Home আঞ্চলিক কয়রায় এক উন্নয়নকাজে তিন হাতবদল

কয়রায় এক উন্নয়নকাজে তিন হাতবদল

13


কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় প্রায় সাড়ে ৬৮ লাখ টাকা প্রাক্কলিত মূল্যের একটি উন্নয়নকাজ মূল ঠিকাদার থেকে তিনবার হাতবদল হয়েছে। প্রতিবার হাতবদলে চুক্তিমূল্য থেকে পাঁচ লাখ টাকা করে কমে ৪৭ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। এ ছাড়া কাজের প্রাক্কলন অনুযায়ী বরাদ্দের ১০ শতাংশ কম মূল্যে দরপত্র দাখিল করায় আরও সাত লাখ টাকা কমেছে। ফলে মানসম্মত কাজ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে কয়রা উপজেলা সদর থেকে হায়াতখালী জিসি সড়কের জালালের মোড় হয়ে দেউলিয়া বাজার পর্যন্ত ৫৬০ মিটার নালা নির্মাণকাজ চলছে। দরপত্রে উল্লিখিত বরাদ্দের ১০ শতাংশ কম দরদাতা হিসেবে চুয়াডাঙ্গার ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ ব্রাদার্সকে এ বছরের ১০ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। আগামী ৩০ জুন কাজের মেয়াদ শেষ হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে জানে আলম ওরফে জন্নুন সানা নামে স্থানীয় এক ঠিকাদার ১০ লাখ টাকায় কাজটি কিনে নেন। পরে কামরুল ইসলাম ও রবিউল নামে দুই শ্রমিক সরদারের কাছে পাঁচ লাখ টাকা লাভে কাজ বিক্রি করে দেন জানে আলম। বর্তমানে দুই শ্রমিক সরদার নির্মাণকাজের দায়িত্বে রয়েছেন। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ ব্রাদার্সের মালিক জাকাউল্লাহর দাবি, কাজ বিক্রি করা হয়নি। ব্রাইট নামে এক ব্যক্তি তাঁর হয়ে কাজ দেখাশোনা করছেন। তবে নির্মাণকাজের স্থলে এ নামের কাউকে পাওয়া যায়নি।
নির্মাণকাজের স্থলে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা রাস্তার পাশে প্রায় সাড়ে তিন ফুট মাটি খুঁড়ে ড্রেন নির্মাণের জন্য সিসি ঢালাইয়ের কাজ করছেন। গত ১৫ মে উপজেলার সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সামনে বেজ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় সেখানে দায়িত্বরত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। শ্রমিকরা জানান, ছোটখাটো ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী লাগে না। তারা আরও জানান, কামরুল ও রবিউলের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।
স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোফা বলেন, তাঁর দোকানের সামনে দিয়ে নালা নির্মাণকাজ চলছে। সেখানে শ্রমিক ছাড়া ঠিকাদার অথবা কোনো প্রকৌশলীকে আসতে দেখেননি। শ্রমিকরা তাদের সরদারের কথামতো নির্মাণকাজ করে যাচ্ছেন।
স্থানীয় সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, এভাবে একটি উন্নয়নকাজ হাতবদল হতে থাকলে সেখানে মানসম্মত কাজ হওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ, সর্বশেষ দামে যারা কাজটি নিয়েছে, তারাও লাভ করার চেষ্টা করবে।
কাজের সাব-ঠিকাদার জানে আলম বলেন, মূল ঠিকাদারের কাছ থেকে ১০ লাখ টাকা লাভ দিয়ে কাজ কিনে কামরুল ও রবিউল নামে দুই শ্রমিক সরদারকে নিয়ে একসঙ্গে কাজ করছি।
তারা এ কাজে অভিজ্ঞ হওয়ায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে কয়রা উপজেলা প্রকৌশলী দারুল হুদা বলেন, কাজটি হাতবদল হয়েছে কিনা তাঁর জানা নেই। তারা দেখবেন প্রাক্কলন ও নকশা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা। কে কাজ করল, তা তাদের দেখার বিষয় নয়। কাজ ভালো না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।