Home আঞ্চলিক ডুমুরিয়ায় মারপিট করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এক দারোগা’র বিরুদ্ধে

ডুমুরিয়ায় মারপিট করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এক দারোগা’র বিরুদ্ধে

15

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ষোল বছর বয়সী এক কিশোরকে ধরে নিয়ে মারপিট ও তার কাছে থাকা ২২হাজার টাকা হাতিয়ে নিয়েছে পুলিশের এক এএসআই বলে এক অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মাদারতলা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার কুলবাড়ীয়া এলাকার অতিয়ার সরদারের ছেলে বাঁশ ব্যবসায়ী আব্দুল্লাহ সরদার (১৬) এর ব্যবসা প্রতিষ্ঠানে এসে হাজির হয় মাদারতলা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল হান্নান। এসময় পুলিশের উপস্থিতি দেখে কোন কিছু বুঝে উঠার আগেই দারোগা হান্নান তাকে মটর সাইকেলে তুলে নিয়ে পুলিশ ক্যাম্পে হাজির হয়। এরপর ওই কিশোরের কাছে থাকা ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। এতে সে বাঁধা দিলে তাকে ব্যাপক মারপিট করা হয়। ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ’র পিতা আতিয়ার রহমান ও তার চাচা মশিয়ার রহমান বলেন,খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি রুমের মধ্যে ফেলে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহকে ব্যাপক মারপিট করা হচ্ছে। তখন আমরা কান্নায় ভেঙ্গে পড়লে পুলিশ আমাদেরকে দুর দুর করে তাড়িয়ে দেয়। এরপর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান কে মোবাইল ফোনে জানাই এবং ক্যাম্পের পাশে বসে থাকি। পরে রাত একটার দিকে তাকে ছেড়ে দিলে সে আমাদের জড়িয়ে ধরে লোমহর্ষক নির্যাতনের কথা তুলে ধরে। এরপর তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তারা আরও জানান,এলাকার সাধারন মানুষকে নির্যাতন ও অর্থ বাণিজ্যের অনেক অভিযোগ রয়েছে ওই দারোগার বিরুদ্ধে। তারই জের ধরে আমার ছেলেকে ধরে নিয়ে মারপিট ও তার কাছে থাকা অর্থ হাতিয়ে নিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। এ প্রসঙ্গে জানতে চাইলে এএসআই আব্দুল হান্নান বিষয়টি অসত্য বলে দাবি করেন।