স্পোর্টস ডেস্ক।।
সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য ইংল্যান্ডের জাতীয় নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তবে সপ্তাহ ঘুরতেই বুঝলেন রাজনীতি এত সহজ নয়। তাইতো সরে দাঁড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ইংলিশ ক্রিকেটার।
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে জর্জ গ্যালোওয়ের ওয়ার্কার্স পার্টির হয়ে লড়ার কথা ছিল পানেসারের। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পানেসার জানিয়েছেন, রাজনীতি জানতে ও শিখতে তার আরও সময় প্রয়োজন। তিনি বুঝতে পারছেন ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ রাজনৈতিক ঠিকানা খুঁজে পেতে আরও সময়ের দরকার।’
ইলিং সাউথহল থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক এই স্পিনার। অঞ্চলটিতে ভারতীয় উপমহামেদেশের লোকদের বসবাস বেশি থাকায় ভারতীয় বংশোদ্ভূত পানেসারের জয়ের সম্ভাবনাও বেশ ভালো ছিল।
ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালে টেস্টে অভিষেক হয় পানেসারের। পরের বছর অভিষেক হয় একদিনের ক্রিকেটে। টেস্টে ৫০টি ম্যাচ খেলে ১৬৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যদিও ওয়ানডেতে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২৬ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। ২০১৩ সালের অ্যাশেজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচনে নামছেন বলে জানিয়েছিলেন পানেসার, ‘দেশের কর্মরত মানুষদের হয়ে কথা বলার জন্য নির্বাচনে দাঁড়ালাম। একদিন প্রধানমন্ত্রী হতে চাই। ব্রিটেনকে নিরাপদ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তবে আপাতত ইলিং সাউথহলের মানুষদের নিয়েই আমার চিন্তা।’











































