স্টাফ রিপোর্টার।।
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক মতিয়ার রহমান খানের সংগঠন বিরোধী কর্মকান্ডে বেকায়দায় পড়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। অভিযোগ উঠেছে সম্প্রতি তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্তর আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী বৈঠক করেছেন নিজ বাড়িতে।
যেখানে নির্বাচনে অংশ নেয়া তো দুরের কথা, ভোট বর্জনের আহবান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করছে বিএনপি। সেখানে দায়িত্বশীল পদে থেকে এ ধরণের কর্মকান্ড কোন ভাবেই মানতে পারছে না দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
মতিয়ার রহমানের নির্বাচনী বৈঠকের ভাইরাল ভিডিও উপজেলা থেকে শুরু করে জেলার বিএনপি নেতাদের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, মতিয়ার রহমান খানের আনারস প্রতীকের পক্ষে নিজের ঘরে বৈঠক করা সংগঠন পরিপন্থি কাজ।
যেহেতু মতিয়ার দলের নির্দেশনা অমান্য করে তাবেদার সরকারের পক্ষে কাজ করছেন সেহেতু তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় কঠোর অবস্থানে মতিয়ার রহমান বহিস্কার হতে পারেন বলে ওই নেতা ইঙ্গিত দিয়েছেন।

শরণখোলা উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে আলাপ করলে তারা বিষয়টি কোনভাবেই মানতে পারছেন না বলে জানিয়েছেন। তাদের বক্তব্য মতিয়ার রহমানের রাজনৈতিক ক্যারিয়ার অনেক মজবুত কিন্তু এই মুহুর্তে কেন এমন একটি কাজ করলেন?
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় নেতা ছিলেন কামাল উদ্দিন আকন। কামাল উদ্দিন আকনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্তর আনারস প্রতীকের পক্ষে নিজ বাড়িতে বৈঠকের ব্যপারে মতিয়ার রহমান খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে অপপ্রচার চলাচ্ছে।
তিনি বলেন আমি অসুস্থ ছিলাম। আনারস প্রতীকের প্রার্থী ওই সময় আমার বাসায় গিয়েছিলেন আমাকে দেখতে। আনারস প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রশ্নই ওঠে না।











































