Home খেলাধুলা বিপিএলের পর আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, শুরু হবে ডিসেম্বরে

বিপিএলের পর আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, শুরু হবে ডিসেম্বরে

31


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এতদিন টি-টোয়েন্টি সংস্করণের একটি টুর্নামেন্টই ছিল, বিপিএল। এবার দেশে টি-টোয়েন্টির আরও একটি টুর্নামেন্ট আয়োজিত হবে। চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে হবে এই টুর্নামেন্ট।

আজ মঙ্গলবার নতুন এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবির টুর্নামেন্ট কমিটি। জাতীয় ক্রিকেট লিগের ৮ দল নিয়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। আটটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে। ফাইনাল খেলবে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল।

বোর্ডের প্রধান সমন্বয়ক নতুন টুর্নামেন্টের ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এনসিএলের ৮টি দল নিয়েই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। ১২৮ থেকে ১৩০ জন ক্রিকেটারের খেলার সুযোগ মিলবে এখানে। এই সংস্করণের ঘাটতিগুলো পূরণের মাধ্যমে এতে বাংলাদেশের ক্রিকেটই উপকৃত হবে।

এদিকে, পরিবর্তন আনা হয়েছে প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় লিগের কাঠামো এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সূচিতে। এতদিন ৮ দলকে দুটি স্তরে ভাগ করে দুই লেগ পদ্ধতিতে হতো জাতীয় লিগ। তবে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া পরবর্তী আসরে আর এই স্তরবিন্যাস থাকছে না। আর টি-টোয়েন্টি টুর্নামেন্টকে জায়গা করে দিতে পিছিয়ে দেওয়া হয়েছে বিসিএল।