ঢাকা অফিস।।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। এক লাফে সর্বোচ্চ ৩০ টাকা বেড়ে ফার্মের বাদামি ডিমের দাম প্রতিডজনে ১৪৫ টাকা হয়েছে। এলাকাভেদে কোথাও কোথাও এর বেশি দামেও বিক্রি হচ্ছে। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা তাপপ্রবাহের অজুহাত দিচ্ছেন। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডিমের অবৈধ মজুদের সন্ধান মিলছে। বেরিয়ে আসছে লাখ লাখ ডিমের তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ মজুদের কারণে ডিমের দাম বেড়েছে।
গত বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার এম. ই. এস. স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থেকে ১৪ লাখ পিসেরও বেশি ডিমের মজুদ উদ্ধার করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দেখতে পায়, ২০ থেকে ৩০ দিন আগে এসব ডিম মজুদ করা হয়েছে। একইভাবে গত ৫ মে পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর কোল্ড স্টোরেজে ২৮ লাখ পিস ডিম মজুদের সন্ধান মেলে। ভোক্তা অধিদপ্তর এখানেও দেখতে পায় ২০ দিন আগে এসব ডিম মজুদ করা হয়।
বিভিন্ন জেলায় এভাবে বিপুল ডিম মজুদকে সন্দেহ করছে ভোক্তা অধিদপ্তর। তাদের ধারণা এগুলো বাজার অস্থির করার পাঁয়তারা। ডিম ব্যবসায়ীরা বলছেন, দাবদাহে ডিমের উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ কমেছে। বিক্রেতা বলছেন, পাইকারি বাজারে দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় খুচরায় বাড়াতে হয়েছে। চলতি মাসের শুরুতে পাইকারিতে ফার্মের বাদামি ডিমের শ (১০০ পিস) ৯২০ টাকার আশপাশে ছিল। পরে তা বেড়ে ৯৬০, ১ হাজার, ১ হাজার ৪০, ১ হাজার ৭০ এবং গতকাল তা ১ হাজার ১৫০ টাকাতেও বিক্রি হয়েছে।
মালিবাগ বাজারের বিক্রেতা মো. শরীফ বলেন, আজকের (শুক্রবার) লাল ডিমের ১০০ পিস কেনা পড়েছে ১ হাজার ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এ ডিমের ডজন ১৪৫ টাকার নিচে বিক্রি করলে লোকশান হবে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পর্যবেক্ষণেও মূল্যবৃদ্ধির তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, সপ্তাহের ব্যবধানে ফার্মের ডিমের হালিতে (৪ পিস) ৫ টাকা বেড়েছে।
তবে তাপপ্রবাহে ডিমের উৎপাদন কমে গেলেও ঘাটতি তৈরি হওয়ার কথা মানতে নারাজ প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার। তিনি বলেন, অসাধু কয়েকটি চক্র তাপপ্রবাহের সময় কম দামে ডিম কিনে হিমাগারে সংরক্ষণ করে এবং এখন তারা কৃত্রিম সংকট দেখিয়ে সেই ডিম বেশি দামে ছাড়ছে। তাপপ্রবাহ চলাকালীন সময়ে এ তথ্য আমরা জানিয়েছি। এখন তাই হচ্ছে। ডিমের মজুদের সন্ধান পাওয়া যাচ্ছে।
ডিম ব্যবসায়ী সমিতিগুলো আগের কায়দায় ফোনের ক্ষুদেবার্তা ও ফেসবুকের মাধ্যমে বাজার দর বেঁধে দিচ্ছে বলে অভিযোগ করেন সুমন হাওলাদার। মাত্র সাত দিনে ১০০ পিস বাদামি ডিমে ২০০ টাকা এবং সাদা ডিমে ২৪০ মূল্য নির্ধারণের এরকম বেশ কিছু বার্তাও তিনি আমাদের সময়কে সরবরাহ করেন। সুমন বলেন, কেবল রাজধানীর তেজগাঁও সমিতি নয়, কাপ্তান বাজার, সাভার, চট্টগ্রাম পাহাড়তলী, কিশোরগঞ্জ, রাজশাহী মুসলিমের মোড়, স্বরুপকাঠিসহ বিভিন্ন ডিম ব্যবসায়ী সমিতি একটি আরেকটির সঙ্গে জোটবেঁধে দর নিয়ন্ত্রণ করে।
তবে ওই অভিযোগের বিষয়ে মুখ খুলতে নারাজ রাজধানীর তেজগাঁও পাইকারি ডিমের বাজারের ব্যবসায়ীরা। তারা দাবি করেন, প্রচণ্ড গরমে ডিম নষ্ট হওয়ার প্রবণতা থাকে। তাই এসময় ডিম সংরক্ষণ করেননি খামারিরা। এতে ওই সময় বাজারে বাড়তি সরবরাহ ছিল। দামও কম ছিল। এখন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মাঝে বৃষ্টির কারণেও সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
অপরাধ করে বারবার পার পেয়ে যাওয়ায় সিন্ডিকেটের দৌরাত্ম্য কমছে না বলে জানান ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন। তিনি আমাদের সময়কে বলেন, সুযোগ পেয়ে চক্রগুলো আবারও সক্রিয় হয়ে উঠছে। অসাধুদের অবশ্যই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে এ নৈরাজ্য বন্ধ হবে না।











































