘাত, যুবক খুন

খুলনাঞ্চল রিপোর্ট

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষ হতেই খবর আসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ার নামে এক ব্যক্তিকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম নামে এ যুবক।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা সমর্থকরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতকে উদ্ধার করে ৪ টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ষষ্ঠ ধাপের দ্বিতীয় দফায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও এই ৩ উপজেলার ভোট ইভিএম পদ্ধতিতে শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা। চকরিয়া, পেকুয়ার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও ঈদগাঁওতে দিনব্যাপী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে দুপুরে একটি কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সামশুল আলমকে মারধর করা হয়েছে।

তার প্রধান নির্বাচনী এজেন্টে মৌলভী ইয়াছিন হাবিব জানিয়েছেন, মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটে। একই সময় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক করলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আবু তালেবকে মারধরের অভিযোগ করেন প্রার্থী নিজেই।

দুপুরে আড়াই টার দিকে আনারস প্রতীকের প্রার্থী সেলিম আকবার কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কে অবরোধ করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাকে সরিয়ে দেন।

চেয়ারম্যান প্রার্থীর বোন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, অতঃপর…

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর বোন সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের অভিযোগ ওঠায় তাকে প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। তালার হাজরাকাটি সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমার অভিযোগটি করেন।

তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের বোন তাসলিমা খাতুন তালার হাজরাকাটি সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরে বেলা সাড়ে ১১টায় স্ট্রাইকিং ফোর্স কর্মকর্তা তৈবুর রহমানের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে রিটার্নিং অফিসার এডিসি জেনারেল সরোয়ার হোসেন তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। তার স্থলে অতিরিক্ত তালিকায় থাকা অখিল কুমার মণ্ডলকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার তাসলিমা খাতুন জানান, সদ্য সাবেক তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনৎ কুমার ঘোষ কেন্দ্র পরিদর্শন পরবর্তী এ অভিযোগ উত্থাপন করায় তাকে উঠিয়ে নেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাসলিমাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়লেও দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

৬ দিনেও সন্ধান মেলেনি সেই এমপির

ঝিনাইদহ প্রতিনিধি

ছয়দিনেও সন্ধান মেলেনি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের। এ নিয়ে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা উদবিগ্ন। ছয়দিন ধরে এই এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।

মঙ্গলবার সকালে আব্দুর রউফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত শনিবার (১১ মে) এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কালীগঞ্জ বাসা থেকে দর্শনা স্থলবন্দর দিয়ে গেদে বর্ডার হয়ে ভারতে যান। কিন্তু ছয় দিন হয়ে গেল পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ ও ভারত সরকার বিষয়টি তদারকি করছে। তার পরিবারের সদস্যরা ভারতে গিয়েছেন। ভাতিজা সাইমন তিনি ভারতে অবস্থান করছেন। সাইমন জানিয়েছেন, ভারত পুলিশ ও তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে খুঁজে বের করার জন্য।

পিএস আব্দুর রউফ আরো বলেন, এমপি আনোয়ারুল আজিম ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে অবস্থান করেন। সেখান থেকে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বরানগর থানা একটি সাধারণ ডায়েরি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। জিডিতে তিনি নিখোঁজ বলে অভিযোগ করেছেন ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি সাহেবের নিখোঁজের বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আনোয়ারুল আজিম আনার এমপি নির্বাচিত হয়েছেন।

গহিন সুন্দরবনে রান্না করা হরিণের মাংসসহ ৩ নৌকা জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনের গহিনে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারিরা বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার ভোর ৫টার দিকে খুলনা রেঞ্জের অধীনে পাটকোস্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গহিন সুন্দরবনের গোনসা খাল হতে এসব রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমপি নাবিলের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

 যশোর অফিস

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগের উঠেছে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। সোমবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। আগামী ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের টানা তিনবারের সরকার দলীয় সংসদ সদস্য।

অভিযোগের বিষয়ে এমপি কাজী নাবিল আহমেদের মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়নি। তবে তার অনুসারী ও চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেন, ফাতেমা আনোয়ারের বড় পরিচয় তিনি শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটনের স্ত্রী। তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। শহরের সন্ত্রাসীদের নিয়ে ভোট করছে ফাতেমা আনোয়ার। তিনি কালো টাকা ছড়াচ্ছেন। সংসদ নির্বাচনে যারা নৌকা প্রতীকে ভোট করেছেন, তারাই আমাকে সমর্থন দিয়েছেন। আর তৃণমূলের নেতাকর্মীরা সন্ত্রাসীর বউ ফাতেমা আনোয়ারকে প্রত্যাখ্যান করেছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আমার সন্ত্রাসের কোনো রেকর্ড নেই। এমপি ও আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ফাতেমা আনোয়ার বলেন,  স্থানীয় সংসদ সদস্যের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতি দলীয়ভাবে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা থাকা সত্ত্বেও যশোর সদর (যশোর-৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রার্থী ঘোষণা করেছেন। তিনি সমর্থন দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে। বিপুলকে প্রার্থিতা ঘোষণা দিয়ে কাজী নাবিল আহমেদ উপজেলার দলীয় নেতাকর্মী, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপুলের পক্ষে কাজ করার নির্দেশনা দেন। তার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ না করলে দলীয় পদ হারানোসহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে নাবিল আহমেদ জানিয়েছেন।

ফাতেমা আনোয়ার লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় সংসদের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার পক্ষের কিশোর গ্যাং ও তাদের গডফাদারদের দ্বারা বিভিন্ন এলাকায় পেশীশক্তি প্রদর্শন করে আসছে। বিশেষ করে জেলা শ্রমিক লীগ নেতা সেলিম রেজা পান্নু ও তার অনুসারীরা বিগত ইউপি নির্বাচনের ন্যায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মী সমর্থকদের হুমকি দিয়ে আসছে। এছাড়াও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ ও তার অনুসারীরাও একইভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

ফাতেমা আনোয়ার জানান, নাবিল আহমেদের মনোনীত প্রার্থীর পক্ষে যদি কাজ না করা হয়, তাহলে চেয়ারম্যান ও তাদের সহযোগী অঙ্গ-সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সরকারি আর্থিক সুবিধা (ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা) থেকে বঞ্চিত করবেন। এছাড়াও উপজেলার সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পদ হারানোর ভয়ভীতি প্রদর্শন করছেন। এছাড়া নাবিল আহমেদের ঘনিষ্ঠ সুজন সাত্তার স্থানীয় সংসদের নির্দেশের বাহিরে যেসব আওয়ামী লীগ নেতাকর্মী কাজ করবে তাদের নামের তালিকা তৈরি করছেন। এছাড়া নাবিল আহমেদ বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার দিন ও সময় চূড়ান্ত করেছে; যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।

যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, ফাতেমা আনোয়ার কিছু অভিযোগ করেছেন। সব অভিযোগ আমলে নিয়ে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ফাতেমা আনোয়ার নয়; সব প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং অপর পক্ষের নেতৃত্ব দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

ফাতেমা আনোয়ার কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যুবলীগের নেতা তৌহিদ চাকলাদারকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সমর্থন দিয়েছেন। নাবিলের সমর্থন না পাওয়াতে ফাতেমা আনোয়ার নাবিল অংশের কিছু নেতাকর্মী নিয়ে নিজের মতো নির্বাচন করছেন। এর পর থেকে ফাতেমা নাবিলের দ্বন্দ্ব শুরু। গত ১৮ মে সর্বশেষ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বজন নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ফাতেমা আনোয়ারকে।

গো-খাদ্যের দাম চড়া, প্রভাব পড়বে কোরবানির পশুর হাটে

সাতক্ষীরা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার খামারিরা। তারা নিয়মিত পশুর যত্ন নিচ্ছেন। তবে গো-খাদ্যের মূল্য বেশি হওয়ায় কোরবানির হাটে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরাতে এবার কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৭০৮টি। তবে জেলার চাহিদা রয়েছে এক লাখ ৫৭৭টি। এরমধ্যে গরু রয়েছে ৪৫ হাজার ২৬৫টি, মহিষ ৭৩৭টি, ছাগল ৭৬ হাজার ৫৯২টি এবং ভেড়া ছয় হাজার ৩১১টি। সংশ্লিষ্টদের দাবি, প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে।

সাতক্ষীরার তালতলা গ্রামের খামারি আব্দুল কাদের বলেন, ‘আমার খামারে বর্তমান কোরবানিযোগ্য পশু আছে ৩০টি। তবে খাদ্য-খাবারের যে দাম, লাভ করা খুব টাফ ব্যাপার। তারপরও আমরা চাষি। এটাই আমাদের পেশা।’

খামারি ওমর আলী বলেন, ‘আমি ২০০০ সাল থেকে গরু পালন করছি। এবছর আমার খামারে ১৫টি গরু কোরবানির জন্য বিক্রি করা হবে। তবে গতবছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম যেভাবে বেড়েছে তাতে গরুর দাম বেশি হওয়াটা স্বাভাবিক। গতবছরের তুলনায় একটু দাম বেশি না হলে খামারিরা বাঁচবে না।’

এবারও কোরবানির পশুর দাম চড়া হবে বলে জানান খামারি নাজমুল হাসান। এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদন খরচ বেশি হয়েছে। তাই একটু লাভ করতে হলে বেশি দামে পশু বিক্রি করতে হবে। আশা করছি, এবার ঈদে ভালো দাম পাবো।

সাতক্ষীরার সবচেয়ে বড় পশুর হাট আবাদের হাটের ইজারাদার হাবিবুর রহমান হবি। তিনি জানান, সপ্তাহে শনি ও মঙ্গলবার আবাদের হাট বসে। গত হাট থেকে মোটামুটি কোরবানির পশু আসা শুরু হয়েছে। ঈদের ১০-১৫ আগে হাট জমে উঠবে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান বলেন, জেলার চাহিদা মিটিয়ে বিগত বছরের তুলনায় এবার প্রায় ২৯ হাজার পশু উদ্বৃত্ত থাকবে।

দাম প্রসঙ্গে তিনি বলেন, গরু পালনের ক্ষেত্রে মোটামুটি ৭০ শতাংশ কৃষক ঘাসের ওপর নির্ভরশীল হয়ে গেছে। ফলে গতবার যেমন বাজার স্বাভাবিক ছিল, এবারও স্বাভাবিক থাকবে।

খুলনায় বিমানবন্দর নির্মাণ ও পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

সরকারি অর্থায়নে খুলনায় বিমানবন্দর নির্মাণ ও পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। মঙ্গলবার (২১ মে) দুপুরে খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইউসুপ আলী।

স্মারকলিপিতে বলা হয়, প্রাকৃতিক এবং ভূরাজনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে খুলনাকে দক্ষিণ এশিয়ার একটি বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। কারণ খুলনায় সড়ক ও রেল সুবিধা, নৌ এবং সমুদ্র বন্দর রয়েছে। সরকারের দূরদৃষ্টি পরিকল্পনার মাধ্যমে খুলনার মধ্য দিয়ে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এজন্য বেশ কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। যার মধ্যে খুলনা বিমানবন্দর অন্যতম। মোংলা সমুদ্র বন্দর, ইপিজেড ও সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প এবং ব্যবসা বাণিজ্য বিকাশের জন্য বিমানবন্দরটি নির্মাণ হওয়া অত্যন্ত জরুরি।

স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনায় শিল্পায়নের সব ধরনের সম্ভাবনা থাকলেও বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে শুধু গ্যাসের অভাবে। এজন্য খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মনিরুজ্জামান রহিম, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, নিজাম উর রহমান লালু, আবুল বাসার, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, শেখ হাফিজুর রহমান হাফিজ, মিনা আজিজুর রহমান, নারী নেত্রী সিলভি হারুন, রসু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়রায় শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রিিতনিধি

কয়রায় শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট ও জখম করে মারাত্মক আহত করেছে দুবৃত্তরা। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছেলের হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ও এ ঘটনার প্রতিবাদে সম্মেলন করেছেন উপজেলার ৫নং কয়রা গ্রামের আছাদুল ইসলামের স্ত্রী  মোছাঃ নুরুন্নাহার খাতুন। গতকাল ২১ মে বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি জানান, আমার প্রতিবেশি কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিনের সাথে আমাদের পারিবারিক ও ব্যাক্তিগত বিরোধ চলে আসছে। তারা প্রায় সময় আমার পুত্র শরিফুল ইসলামকে ভয়ভিতসহ জীবন নাশের হুমকি দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৮ মে সন্ধা সাড়ে ৬ টার দিকে আমার পুত্র শরিফুল ইসলাম বড়বাড়ি হতে বাড়ি ফিরার পথে সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সহ তার সঙ্গীয় আরও কয়েক জন মিলে আমার পুত্র শরিফুলকে মেধড়ক মারপিট করে কুপিয়ে মারাত্মক জখম করে। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরে তাকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্ত্যবরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে আমার পুত্র সেখানে আইসিওতে মৃত্যুমুখী হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার গায়ে হাতে অসংখ্য কোপের দাগ রয়েছে। বিষয়টি নিয়ে আমার স্বামী আছাদুল সরদার বাদী হয়ে  ৯ জনকে আসামী করে কয়রা থানায় মামলা রুজু করেন। যার মামলা নং-৮/৫৩। মামলা করার পর আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তারা প্রভাবশালী হওয়ার আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা। সংবাদ সম্মেলন মাধ্যমে এ ধরনের ন্যাক্কার জনক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।  এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় আমি কোন প্রকার জড়িত ছিলাম না। আমাকে ফাসাতে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে।

কয়রায় সেভ দ্যা গার্ডেন অব চিলড্রেন প্রকল্প অবহিতকরন সভা

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রায় সেভ দ্যা গার্ডেন অব চিলড্রেন প্রকল্পের অবহিতকরন সভা গতকাল ২১ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  মানুষের জন্য ফাউন্ডেশন ও আলোকিত চারি এই অবহিতকরন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অসিয়ার রহমান তম্ময়, আলোকিত চারির নির্বাহী পরিচালক মিঠুন দাস কাব্য, বেদকাশি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল মাজেদ, কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম রেজাউল করিম, শিক্ষার্থী চন্দিকা রানী মন্ডল প্রমুখ। প্রকল্প অবহিতকরন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দাকোপে জেলেদের নিয়ে উপজেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি

২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ থাকায় দাকোপে জেলেদের নিয়ে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ আওতায় কামিনিবাসিয়া পশ্চিমপাড়া ও গড়খালী পূর্বপাড়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে মঙ্গলবার (২১ মে ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ থানার এসআই সুশান্ত পাল, চালনা নৌ-পুলিশ ইনচার্জ এসআই পিটার বিশ^াস, উপজেলা এসডিএফ এর ম্যানেজার রেজাউল ইসলাম, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। জেলেদের মধ্যে বক্তৃতা করেন রবিন গাইন, আব্দুল মজিদ, অঞ্জনা সরদার প্রমুখ।

খুলনা বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা

শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে

তথ্য বিবরণী

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে। সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য প্রাপ্তি যাতে সহজলভ্য না হয় সে ব্যাপারে সকলের কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আগামী ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তামাক ও তামাকজাত দ্রব্য থেকে শিশু-কিশোরদের রক্ষাকরা বর্তমানে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিশুদেরকে খেলাধুলা ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৩১ মে প্রতিবছরের ন্যায় এবারও বিশ^ তামাকমুক্ত দিবস পালন করা হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি।

সভায় কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশ নেন।

খুলনায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি:

খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোনাডাঙ্গা সোলার পার্ক, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুয়েট ক্যাম্পাস, রূপসা ব্রিজ চত্ত্বরসহ ১০টি উন্মুক্ত স্থানে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। গতকাল সকাল ৬টায় এসব স্থানে সমবেত হন শতশত ধ্যানী। ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ‘’  প্রতিপাদ্য নিয়ে ধ্যানীরা ধ্যান করেন। প্রত্যয় ব্যক্ত করেন- ‘ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব‘। আশাবাদ ব্যক্ত করেন, মেডিটেশন চর্চার মধ্য দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার। এর মাধ্যমে আমারা একদিন রূপান্তরিত হব সুস্থ সবল কর্মদ্যোমী ও সমমর্মী এক জাতিতে।

সারা দেশের ন্যায় মঙ্গলবার কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার উদ্যোগে ১০টি উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় বিশ্ব মেডিটেশন দিবস। এতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানান বয়সী মানুষ। এসময় প্রাণায়াম চর্চা, আলোচনা আর মেডিটেশন করেন ধ্যানীরা।

আমাদের দেশে দিন দিন বাড়ছে মেডিটেশনের জনপ্রিয়তা। দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুদিন ধরেই মেডিটেশনের ওপর গুরুত্বারোপ করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্যে বিদ্যমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মেডিটেশন। প্রেসক্রিপশনে এমন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন দেশের চিকিৎসক মহল।

বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক অর্থাৎ টোটালি ফিট থাকতে মেডিটেশন বা ধ্যানের কার্যকারিতা এখন চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত। বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বর্তমান বিশ্বে সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির প্রকোপই বেশি। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদস্থূলতা, বিষণ্নতা, অনিদ্রা, উদ্বেগ-উৎকণ্ঠা, স্ট্রেস ইত্যাদির ফলে মৃত্যুর হার ক্রমশই বাড়ছে। এসব অসুস্থতা থেকে মুক্ত থেকে সুস্থ কর্মক্ষম জীবন পেতে সচেতন মানুষ তাই ঝুঁকছেন এখন লাইফস্টাইল বা জীবনধারা পরিবর্তনের দিকে। আর লাইফস্টাইল পরিবর্তনের একটি বড় উপাদান হলো, দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চাকে অন্তর্ভুক্ত করা।

প্রতিদিন ২০-৩০ মিনিট ধ্যানচর্চা হতে পারে প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। সাথে  বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম, শারীরিক পরিশ্রম, ভালো ঘুম, ইতিবাচক চিন্তা, হাসি ইত্যাদি যুক্ত হলে তো কথাই নেই। অসংক্রামক ব্যাধির দৌরাত্ম্য কমে যাবে। বেড়ে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য। ফলে সাশ্রয়ী হবে চিকিৎসা ব্যয়। যা ব্যক্তিজীবনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ফেলবে ইতিবাচক প্রভাব।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে ২১ মে বিশ্ব মেডিটশন দিবস উৎযাপন করে আসছে আত্মউন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন।

একই মঞ্চে শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জয়-পরাজয় মেনে নিয়ে সকল উন্নয়নে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা।

শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২১ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি অবস্থান করেন উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস প্রতীক) এবং আসাদুজ্জামান মিলন (দোয়াত কলম প্রতীক)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজ, আজিজুল ইসলাম সবুজ, মুফতি আব্দুল জলিল, এইচ এম আসাদুজ্জামান মাসুদ এবং মহিলা ভাইস চেয়রাম্যান প্রার্থী রাহিমা আক্তার হাসি ও শিখা আক্তার।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত এবং আসাদুজ্জামান মিলন তাদের বক্তৃতায় বলেন, আমরা নির্বাচিত হলে শরণখোলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। আর যদি নির্বাচিত হতে না পারি তবুও বিজয়ী প্রার্থীর পাশে থেকে উপজেলার সকল উন্নয়নে সহযোগিতা করবো।

পিএফজির প্রধান সমন্বয়কারী ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা সমসন্বয়কারী সুকমল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, পিএফজি সদস্য এম ওয়াদুদ আকন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীর যুবক কিরগিজস্তানে নির্যাতনের স্বীকার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীর যুবক কিরগিজস্তানে নির্যাতনের স্বীকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া এলাকার হেমায়েত মাতুব্বরের ছেলে আরিফ (৩০) এই নির্যাতনের স্বীকার হচ্ছে। তারা জানায়, দুই বছর আগে থেকে আরিফ তার আত্মীয়ের সাথে ঢাকায় ইলেক্ট্রনিক্স এর কাজ করত। সেখান থেকে পরিচয় হয় আদম ব্যবসায়ী প্রতারক তুহিনের সাথে। তুহিন আরিফকে তখন থেকেই মালায়েশিয়া কাজের জন্য পাঠানোর কথা বলে বিভিন্ন সময় চারলক্ষ টাকা নেয়। গত এপ্রিল মাসের ২৮ তারিখে আরিফকে হঠাৎ ফোন দিয়ে ঢাকায় নিয়ে যায় এবং মালায়েশিয়া না পাঠিয়ে তরিগরি ভিসা করে কিরগিজস্থান পাঠিয়ে দেয়। কিরগিজস্তানে এয়ারপোর্ট গিয়ে আরিফ কাউকে না পেয়ে তিন দিন সেখানে অবস্থান করার পরে পাকিস্তানি একটা হোটেলে যায়। সেখানে পুলিশি হওরানি হলে সে ওখান থেকে অন্য এক দালালের মাধ্যমে সে কৃষি কাজে যায়। দালাল তাকে আটকিয়ে রেখে কাজ করায় এবং বিভিন্ন অযুহাতে মানুষিক নির্যাতন করেন। দালালের চোখ ফাঁকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এসব তথ্য জানান নির্যাতনের স্বীকার আরিফ। নির্যাতনের ভিডিও পেয়ে আরিফের পরিবারে চলছে আহাজারি। হতদরিদ্র পরিবার আরিফের মা অন্যের বাসায় জি এর কাজ করে এবং বাবা একজন দিনমজুরী। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বসত বাড়ীর জমি বিক্রি করে ও বিভিন্ন এনজিও থেকে ঋন নেয়। আরিফকে নির্যাতনের বিষয়ে পরিবার এজেন্সির কাছে জানালে মিলন ও তুহিন আরও টাকা চেয়ে পরিবারকে হুমকি দেয়।

 এ বিষয়ে আরিফের পিতা হেমায়েত জানায়, মাননীয় প্রধানমস্ত্রীর কাছে আবেদন আমার ছেলেকে কিরগিজস্তান থেকে উদ্ধার করার অনুরোধ করছি। আমরা সর্বহারা হয়ে গেছি। আরিফের এই সংবাদে আমাদের পরিবার অনাহারে দিনকাটাচ্ছি।

নির্যাতিত আরিফ জানায়, আমাদেরকে ওখানের লোকজন অনেক নির্যাত করে ও নিয়মিত খাবার দেয় না এবং অনেক টাকা দাবী করে। রাত্রে একটি ঘরে আটকিয়ে রাখে বাহিরে বের হতে পারি না।

নির্যাতিত আরিফের ফুফাতো ভাই আল-আমিন জানায়, আমাদের এখানে আরিফ কাজ করত, তুহিন এবং মিলন এসে মালায়েশিয়ার কথা বলে টাকা নিয়েছে পরে ঐ কিরগিজস্তানে পাঠায়।  আমার আপন ভাই হাফিজুলকে ও পাঠাইছিলাম কিন্তু পরে কাগজপত্রে ত্রুটি থাকার কারনে বিনাম বন্দর থেকে আবার ফেরৎ পাঠিয়ে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগের ও বেসরকারি টেলিভিশনের মাধ্যমে জানতে পেয়েছি। আমি আরিফের বাড়ীতে গিয়েছিলাম সকল বিষয় জেনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দুদকের মামলায় সাবেক সাব-রেজিষ্ট্রারসহ ২ জনের কারাদণ্ড

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুনীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুস সাত্তারকে (৬৫) তিন বছর এবং সার্ভেয়ার আব্দুল মজিদকে (৫১) ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত) এর বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুস সাত্তার বরগুনা সদর উপজেলার সিংড়াবাড়ী এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে। আব্দুল মজিদ মেহেরপুর পৌর এলাকার মৃত ইছাহক আলীর ছেলে আব্দুল মজিদ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মজিদ সরকারি কর্মচারী হওয়ার সুযোগ নিয়ে ভূমিহীনদের  খাসজমি বন্দোবস্ত প্রদানের কবুলিয়ত রেজিষ্ট্রশনের কাজ প্রতারণা করে জাল জালিয়াতির মাধ্যমে ১৮টি দলিল সম্পাদন করেন। এ ঘটনায় মেহেরপুর উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারী কাম হিসাব রক্ষক (বর্তমানে মৃত) বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। যার মামলা নম্বর-২৪, তারিখ ২৫/০৭/২০১১ খ্রি.। পরে এ মামলায় তদন্ত শুরু করে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল। তার বদলিজনিত কারণে পরবর্তীতে মামলাটি তদন্ত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফ্ফার। তদন্ত শেষে ২০১৭ সালের ১০ জুলাই ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭৭(ক)/২১৭/১০৯ ধারায় আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারকার্য শেষে মঙ্গলবার মামলায় রায়ের দিন ধার্য করেন আদালত।

কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু জানান, দুদকের মামলায় মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুস সাত্তারকে ৩ বছরের কারাদণ্ড এবং সার্ভেয়ার আব্দুল মজিদকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই জনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক।

আশাশুনি থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারীকে নিজ থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলার স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে আশাশুনি থানায় নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে। মঙ্গলবার (২১ মে) সকালে দায়িত্ব বদলের ঘটনাটি ঘটে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি)মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় বিশ্বজিৎ অধিকারীকে অব্যাহতি দিয়ে তার স্থলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৩৫ জন। এখানে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, ভাইস চেয়্যারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন নির্বাচন করছেন।

শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ

খুলনাঞ্চল রিপোর্ট

ময়মনসিংহের ত্রিশালে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেলো এক নারী ও দুই শিশুর লাশ। খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাঁকচর নয়াপাড়া গ্রামে এ লাশের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনা এলাকাবাসির মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে একটি শিয়াল গর্ত খুঁড়ে এক শিশুর লাশ নিয়ে টানাহেঁচড়া করছিল। দৃশ্যটি দেখে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আরো এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারী ও দুই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত নারীর বয়স আনুমানিক (৩৫) এবং দুই শিশুর মধ্যে একজনের বয়স তিন বছর ও অপরজনের বয়স পাঁচ/ছয় বছর হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধারকৃত লাশগুলো ওই এলাকার বাসিন্দা নয় বলে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের অথবা মা ও দুই সন্তান হতে পারে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৃথক গর্ত থেকে মধ্যবয়সী এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যার কারণ ও লাশের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে। এদিকে সিআইডি, পিবিআই, র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।