Home আঞ্চলিক নিষেধাজ্ঞা অমান্য করে দর্শনা চিনিকলে মোটা অংকের নিয়োগ বাণিজ্য

নিষেধাজ্ঞা অমান্য করে দর্শনা চিনিকলে মোটা অংকের নিয়োগ বাণিজ্য

198


নিজস্ব প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি-দর্শনা চিনিকলে কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে ১০৪ জন মৌসুমি শ্রমিককে স্থায়ীকরণ করার অভিযোগ উঠেছে এমডি মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে।

ফলে মোটা অংকের টাকার এই নিয়োগ বাণিজ্য এখন জেলার সর্বত্র আলোচনার কেন্দ্রবৃন্দুতে রয়েছে।

এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে জন্ম নিয়েছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে মৌসুমি শ্রমিক থেকে স্থায়ীকরণ করতে প্রতিটি স্থায়ী নিয়োগের জন্য লাখ লাখ টাকা নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ এপ্রিল কেরু অ্যান্ড কোম্পানি হিসাব, কৃষি ও কারখানা বিভাগের ১০৯ টি স্থায়ী শূন্য পদ পূরণের জন্য আন্তঃবিভাগীয় বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ১০৯ পদে কেরুর ৫৫১ জন মৌসুমি শ্রমিক আবেদন করেন। এর মধ্যে ২৮ জনের আবেদন বাতিল হয়। বাতিল শেষে বৈধ আবেদনের সংখ্যা দাঁড়ায় ৫২৩টি।

এসব বৈধ আবেদনকারীদের গত ১৩ মে লিখিত পরীক্ষা ও ১৪ মে মৌখিক পরীক্ষা শেষ হয়।

অপরদিকে, গত ১৫ মে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানান, ‘অনিবার্য কারণবশতঃ বিএসএফআইসি’র (বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন) অধীন সকল চিনিকল/প্রতিষ্ঠানে চলমান মৌসুমি জনবল থেকে জনবল স্থায়ীকরণ সংক্রান্ত সব কার্যক্রম এতদ্বারা নির্দেশক্রমে স্থগিত করা হলো। মৌসুমি জনবল থেকে জনবল স্থায়ীকরণ সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে মিল ব্যবস্থাপনাকে সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) মহোদয়কে অতিসত্ত্বর পত্র দ্বারা অবগত করার জন্য অনুরোধ করা হলো।’

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের এই অফিস আদেশকে পাস কাটিয়ে ১৫ মে ১০৯ পদের মধ্যে ৫টি পদ খালি রেখে ১০৪ টি শূন্য পদে ১০৪ জন মৌসুমি শ্রমিককে স্থায়ীত্ব করণের নিয়োগ দিয়ে কর্মস্থলে যোগদান করান কেরু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

অথচ করপোরেশনেন এ নির্দেশনা পাওয়ার পর রাষ্ট্রায়ত্ত সব চিনিকল স্থায়ী জনবল নিয়োগ বন্ধ রাখলেও বন্ধ রাখেনি দর্শনা চিনিকল কর্তৃপক্ষ।

এদিকে স্থায়ীকরণে মুক্তিযোদ্ধা কোঠা না রাখায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কারখানার মৌসুমী মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বাবুল আক্তার।

কেরু শ্রমিক ও কর্মচারী এবং অফিস সূত্র জানা গেছে, গত ২ এপ্রিল কেরুতে ১০৯ জন মৌসুমী শ্রমিক স্থায়ীকরণ করা হবে মর্মে একটি বিজ্ঞপ্তি কেরুর নিজস্ব নোটিশ বোর্ডে টাঙানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশের পর জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৫৫১ জন আবেদন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, ‘ভাই এখানে টাকার খেলা। যে বেশি হিট (টাকা) দিতে পেরেছে তারই চাকরি স্থায়ীকরণ হয়েছে। এখন কিছু বলতে গেলে মৌসুমের যে কাজটা আছে সেটাও হারাবো।’

কেরুর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে সরেজমিন তার কার্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা নিয়ে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে বা অডিও রেকর্ড করার কোনো অনুমতি দেননি, কোনো কথা বলেননি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ সোয়াইবুল আলম (গ্রেড-১) জানান, শুধু কেরু নয় ১৫ মে রাষ্ট্রায়ত্ত সব চিনি কলের জনবল স্থায়ীকরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তারপরও কীভাবে জনবল নিয়োগ দেয়া হলো তা আমার জানা নেই।