
চেম্বার সভাপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ‘পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ’ নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজি আমিনুল হকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন ‘পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা’র আহবায়ক এস এম হাবিব, যুগ্ম আহবায়ক খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এস এম জাহিদ হোসেন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু হেনা মোস্তফা জামাল পপলু, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, খুলনা টিভি ক্যামেরা এসোসিয়েশনের আহবায়ক নেয়ামুল হোসেন কচি. খুলনা কোর্ট রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ জলিল, সদস্য সচিব বিএফইউজের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
সরকারি এম এম সিটি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের সুস্থ জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জীবনে সার্বিক সফলতার জন্য শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। কৃতী খেলোয়াড়রা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছে। সে কারণে সরকারও যথাযথ পৃষ্ঠপোষকতার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে তুলেছে।
সিটি মেয়র সোমবার সকালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল (এমএম) সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সিটি মেয়র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সরকারি এমএম সিটি কলেজকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সিটি মেয়র অরো বলেন শিক্ষকদের দক্ষতা ও আন্তরিকতায় শিক্ষা প্রতিষ্ঠানটি এতদাঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের শিক্ষা ব্যবস্থায় প্রভুত উন্নতি সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভে সক্ষম হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো: বদিউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি’র পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: মনিরুল ইসলাম সরদার, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মো: আব্দুল্লাহ ও কলেজের প্রাক্তন ভিপি মো: ফয়েজুল ইসলাম টিটো। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনায় উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার
তথ্য বিবরণী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক সেমিনার সোমবার খুলনা গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চিংড়ি চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু চিংড়ি চাষে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকারের সঠিক পদক্ষেপের ফলে মৎস্য সেক্টর অনেক এগিয়ে গেছে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অনুষ্ঠানে বলেছিলেন মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক সম্পদ। মেয়র বলেন, মাছ উৎপাদনে ক্ষতিকর বিষ ও রাসায়নিক দ্রব্য পুশ থেকে বিরত থাকতে হবে। বিষ দিয়ে এখনও মাছ ধ্বংস করা হচ্ছে। আমরা দেশীয় মাছগুলো প্রায় হারিয়ে ফেলতে বসেছি। দেশীয় মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি করতে হলে গবেষণা প্রতিষ্ঠান থাকা প্রয়োজন। পরিবেশ ও প্রতিবেশ ক্ষতি করে এমন কোন কাজ করা যাবে না। সকল কাজে পরিকল্পনা থাকা দরকার, পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। কৃষিকে ধরে রেখে মাছ চাষ করতে হবে। যে অঞ্চল মাছ চাষের জন্য নির্ধারিত সেখানেই মাছ চাষ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো: রাশীদুজ্জামান, খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো: আলমগীর। এতে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী ও প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উপকূলীয় অঞ্চলের পানি পরিবেশ ও চ্যালেঞ্জসমূহ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: নাজমুল আহসান ও উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে জানানো হয়, সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ ২৫তম, মাছ উৎপাদনে পঞ্চম, ইলিশ উৎপাদনে প্রথম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ ও মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়। দেশে মাছের চাহিদা ৪৬.৬৪ মেট্রিক টন এবং উৎপাদন ৪৭. ৫৯ মেট্রিক টন। চিংড়ি উৎপাদন ২,৬১,১৫৪ মেট্রিক টন, চাষকৃত চিংড়ি ১,৪৫,২১৩ মেট্রিক টন, চিংড়ি মাছ রপ্তানি ৩০, ৫৭১ মেট্রিক টন। মৎস্য ও মৎসজাত পণ্য রপ্তানি ৭৪, ০৪৩ মেট্রিক টন, মৎস্য ও মৎসজাত পণ্য রপ্তানি করে আয় ৫১৯১.৭৬ কোটি টাকা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ১৯.৫ লাখ মিলিয়ন বা ১২ শতাংশ। জিডিপিতে মৎস্য সেক্টরে অবদান ২.৪৩ শতাংশ, কৃষিখাতে অবদান ২২.১৪ শতাংশ। জনপ্রতি বার্ষিক মাছ গ্রহণ ২৫ কেজি এবং জনপ্রতি বার্ষিক মাছের চাহিদা ২৩.৭২ কেজি। সরকারের নির্বাচনি ইশতেহারে টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিতকরণের মাধ্যমে মৎস্য উৎপাদন ৪৯.৫৯ লাখ মেট্রিক টন থেকে ৫৮.৪০ লাখ মেট্রিক টনে উন্নতিকরণ এবং পুষ্টির চাহিদা পূরণে জনপ্রতি মাছ গ্রহণের পরিমাণ ৬৭.৮০ গ্রাম থেকে ৭৫ গ্রামে উন্নিত করা হবে।
সেমিনারে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, বিএফএফইএ, মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিংড়ি চাষি, ডিপো/হ্যাচারী মালিক ও গণমাধ্যমেরকর্মীরা অংশ নেন।
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার দুপুরে খুলনার খালিশপুরস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বিএসটিআই মূলত শিল্পজাত ও খাদ্যপণ্যের মান, ওজন ও পরিমাপ নিয়ে কাজ করে। মানসম্মত পণ্য উৎপাদনের অনুমতি নিয়ে যদি কোন প্রতিষ্ঠান মানহীন পণ্য উৎপাদন করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখার স¦ার্থে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করা দরকার। বিএসটিআইকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নাগরিকরা সচেতন হলে সমাজ হতে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। খুলনা বিএসটিআই’র উপপরিচালক মো: আলাউদ্দিন হুসাইনের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (মেট্রোলজি) মো: মোন্নাফ হোসেন।
রামপালে চিরকুট লিখে কলেজপড়ুয়া ছাত্রীসহ ২ জনের আত্মহত্যা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ১২ ঘন্টার ব্যবধানে চিরকুট লিখে রেখে কলেজ পড়ুয়া ছাত্রীসহ দুইজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলার দায়ের হয়েছে। রামপাল থানার এসআই মো. কামাল হোসেন জানান, উপজেলার তালবুনিয়া মিত্রাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা হামিদ হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে রওশন আরা আক্তার সুমাইয়া (১৮) বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রবিবার (১৯ মে) রাত সাড়ে ১১ টা থেকে রাত ২ টার মধ্যে সে আত্মহত্যার ঘটনা ঘটায় বলে জানান। নিহত ছাত্রী সুমাইয়া গিলাতলা আবুল কালাম ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী। মৃত্যুর পূর্বে সে রংপুরের হৃদয় নামের একটা ছেলেকে ভালোবাসে উল্লেখ করে লিখেছে, সে যদি কোন সময় আসে তবে তাকে যত্ন করবে, তাকে গেন্জী ও ব্রেসলেটটি দিয়ে দেওয়ার অনুরোধ করে চিরকুট টি পড়ার টেবিলের উপর রেখে দেয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ উল্লেখ করেছে। ময়না তদন্তের জন্যে ওই তরুণীর লাশ বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে সোমবার (২০ মে) বেলা ১১ টায় উপজেলার ডাকরা কুমারখালী গ্রামের মুজিবর শেখের ছেলে আলী আজম (২৭) আত্মহত্যার ঘটনা ঘটায়। সে তার নিজ বাড়ীর শয়নকক্ষের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ৬ বছর বয়সী জমজ ছেলে মেয়ের জনক। তার পিতা মুজিবর রহমান জানান, নিহত আজম বদমেজাজি ছিল। গত ১০ বছর পূর্বে বিয়ের আগে একবার তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। প্রাথমিক সুরতহাল রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারনা। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে তদন্ত কার্মকর্তা কামাল হোসেন জানান।
এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস পৃথকভাবে দুইটি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটির মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। অপর নিহত যুবকের বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#
পাইকগাছার চাঁদখালীতে ২০ হাজার মানুষের জন্য করবস্থান নির্মানের জোরালো দাবি এলাকাবাসীর
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে প্রায় ২০ হাজার মানুষের সরকারী কোন কবরস্থান নাথাকায় ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। ৪ও ৫ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে বসবাস করছে আরো ২২৬টি পরিবার। ওই এলাকায় স্থানীয়দের জন্য পারিবারিক কবরস্থান থাকলেও সাধারণ মানুষ ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের শেষ যাত্রার ঠিকানা হিসেবে সরকারি কোনো কবরস্থান নেই। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে শোকাহত স্বজনদের।আর আগামীতে সাধারণ মানুষ ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের সমাহিত করতে সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওই ওয়ার্ডের সীমান্ত এলাকায় কপোতাক্ষ নদীর পলি জমে জেগে উঠেছে বিশাল একটি চর। তাই ওই জায়গায় দ্রুত সরকারিভাবে উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের জন্য পৃথক একটি কবরস্থান নির্মাণের দাবি করেন এলাকাবাসী। রবিবার বিকাল ৩টায় এলাকাবাসি ও গুচ্ছ গ্রামের বাসিন্দারা স্ব-শরীরে ওই জায়গায় উপস্হিত হয়ে কবরস্থানের দাবি তোলেন।
৩০ বছরের অধিক সময় ধরে গুচ্ছ গ্রামে বসবাসকারি মুজিবুর রহমান ও আকিল উদ্দীন সহ একাধিক ব্যক্তি জানান, এখানে কোন সরকারি কবরস্থান নেই। একটি সরকারি কবরস্থানের খুব জরুরি প্রয়োজন। তাই একটি কবরস্থানের জন্য সরকারের কাছে দাবি জানাই। স্হানীয় বকতিয়ার রহমান গাজী,আলাম গাজী, রফিকুল ইসলাম গাজী,বেলাল হোসেন, মনুগাজী ও আসাদুল গাজীসহ একাধিক এলাকাবাসি জানান, এখানে ২টি গুচ্ছ গ্রামে মোট ২২৬টি পরিবার সহ একালাবাসির জন্য কোন কবরস্থান নেই। একটি কবরস্থানের খুব প্রয়োজন। তাই এখানে একটি কবরস্থান নির্মানের জন্য সরকারের কাছে জোর দাবি করছি। এদিকে কাওয়ালী মৌজায় ৩ একর খাস জমি রয়েছে। তাই ওয়ার্ডবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে ওই খাস জমিতে একটি স্থায়ী করবেরর স্থানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানান তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, চাঁদখালী ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের এলাকাবাসিসহ দুটি গুচ্ছ গ্রামের বসবাসকারি ২২৬টি পরিবারের বাসিন্দাদের জন্য কোন কবরস্থান নেই। তাদের একটি সরকারি কবরস্থান প্রয়োজন। এটি হলে অনেক ভালো হবে। সাধারন মানুষের শেষ যাত্রার একটি স্থায়ী ঠিকানা হবে। তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সরকারি ভাবে একটি কবরস্থান নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন। মতবিনিময় সভায় তিনি নির্বাচন সুষ্ঠু,স্ব”ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটারদের উৎসাহিত ও উপ¯ি’তি করা এবং আচরণ বিধিমালার উপর গুরুত্বারোপ করেন। এ জন্য নির্বাচন কালে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ১৪ ইউনিয়নে ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ্র্যাব, বিজিবি, পুলিশ,আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা তদন্ত কর্মকর্তা তপন কুমার সিংহ, চেয়ারম্যান প্রার্থী মুনিমুর রহমান নয়ন, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা সহ গণমাধ্যম কর্মী বৃন্দ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে আদর্শ ডুমুরিয়া গড়তে চান আজগর বিশ্বাস তারার
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়ায় গণসংযোগকালে ‘মোটর সাইকেল’ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, গণজোয়ার সৃষ্টিতে বিশ্বাসী নই; আমি গণমানুষের ভোট চাই। আমি শো’ডাউনে অভ্যস্ত নই, আমি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে আদর্শ ডুমুরিয়া গড়তে চাই। উপজেলা পরিষদের চেয়ারে সৎ যোগ্য ও পরিশ্রমী মানুষ বসলে ডুমুরিয়ায় প্রতি মানুষ ঘরে বসে সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব। তাই আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক নিযুক্ত করুন। কথা দিলাম- পাঁচ বছরে নয়, প্রতি বছরেই নাগরিক সংলাপ, প্রতি মাসেই পরামর্শ সভা ও প্রতি সপ্তাহে গণশুনানীর মাধ্যমে ডুমুরিয়াবাসীর সকল সমস্যা সমাধানে নিরলস কাজ করবো।
সোমবার (২০ মে) ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন। বিকেল থেকে রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
খুবিতে ওবিই ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওবিই ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক প্রশিক্ষণ ২০ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ সবক্ষেত্রে দৃশ্যমান। এই অগ্রগতি ধরে রাখতে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বিদ্যমান অনেক ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। এর মধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার উন্নয়ন, প্রোগ্রামগুলোর মান বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশন অর্জন, ক্লাস ও পরীক্ষা গ্রহণে একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। যার কারণে ইউজিসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করা হচ্ছে। এখন ওবিই কারিকুলায় কিভাবে আমাদের কোর্স কারিকুলাগুলো সাজাতে হবে তা বুঝতে হবে। নতুন একটি টার্ম শেষ করলে আমরা বুঝতে পারি আমাদের কারিকুলায় সমস্যাগুলো কোথায়। আজকের এই প্রশিক্ষণ থেকে এগুলো দূর হবে বলে আমি আশাবাদী।
আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রফেসর ড. এ.বি.এম রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রফেসর ড. এ.বি.এম. রহমত উল্লাহ এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এ প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন এবং খুবি অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের ১ জন করে মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে আর্ট টক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের আয়োজনে ১৯ মে (রবিবার) দুপুর ১টায় শিল্পকলা বিষয়ক বক্তৃতা পর্ব ‘আর্ট টক’ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী আতিকুল ইসলাম। তিনি তাঁর ভাস্কর্য প্রদর্শনের মাধ্যমে শিল্পকলার বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা প্রদান করেন। এ সময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহ উদ্ধোধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০ টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গোডাউন চত্বরে জেলায় বোরো ধান ও চাল সংগ্রহেন উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।এছাড়া উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সূপ্রকাশ চাকমা,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসান মিয়া, খাদ্য গুদামের এলএসডি মিয়ারাজ হুসাইন। উল্লেখ্য খাদ্য বিভাগ এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩২৬২ মেট্রিক টন ধান ও জেলার ৮৮ জন মিলারদের কাছ থেকে ৮৫৫৫ মেট্রিক টন চাল সংগ্রহ করবে।তার মধ্যে সদর উপজেলায় চাল ৪৪৪ মেট্রিক টনও ধান ৬২৮মেট্রিক টন। আলমডাঙ্গায় ১০৭২ মেট্রিক টন চাল ও ১১২০মেট্রিকটন ধান।দামুড়হুদায় ৪১৪ মেট্রিক টন ধান ও ৮০৫ মেট্রিক টন চাল,জীবননগরে ৬৬২৭ মেট্রিক টন ধান ও ৭০৯ মেট্রিকটন চাল ।চলতি মৌসুমে প্রতি কেজি ধানের দাম ৩২ ও প্রতি চালের দাম ৪৫ টাকা করে ধরা হয়েছে।এছাড়া প্রত্যেক কৃষক ১২০ কেজি করে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন বলে জানা যায়।
বহিস্কার হতে পারেন শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক!
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক মতিয়ার রহমান খানের সংগঠন বিরোধী কর্মকান্ডে বেকায়দায় পড়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। অভিযোগ উঠেছে সম্প্রতি তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্তর আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী বৈঠক করেছেন নিজ বাড়িতে। যেখানে নির্বাচনে অংশ নেয়া তো দুরের কথা, ভোট বর্জনের আহবান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করছে বিএনপি। সেখানে দায়িত্বশীল পদে থেকে এ ধরণের কর্মকান্ড কোন ভাবেই মানতে পারছে না দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
মতিয়ার রহমানের নির্বাচনী বৈঠকের ভাইরাল ভিডিও উপজেলা থেকে শুরু করে জেলার বিএনপি নেতাদের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, মতিয়ার রহমান খানের আনারস প্রতীকের পক্ষে নিজের ঘরে বৈঠক করা সংগঠন পরিপন্থি কাজ। যেহেতু মতিয়ার দলের নির্দেশনা অমান্য করে তাবেদার সরকারের পক্ষে কাজ করছেন সেহেতু তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় কঠোর অবস্থানে মতিয়ার রহমান বহিস্কার হতে পারেন বলে ওই নেতা ইঙ্গিত দিয়েছেন।
শরণখোলা উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে আলাপ করলে তারা বিষয়টি কোনভাবেই মানতে পারছেন না বলে জানিয়েছেন। তাদের বক্তব্য মতিয়ার রহমানের রাজনৈতিক ক্যারিয়ার অনেক মজবুত কিন্তু এই মুহুর্তে কেন এমন একটি কাজ করলেন?
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় নেতা ছিলেন কামাল উদ্দিন আকন। কামাল উদ্দিন আকনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্তর আনারস প্রতীকের পক্ষে নিজ বাড়িতে বৈঠকের ব্যপারে মতিয়ার রহমান খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে অপপ্রচার চলাচ্ছে। তিনি বলেন আমি অসুস্থ ছিলাম। আনারস প্রতীকের প্রার্থী ওই সময় আমার বাসায় গিয়েছিলেন আমাকে দেখতে। আনারস প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রশ্নই ওঠে না।
হঠাৎ টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর তাণ্ডবে শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে বেশকিছু গাছ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৯ মে) বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ তাণ্ডব চালায় টর্নেডো।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা করা হবে।










































