স্পোর্টস ডেস্ক
দুই বছর পরে আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবলে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেল অন্যতম ফেবারিট দল ব্রাজিল।
চোখের চোটের কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটিতে খেলা দলের অন্যতম গোলকিপার এদেরসন। তার জায়গায় নেওয়া হয়েছে সাও পাওলোর গোলকিপার রাফায়েলকে। এই পরিবর্তন ছাড়াও ব্রাজিল দলে আরও ৩ সদস্য যোগ করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের স্কোয়াড গড়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে দরিভাল আগে ২৩ সদস্যের দল দিয়েছিলেন। তাই এই নতুন ৩ জনকে যোগ করা। এই তিনজন হচ্ছেন, জুভেন্টাসে খেলা ডিফেন্ডার ব্রেমের, আতালান্তার মিডফিল্ডার এদেরসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপে।
কোপা আমেরিকা শুরু হবে আগামী ২১ জুন। আর ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ২৪ জুন, কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। লাতিন আমেরিকার টুর্নামেন্ট হলেও উত্তর আমেরিকার কয়েকটি দলও এই প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টে নামার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
কোপা আমেরিকার ব্রাজিল দল
গোলকিপার: আলিসন, বেন্তো, রাফায়েল।
ডিফেন্ডার: এদের মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, বেরালদো, দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্দেল, ব্রেমের, গিলের্মে আরানাল।
মিডফিল্ডার: লুকাস পাকুয়েতা, এদেরসন, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, দগলাজ লুইজ, হোয়াও গোমেজ।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, এনদ্রিক, ইভানিলসন, রদ্রিগো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, পেপে।











































