Home আন্তর্জাতিক ২০০ বছর পর এবার পুরুষের ক্লাবে নারী

২০০ বছর পর এবার পুরুষের ক্লাবে নারী

46


অনলাইন ডেস্ক।।

লন্ডনের ঐতিহাসিক গ্যারিক ক্লাবে নারীকে সদস্য করার অনুমতি দেওয়া হয়েছে। ১৮৩১ সালে প্রতিষ্ঠিত ব্যক্তিগত ক্লাবটিতে প্রায় ২০০ বছর ধরে শুধু পুরুষদের রাজত্ব ছিল। তবে মঙ্গলবার প্রথমবারের মতো নারীদের ক্লাবের সদস্য করার পক্ষে ভোট হয়েছে।

বিবিসি ও গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনের ওয়েস্টএন্ডে অবস্থিত গ্যারিক ক্লাবের সদস্যরা ক্লাবে নারীর ভর্তির বিষয়ে বিতর্ক করতে মঙ্গলবার জড়ো হয়েছিলেন। এ সময় ক্লাবের প্রায় ১ হাজার সদস্য ভোট দেন।

অভিনেতা স্টিফেন ফ্রাই এবং সাংবাদিক জেমস নটির মতো বিশিষ্ট ব্যক্তিরা এ পরিবর্তনের পক্ষে ওকালতি করেন। এ নিয়ে বিতর্ক দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। যদিও সভার সুনির্দিষ্ট বিবরণ গোপন রাখা হয়েছে। তবে এটা নিশ্চিত করা হয়েছে যে, ৫৬২ (৬০ শতাংশ) জন সদস্য নারীদের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, এর বিরোধিতা করেছেন ৩৭৫ (৪০ শতাংশ) জন। এ পদক্ষেপকে ক্লাবের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘ দিনের সমালোচিত লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করবে।

গত ১৮ মার্চ প্রভাবশালী ব্রিটিশ প্রতিষ্ঠানটি সদস্যের তালিকা প্রকাশ করে। তালিকায় শুধু পুরুষ সদস্য থাকায় তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এরপর ক্লাবটিতে নারী সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। ক্লাবটিতে প্রায় ১ হাজার ৫০০ জন সদস্য রয়েছেন; যার মধ্যে সংসদ সদস্য, বিচারক, অভিনেতা ও ব্যবসায়ী নেতাদের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন। গুজব রয়েছে, রাজা তৃতীয় চার্লসও এর একজন সদস্য।