Home আলোচিত সংবাদ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে এই বাবর আলী

এভারেস্ট জয়ী বাংলাদেশি কে এই বাবর আলী

131


খুলনাঞ্চল রিপোর্ট।।

এভারেস্ট জয় এক স্বপ্নের নাম। এই স্বপ্নজয়ের পথে কতশত মানুষকে যে প্রাণবিসর্জন দিতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। তবে যারা সফল হয়েছেন, তাদের নাম খোদাই করে লেখা থাকে ইতিহাসের পাতায়। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে দুর্গম এই পথ পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ছেলে বাবর আলী।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। তারপর থেকেই এভারেস্টজয়ী বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে! কিন্তু কে এই বাবর আলী? দেশের এই পর্বতারোহীকে কতটুকু চেনেন?

চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা বাবর আলীর। ৩৩ বছর বয়সী এই যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। শুরু করেছিলেন চিকিৎসা পেশা। এরপর চাকরি ছেড়ে দেশ-বিদেশে ঘোরায় মনোযোগ দেন তিনি।

২০১৪ সাল থেকে তার পর্বতারোহণে পথচলা শুরু বাবরের। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এ ক্লাবের হয়েই গত দশ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি।

২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২ হাজার ৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর।

সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।

এভারেস্ট জয়ের গল্প

হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য নেপালের উদ্দেশে বাবর আলী দেশ ছাড়েন গত ১ এপ্রিল। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা তিনি। সপ্তাহ খানেকের ট্রেকিং শেষ পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো।

চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়, বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।

এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুইটি আট হাজারী শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণে হলে বাবার আলী করবেন এ বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা।

যাত্রা শুরু আগে বাবর আলী জানান, বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই নিলাম। অর্থাৎ একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চূড়ায় উঠব।’