আশাশুনিতে পিএফজি’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিল, বিএনপির উপজেলা আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, দি হ্যাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ, ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও পিএফজি’র অ্যাম্বাসেডর এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০ ও ৩১ জুন এবং ১জুলাই পিএফজি’র সদস্যদের মৌলিক প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।
কুল্যায় রাস্তার সোলিং এর কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে রাস্তার সোলিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে কুল্যার গুনাকরকাটি গ্রামে কাজের উদ্বোধন করা হয়।
গুনাকরকাটি গ্রামে পশ্চিম পাড়ার বাবুল মিস্ত্রীর বাড়ি হতে আঃ বারী সরদারের বাড়ী গামী রাস্তার ১৫০ ফুট সোলিং এর কাজ করা হচ্ছে। কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, মেম্বার উত্তম কুমার দাশ, জুলফিকর হোসেন জুয়েল, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিল। সোলিং এর কাজ শেষ হলে এলাকার মানুষের ভোগান্তি লাঘব হবে।
রূপসায় ভাইয়ের হাতে ভাই খুন, ৯ জন জখম
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামডাঙ্গা গ্রামে গতকাল ১৩ মে রাতে ভাইয়ের হাতে ভাই হাতুরি আঘাতে নিহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় আসন্ন বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রসুল মিনা এবং তার চাচাত ভাইদের সাথে প্রথমে কথা কাটাকাটি এবং পরে বাঁশের লাঠি,হাতুরি এবং লোহার রড নিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় ইকতিয়ার মিনার পুত্র রসুল মিনা(৪২) কে প্রতিপক্ষরা হাতুরি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত ও জখম অবস্থায় রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে ঐ সংঘর্ষে রসুল মিনার ভাই আতাহার মিনা(২৮),ফারুক মিনা(৩২),পান্না মিনা(৩০) জখম হন। অপরদিকে অপর পক্ষের আজাদ মিনার পুত্র ইলিয়াস মিনা(৬৫),টুকু মিনার পুত্র মোস্তাক মিনা(৪৫),আমজাদ মিনার পুত্র টুকু মিনা(৭০),ইলিয়াস মিনার পুত্র শাকিল মিনা(২৫),হাবিব মিনা(২৮) এবং আলামিন মিনা(৩৮) জখম হয়। আহতদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক বলেন পূর্ব শত্রুতার জের এবং বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে রসুল মিনা নিহত হয়েছে। দুই পক্ষ একে অপরের আপন চাচাত ভাই। মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।
রামপাল জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সাবেক এক সাবেক সেনা মো. সাইফুল শেখের বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানায় অভিযোগ দায়েরর পরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী মো. নাসির উদ্দিন। তিনি রামপাল থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে প্রতিকার চেয়েছেন।
জানাগেছে, উপজেলার সিকারডাঙ্গা গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. নাসির উদ্দিন জেএল ৯৬ নং সিকিরডাঙ্গা মৌজার ৩৭৮ দাগের বাস্ত জমি ক্রয় করে দীর্ঘ ১৫ বছর ধরে ভোগদখলে রয়েছেন। সেই জমি পার্শবর্তী প্রতিবেশী মৃত লুৎফর রহমানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সাইফুল শেখ ও তার ছেলে আবু হুরাইরা শেখসহ কতিপয় লোকজন দখলেন জন্য গড়াবেড়া দিয়ে জোরপূর্বক ঘিরে দখলে নেয়ার চেষ্টা করেন। ওই সময় বাঁধা দিতে গেলে তাদের হুমকি ও ভয়ভীতি দেয় হয় বলে অভিযোগে উল্লেখন করেন। ভুক্তভোগী নাসির উদ্দিন জানান, ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এরপরেও সোমবার (৬ মে) সকাল ৬ টার সময় অবৈধভাবে বাড়তে ঢুকে প্রায় দুই শতাংশ জায়গা দখলে নেওয়ায় চেষ্টা করে। উল্লেখ্য, এর পুর্বে ওই সাইফুল ভুক্তভোগীর বসতঘরের চাল জোরপূর্বক কেটে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল শেখের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ওদের আগে জমি কিনেছি। ওরা জমি ঘিরে রেখেছিল। আমি আমার জমি ঘিরে নিয়েছি। ওই জমিতে আদালতের কোন মামলা নেই বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ পত্র প্রাপ্তির কথা জানিয়ে বলেন, উভয় পক্ষকে ডাকা বহয়ে। অভিযোগের শোনানি করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
পাইকগাছায় সরকারি জায়গা দখল নিতে বাজার কমিটি ও মোটর সাইকেল শ্রমিকরা মুখোমুখি অবস্থানে
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের সাথে বাজার কমিটির সভাপতি /সম্পাদক মুখোমুখি অবস্হানে রয়েছে। এ নিয়ে মোটর শ্রমিকের সহ-সভাপতি কে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে। অভিযোগ ও স্হানীয় সুত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় রয়েছে। একটি পক্ষের দাবি মোটর সাইকেলগুলো রাস্তার পরে থাকার কারনে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে থাকে। সে কারনে তারা মোটর সাইকেলগুলো পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় এক স্ট্যান্ডের দাবি তোলেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান তাদের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গা ব্যবহারের জন্য বলেন। এদিকে বাজার কমিটির সভাপতি / সম্পাদক ওই জায়গাটি কাটাখালি একতা যুব সংঘের যাতায়াতের রাস্তা বলে দাবি করেন। এ নিয়ে গত ৭মে বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী ও তার ছেলে রাজা গাজী ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকের সহ-সভাপতি শেখ বজলুর রহমান কে মারপিট করে আহত করে। স্হানীয়রা আহত অবস্হায় বজলু কে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।পরে এ ঘটনায় সু-বিচার পেতে কামরুল গাজী ও তার ছেলে রাজা গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগি বজলুর রহমান। এ বিষয়ে বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী বলেন,জমি সংক্রান্ত বিরোধে তাকে মারা হয়নি। সে বাজারে এসে আমাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করার তার সাথে ধাক্কা ধাক্কি হয়। এ বিষয়ে চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন,কাটাখালি বাজারে যানজট এড়াতে ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের মোটর সাইকেল রাখার জন্য অস্হায়ী ভাবে ওই জায়গা দেখিয়ে দেয়া হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
পাইকগাছায় প্রতিবন্ধির জন্য ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান তুহিন
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি ।।
পাইকগাছায় অসহায় সম্বলহীন একই পরিবারের ২ প্রতিবন্ধি কে ১লাখ ২০হাজার টাকা খরচ করে মাথা গোঁজার ঠাই করে দিয়ে আবারো মানবতার দৃষ্টি স্হাপন করলেন লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের প্রতিবন্ধির বাড়ীতে যেয়ে ঘর নির্মানের জন্য ঠিকাদারের নিকট ১লাখ ২০হাজার টাকার চেক হস্তান্তর করেন তিনি। সরেজমিনে দেখা গেছে, কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের প্রতিবন্ধি স্ত্রী ফরিদা বেগম ও তার প্রতিবন্ধি ছেলে সোহাগ হাসান মুন্না দীর্ঘদিন ধরে মানবেতার জীবন যাপন করছিল। প্রতিবন্ধি ফরিদা বেগম জানান,বিগত ৯ বছর আগে তার স্বামী গাছ থেকে পড়ে মারা যায় এবং আমিও মাজায় আঘাত পেয়ে প্রতিবন্ধি হয়ে যাই। আমার ছেলে মুন্না জন্মের ৯ বছর পর থেকে চলাফেরা করতে পারে না। আর সেই থেকে আমরা মা-ছেলে প্রতিবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছি। তবে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন প্রতিবন্ধিদের নিয়ে কাজ করেন। আমি তার মোবাইল নম্বরটি জোগাড় করে কথা বলি এবং আমাদের কথা গুলো খুলে বলি। তিনি ধৈর্য্য সহকারে শুনে আমাদের বাড়ী যান এবং আমাদের একটি থাকার ঘর করে দেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আমি এই দুই প্রতিবন্ধির কথা শুনে তাদের বাড়ীতে যেয়ে দেখি সত্যিকার অর্থে মাথা গোজার ঠাই টুকু খুব জরাজীর্ণ। প্রতিবন্ধি ফরিদা কপিলমুনি বাজারে একটি চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছে। আমি তাকে আশ্বস্ত করেছিলাম একটি ঘর করে দেয়ার জন্য। সে মোতাবেক মঙ্গলবার তাদের বাড়ীতে হাজির হয়ে এক পাকা ঘর নির্মানের জন্য ঠিকাদারের নিকট ১লাখ ২০হাজার টাকার চেক হস্তান্তর করি এবং প্রতিবন্ধি ফরিদার চলাচলের জন্য একটি ওয়াকার দিয়েছি।
যশোরে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দের ঐক্যমত প্রকাশ
খবর বিজ্ঞপ্তি :
যশোর জেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইফেক্টিভ এডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু’ শীর্ষক কর্মশালাটিতে নাগরিকদের প্রত্যাশা জানানো হয়। যেখানে আওয়ামী লীগ ও বিএনপির ঐক্য মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরের হোটেল জয়তী সোসাইটিতে ১৪ মে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগ সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলন , যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দাস রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সামাজিক আন্দোলনের মাধ্যমে কাজ করে যেতে হবে’। দু’দলের নেতৃবৃন্দই রাজনৈতিক সম্প্রীতিকে এগিয়ে নিতে সহমর্মিতার মনোভাব পোষণ করে।
অনুষ্ঠানটিতে চিহ্নিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল কিশোর গ্যাংয়ের প্রভাব। এর প্রতিরোধের লক্ষ্যে সকলে একত্রিত হয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালনে উদ্যোগ গ্রহণ করে।
সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।
মাগুরার শালিখায় ৫ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা শালিখায় পাচঁটি ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।গত সোমবার পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলো শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্ল্যার এর ছেলে মোঃশহিদুল ইসলাম,
বুনাগাতী -মাসুম ব্রিকস এর মালিক।
পুলিশ সুত্রে জানাগেছে শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃনাছির উদ্দিন এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় এসআই অনুপম রায় ও এএসআই সুব্রত কুমার দাস বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালসি স্টেডিয়ামপাড়া থেকে দীর্ঘ দিন যাবত পালাতক থাকা পরোয়ানা ভুক্ত, যাহা বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত মাগুরার এসসি-১৩৯/১৮(সিআর সাজাপ্রাপ্ত).এসসি-৩৫৭/১৮(জিআর সাজাপ্রাপ্ত).বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রাজজ. মাগুরার এসসি-২৮২/১৬(জিআর সাজাপ্রাপ্ত).বিজ্ঞ জেলা ও দায়রাজজ শ্রম আদালত,খুলনার মৌজঃ২০৩/১৮(জিআর).ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট,আমলী আদালত শালিখা, মাগুরার শালিখা সিআর-৩৩২/২৩(সিআর)গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃশহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩টি সাজা ও ২টি সাধারণ গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও তৎসংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা ১৪ মে (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ দৃশ্যমান। এই অগ্রগতি ধরে রাখার জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বিদ্যমান অনেক ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি। এর মধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার উন্নয়ন, প্রোগ্রামগুলোর মান বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশন অর্জন, ক্লাস ও পরীক্ষা গ্রহণে একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, গবেষণার অগ্রগতিতে খুলনা বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয়বার টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এবং কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এ র্যাঙ্কিংয়ে আরও মর্যাদাপূর্ণ অবস্থান সৃষ্টিতে গবেষণার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। সভায় উপাচার্য যে সকল শিক্ষক-কর্মকর্তার নামে অগ্রিমের অসমন্বিত ফাইল রয়েছে তা যথাসম্ভব শীঘ্রই সমন্বয় করতে নির্দেশনা প্রদান করেন। একই সাথে ডিসিপ্লিন থেকে অ্যালামনাইদের বর্তমান অবস্থাসহ প্রোফাইল তৈরির জন্য ডিসিপ্লিন প্রধানদের প্রতি আহ্বান জানান।
সভায় বাজেট ও আর্থিক বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং তৎসংশ্লিষ্ট বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।
খুবিতে গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার সমাপনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী ‘গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মশালার সমাপ্ত হয়েছে। ১৪ মে (মঙ্গলবার) সকাল ৯.১৫ মিনিটে শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তার তার স্ত্রী মধুমালা(৪৫) কে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিল। এসময় পাশ্ববর্তী মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে একটি ট্রাক তাদেরকে ওভারটেক করতে গেলে ট্রাকের পিছনে বেধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালার একটি পা পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার প্রস্তুতি কালে দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে আগামী (২৮ মে) জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪মে) সকাল ১০টাই শহরের মাছিমদিয়া এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে, এবং নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক গাওছুল আজম মাছুম ও যুগ্ন-আহবায়ক মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড.শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রওশন জামির রানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাড. কাজী বশির আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য এ্যাড. শেখ তরিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আ.ন.ম. ইমরুল হক, সদস্য শাহীন আহমেদ, সদস্য মোঃ সজিবুল ইসলাম প্রমুখ। এ সময় নড়াইল জেলা আওয়ামী যুবলীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এড. কানিজ ফাতেমা আমিন স্মরণে শোক সভা স্থগিত
খবর বিজ্ঞপ্তি।।
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. কানিজ ফাতেমা আমিনের মৃত্যুতে মহানগর মহিলাদলের শোকসভা অনিবার্য কারণবশত: স্থাগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহানগর মহিলা দলের বরাত দিয়ে মিডিয়া সেল জানান, গত ১১ মে মহিলাদলের প্রস্তুুতি সভায় ১৫ মে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শোকসভার যে সিদ্ধান্ত গৃহিত হয়েছিলো অনিবার্য কারণবশত: তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে শোকসভার তারিখ জানানো হবে।
বিদেশ নির্ভরতা কমাতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে: প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর
খবর বিজ্ঞপ্তি
উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে বিদেশ নির্ভরতা কমাতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। আর স্বনির্ভরতা অর্জনে তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বা যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম পরিবীক্ষণ ও প্রমাণক ব্যবস্থাপনা এবং ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া কর্মপরিকল্পনা পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে ১৪ মে মঙ্গলবার সকালে ইউজিসি’র আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এছাড়া, কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান এপিএ বাস্তকায়নে নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রফেসর আলমগীর বলেন, স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করতে হলে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিদেশ নির্ভরতা কমাতে এগিয়ে আসতে হবে। দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু, এখনো তাদের পণ্যে বিদেশী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব যায়গায় বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে শিল্প সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এছাড়া তিনি, দেশে বেকার সমস্যার সমাধানে শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজার উপযোগী করে গড়ে তোলা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম হালনাগাদ করাসহ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের পরামর্শ দেন।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, এপিএ চুক্তি বাস্তবায়নের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ তৈরি এবং ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনে ইউজিসি এপিএ বাস্তবায়নে অর্থ বিনিয়োগ ও সময় ব্যয় করছে। এপিএ ও উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ইউজিসি পারফরমেন্স বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
ইউজিসি’র অতিরিক্ত পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঞা, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মো. মনিরুল হক খান, ইউজিসি’র অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, উপসচিব মো. আসাদুজ্জামান, সিস্টেম এনালিস্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসসহ ইউজিসি, খুলনা ও বরিশাল অঞ্চলের ০৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এপিএ’র আহ্বায়ক, ফোকাল পয়েন্ট/বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।
হাসপাতালে নেই, ফার্মেসিতে বিক্রি হচ্ছে সরকারি ওষুধ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
সরকারি প্রাণিসম্পদ হাসপাতালে নেই ডাক প্লেগ রোগের ওষুধ। অথচ পর্যাপ্ত মজুত রয়েছে এক ফার্মেসিতে। সেই ওষুধ আবার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সরেজমিন কুষ্টিয়ার কুমারখালীর বাটিকামারা এলাকার মেসার্স শিপলু ফার্মেসি যাওয়া হয়। সেখানে ফ্রিজে ২২ পিস হাঁসের ডাক প্লেগ নামের সরকারি ওষুধ পাওয়া যায়। পরে সেখানে হাজির হন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে মেসার্স শিপলু ফার্মেসির মালিক মো. বাবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়, জব্দ করা হয় সরকারি ওষুধ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে ৫০ পিচ ডাক প্লেগ ওষুধ প্রতি পিচ ৫০ টাকায় কেনেন ফার্মেসি মালিক বাবুল হোসেন। তিনি প্রতি পিচ সরকারি ওষুধ ৭০-৮০ টাকায় বিক্রি করছিলেন, যা সম্পূর্ণ অবৈধ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন খামারি জানান, তিনি আজ প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে ডাক প্লেগ ওষুধ পাননি। পরে শিপলু ফার্মেসি থেকে ১০০ টাকা দিয়ে এক পিচ কিনেছেন।
ওষুধ মজুত ও বিক্রির কথা স্বীকার করে ফার্মেসী মালিক বাবুল হোসেন জানান, তিনি প্রাণিসম্পদ অফিস থেকে ৫০ টাকা দরে ওষুধ কিনে খামারিদের কাছে ৭০-৮০ টাকা দরে বিক্রি করছেন। এতে খামারিদের উপকার হচ্ছে।
সরকারি ওষুধ বিক্রি ও মজুদ সম্পূর্ণ অপরাধ বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আজই ডাক প্লেগ ওষুধ শেষ হয়েছে। অবৈধভাবে ওষুধ বিক্রির সঙ্গে আমার কার্যালয়ের কেউ জড়িত থাকলে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, সরকারি ওষুধ বিক্রি ও মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
কুষ্টিয়ায় চাচির চল্লিশা নিয়ে দ্বন্দ্বে হামলায় নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়ায় স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত বকুল বিশ্বাস হাতিয়া পূর্বপাড়া গ্রামের আফতাব বিশ্বাসের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার।
তিনি বলেন, রাতে ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির চল্লিশায় অন্যান্য চাচাতো ভাইরা বড় করে আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলে। এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন অপারগতা প্রকাশ করে। কিন্তু গত শনিবার বকুল বিশ্বাস নিজের লোকজন নিয়ে চাচির চল্লিশার কাজ শেষ করে। এরই জেরে রাতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ৬ নম্বর ইউপি সদস্য শাহিন জানান, রাতে এশার নামাজের পর আমরা স্থানীয় চায়ের দোকানে বসেছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাসসহ তার ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান বলেন, দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
লোহাগড়ায় চার দিনে ৩ হত্যা, আতঙ্ক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গত চার দিনে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার (১০ মে) রাত ৮টার দিকে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শালিস বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অপেক্ষা করা দুর্বৃত্তরা মোস্তফা কামালকে গুলি করে পলিয়ে যায়। স্থানীয় লোকজন
তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে মারা যান মোস্তফা কামাল। এ ঘটনায় নিহতের ভাই রিজাউল শিকদার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
ওই ঘটনার একদিন পরই গত শনিবার (১১ মে) রাতে উপজেলার চরমঙ্গলহাটা গ্রামের রিজিয়া বেগমকে রাতের যে কোনো সময় দুবৃর্ত্তরা গলায় ফাঁস দিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা রিজিয়ার কাছে থাকা স্বর্ণের অলঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। মারা যাওয়া নারী একই গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ূন কবিরের মা।
এদিকে, গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়ায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী নামের এক যুবক নিহত হন। লক্ষীপাশার আল মারকাজুল মাদরাসা সড়কে ব্যবসায়ী কাশেম খাঁনের বাড়ির সামনে থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আহমদ মুন্সীর ছেলে।
নিহত ফয়সাল নিজের ব্যাটারি চালিত ভ্যানে বেকারির মালামাল ডেলিভারি দিতো।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মোস্তফা কামাল হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, কী কারণে ফয়সাল ও রিজিয়া বেগমকে দুবৃর্ত্তরা হত্যা করেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে।
স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সীগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মধুমালা আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবুল মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকের পেছনে বেঁধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালা পিষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী সড়ক দুর্ঘটনা নিহত এ তথ্য নিশ্চিত করেছেন।
নাগরিক নেতা তালুকদার সহিদুলের রোগমুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৫ টায় সচেতন নাগরিক সমাজ খুলনা এর নিজস্ব কার্যালয় সংগঠনের সভাপতি তালুকদার মোঃ সহিদুল ইসলাম এর আশুরোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রত্মা দাস, আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আফজাল উল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন, রাজিব হাওলাদার, শামীমা ইসলাম, ইলিয়াস হোসেন, মোঃ ফিরোজ, শাহিদ রাজু, শান্তা ইসলাম, ইমরান হাওলাদার, মোঃ জুয়েল, মোঃ মাছুদুর রহমান, মোঃ দিপু, আশিস মন্ডল, শাহানা পারভীন, সেলিনা হোসেন, আফজালুর রহমান, ফারুক হোসেন, মোঃ সবুর, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সরওয়ার হোসেন, শামীম হোসেন, আছাদুর রহমান, পারভীন আক্তার, শিল্পী বেগম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান, সাইদুর রহমান, মোঃ স্বপন, শেফালী বেগম, মোন্তাজ হোসেন, হাবিবুর রহমান, পারভীন সরোয়ার, মোঃ বাদশা হোসেন, মোক্তার হোসেন, হাসিবুর রহমান, সেলিনা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, সংগঠনের সভাপতি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ জুয়েল হোসেন।
সিপিবি খুলনা মহানগরের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর এক সভা মঙ্গলবার বিকেল ৫টায় সভাপতি কমরেড এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এম এ রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, নির্বাহী সদস্য কমরেড এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, কমরেড কমরেড সৈয়দ লুৎফুল হক মিঠু, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড পলাশ দাশ, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড রেখা কুণ্ডু, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড সৈয়দ রিয়াতসাত আলী রিয়াজ, কমরেড জোবাইদা খানম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা এবং পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত হয়।
ইন্দুরকানীতে যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার ১দিন পর পুর্ণঃবহাল
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার একদিন পর পুর্ণঃবহাল। সোমবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশক্রমে ইন্দুরকানী উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি পুণর্ঃবহাল করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর জানান, উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংগঠনিক বিরোধী হওয়ায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের নির্দেশে পুর্ণঃবহাল করা হয়েছে।
কালীগঞ্জে ট্রেনে নিচে মাথা দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের চাচড়া রেলগেট এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে রেল লাইনের পাশে এই বৃদ্ধ ঘোরাফেরা করছিল। স্থানীয়দের ধারনা তিনি চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে পারেন।
স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেল লাইনের পাশে এক বৃদ্ধ বসা ছিলেন। তিনি রকেট ট্রেনে কাটা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আগে ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। কিন্ত রেল লাইন থেকে সরে যাননি। ফলে তিনি রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে স্থানীয়রা। এ সময় রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রেখে দেয়।
মোবরকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুর রহমান জানান,খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবেন।
মহেশপুরের দোবিলা বিল থেকে উত্তোলন করা প্রায় ৪ হাজার ট্রাক বালু বিক্রির অপেক্ষায়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের দোবিলা বিল দখল করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন কয়েকটি শক্তিশালী বালু সিন্ডিকেট। বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশের পর বালু উত্তোলন বন্ধ থাকলেও ইতোমধ্যে বিলের দু’পাশের ৪/৫টি স্থানে বিশাল বালুর স্তুপ করেছেন ওই সিন্ডিকেট। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা প্রায় ৪ হাজারের অধিক গাড়ি বালু বিক্রির অপেক্ষায় স্তুপ করছেন তারা। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্র ছায়ায় শক্তিশালী বালু সিন্ডিকেট ওই বিল থেকে এসব বালু উত্তোলন করেছেন। বালু বিক্রিতে ওই সিন্ডিকেট একাধিক ঠিকাদারদের সাথে চুক্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্রুত এসব বালু জব্দ করে সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।
বিভিন্ন সুত্রে জানাগেছে, আজমপুর ইউনিয়নের আজমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের বিশ^াসপাড়া ও ধোপাঘাটে বিশাল বালুর স্তুপ করে রাখা হয়েছে। আজমপুর গ্রামের আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি ওই দুই স্থানে ২ হাজারের অধিক ট্রাক বালু স্তুপ করে বিক্রির অপেক্ষায় রেখেছেন। একই স্থান থেকে এর আগেও তিনি ২২’শ ট্্রাক বালু বিক্রি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও দোবিলার বিল নওদাপাড়া অংশে ৩টি স্থানে বালুর বিলায় স্তুপ করা হয়েছে। এসব স্থানেও প্রায় ২ হাজারের অধিক ট্রাক বালু মজুদ রয়েছেন। একই গ্রামের ফিরোজ আহম্মেদ, শ্রীরামপুর গ্রামের চঞ্চল নামে দু’জন বালু সিন্ডিকেটের সদস্য এসব বালু মজুদ করে বিক্রির চেষ্টা করছেন।
বালু উত্তোলনকারী আশরাফুল ইসলাম জানান, বালু আপাতত স্তুপ করে রাখা হয়েছে। কিন্তু কোন বালু বিক্রি করা হচ্ছে না।
শ্রীরামপুর গ্রামের চঞ্চল জানান, আমি যে বালু উত্তোলন করে রেখেছি তা গ্রামবাসীর কারনে আনতে পাচ্ছি না। গ্রামবাসীরা ট্রাক আটকে দেওয়ার কারনে যতো ঝামেলা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান,দোবিলা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। খুব দ্রুত অবৈধ ভাবে উত্তোলন করা বালু জব্দ করা হবে। পরবর্তীতে সরকারি নিলামের মাধ্যমে এসব বালু বিক্রি করা হবে,তার প্রক্রিয়া চলছে।
তালায় ৪০ বছর বয়সে এসএসসি পাশ করলেন ব্যবসায়ী ও সমাজসেবক
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
ইচ্ছাশক্তির জোরে ৪০ বছর বয়সে এসে এসএসসি পাস করেছেন সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহিম খাঁর পুত্র মিজানুর রহমান খাঁ(৩৯) ও তালা মহাল্লাপাড়া গ্রামের কাজী আবুল কাসেমের পুত্র কাজী ইমরান হোসেন ওরফে কাজী লিয়াকাত(৪০)। তাদের মধ্যে মিজানুর রহমান ব্যবসায়ী অন্যজন কাজী ইমরামন হোসেন ওরফে কাজী লিয়াকত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
এবারের এসএসসি পরীক্ষায় তারা উভয়-ই তালা উপজেলার খালিশখালী প্রিন্সিপাল আক্তারুজ্জামান সাইন্স এগ্রিকালচার, টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ থেকে জিপিএ- ৪.৬৮ ও ৪.৮৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল হাতে পাওয়ার পর মিজানুর রহমান খাঁ এ প্রতিবেদক কে বলেন, ‘আমি এই বয়সে অদম্য ইচ্ছা শক্তি কারনে এসএসসি পাশ করায় অমার আব্বা-মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। ছোট বেলা থেকে তাদের ইচ্ছে ছিল আমি পড়া শুনা করে চাকুরী করবো । কিন্তু ভাগ্য অনুকূলে না থাকায় সেটা আর হয়নি। তবে ব্যবসার পাশাপাশি মানুষের জন্য বিভিন্ন জন-সেবামূলক কাজ করায় আমার মা-বাবা মহা খুশি। আমার দুটি ছেলে সন্তান রয়েছে। বড়ছেলে তালা বিদে স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলেটাকে তালা কাসেমূল উলুম মাদ্রাসায় এ বছর ভর্তি করেছি।
অন্যদিকে, উড়োজাহাজ প্রতিকের ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইমরামন হোসেন ওরফে কাজী লিয়াকত এর মুঠোফোন ০১৭১৮-৭৪৮১৭১ এ বরংবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রিন্সিপাল আক্তারুজ্জামান সাইন্স এগ্রিকালচার টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান বলেন, তারা উভয়ই বাংলাদেশ করিগরী শিক্ষা বোর্ডের অধীন অমাদের প্রতিষ্ঠানের এসএসসি ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ হয়েছে। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কমনা করি।
শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১ টার দিকে উপজেলার বাগআঁচড়া সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভিতর থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভিতরে চলাচলের সময় দেখতে পান একটি পলিথিনে মধ্যে বোমা সাদৃশ্য বস্তু রয়েছে। পরে তারা পুলিশকে খবর দিলে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভিতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে ৩ টি হাতবোমা উদ্ধার করেন। তবে তারা বলছে মূলত উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভিতরে রাখা হয়েছিল।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেটের ভিতরে বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।











































