যশোর অফিস।।
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া-তেজরোল রাস্তায় নতুন পিচ (বিটুমিন) ঢালাইয়ের ১০ দিন না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। এ অবস্থায় কাজের নিম্নমানের অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি)-এর আওতায় কোদালিয়া বাজারের হারুনের দোকান থেকে তেজরোলের ইউনুসের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ২৪০ মিটার পর্যন্ত রাস্তার পিচ ঢালাই করা হয়েছে। ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে কাজটি পান যশোর শহরতলির বারান্দীপাড়া এলাকার ঠিকাদার নুর ইসলাম। পরে তাঁর কাছ থেকে কাজটি কিনে নেন সদর উপজেলার পুরাতন খাজুরা এলাকার মেহেদী হাসান রামুন। সম্প্রতি ১০ ফিট প্রস্থের ওই রাস্তার উন্নয়ন কাজ শেষ করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানের পিচ ঢালাই উঠে গেছে।
আব্দুল আলিম নামে এক ভ্যানচালক বলেন, এখনই যদি ভ্যানের চাকার সঙ্গে পিচ উঠে যায়, তাহলে সামনে বর্ষা আসতে আসতে রাস্তার পিচ ঢালাই আর থাকবে না।
এদিকে ভুক্তভোগী কোদালিয়া ও তেজরোল বাসিন্দারা গণস্বাক্ষর দিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক ও এলজিইডিতে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন।
ঠিকাদার মেহেদী হাসান রামুন বলেন, কাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। কয়েক জায়গায় একটু সমস্যা হয়েছে। সেটি আজকালের মধ্যে ঠিক করব।
এ বিষয়ে বক্তব্য জানতে যশোর সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী (এসএই) এম এ রায়হানকে ফোন দেওয়া হলে তিনি সংযোগ কেটে দেন











































