ঢাকা অফিস।।
পদ্মা সেতু পরিচালনায় পৃথক কোম্পানি গঠন করছে সরকার। শতভাগ সরকারি মালিকানার এই কোম্পানির নাম হবে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি।
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মতামত নিয়ে কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় সুপারিশের জন্য সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমোদনের পর তা চলতি সপ্তাহে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।
২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচল শুরু হয়। সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) মাধ্যমে সেতুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ে সেতুর টোল আদায় এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।
গঠনের পর পদ্মা সেতুর দেখভাল করবে কোম্পানি। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে শতভাগ সরকারি কোম্পানি ডিএমটিসিএল। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) পরিচালনায় ঢাকা বিআরটি নামে আরেকটি সরকারি কোম্পানি গঠন করা হয়েছে। আগামী ৩০ জুন পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষে সেতুটি কোম্পানির অধীনে চলে যাবে। সেতু বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের জনবলও কোম্পানিতে কাজ পেতে পারে। পরিবর্তিত সরকারি নীতি অনুযায়ী, প্রকল্পের জনবলের চাকরি স্থায়ীকরণের সুযোগ নেই। পদ্মা সেতুর গুরুত্ব, ভাবাবেগের কারণে প্রকল্পটিতে কাজ করা ব্য ক্তিদের কোম্পানিতে রাখার সবুজ সংকেত দিয়েছে সরকার। সারসংক্ষেপে তা জানানো হয়েছে। সেতু কর্তৃপক্ষের আওতাধীনে থাকবে পদ্মা সেতু ওঅ্যান্ডএম কোম্পানি পিএলসি।
নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ মে কোম্পানি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভা। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান ছিল সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পকর্মীদের মধ্যে। কোম্পানি গঠনের ফলে ঋণ পরিশোধ নিয়ে যেন সমস্যা না হয়, সে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। কারণ, পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগকে অর্থ বিভাগ ২৯ হাজার ১৯৩ কোটি ঋণ দিয়েছে। এ ঋণ ১৪০ কিস্তিতে ৩৫ বছরে পরিশোধ করতে হবে।
পদ্মা সেতু প্রকল্পে ৬২ কর্মকর্তা-কর্মচারী চাকরি করছেন। সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভায় বলা হয়েছে, জনবলের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং খরচ কমাতে কোম্পানি ভূমিকা রাখবে। তাই পদ্মা সেতু ওঅ্যান্ডএম (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কোম্পানি গঠন যৌক্তিক। কোম্পানি গঠন না হলে তারা প্রকল্প শেষে চাকরি হারাবেন।











































