বিনোদন ডেস্ক
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। সেই খবর দিয়েছেন অনেক আগেই। রোহিত শেঠির পরিচালনায় ‘সিংহাম ৩’ সিনেমায় পুলিশের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সেই সিনেমার শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। বর্তমানে রণবীরের সঙ্গে ‘বেবিমুন’ এ রয়েছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে তাদের সব বিয়ের ছবি মুছে ফেলেছেন অভিনেতা। তার এমন কাণ্ডে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন সন্তান হওয়ার আগেই রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। আবার কেউ কেউ রণবীরের এমন কাণ্ডের সমালোচনা করেছেন। বলেছেন, এমন সময়ে তিনি এ ধরনের কাণ্ড না ঘটালেও পারতেন।
এদিকে বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, রণবীর মূলত তার ইনস্টাগ্রামে ২০২৩ সালের আগের সব ছবি আর্কাইভ করে দিয়েছেন। এরমধ্যে বিয়ের ছবিও রয়েছে। কেননা দীপিকার সঙ্গে তার বিয়ে হয়েছিল ২০১৮ সালে। সে কারণেই ছবিগুলো আর দেখা যাচ্ছে না তার অ্যাকাউন্টে। যদিও এমন রিপোর্টের পরও গুঞ্জন থামেনি। প্রসঙ্গত, ছয় বছরের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও শেয়ার করেছেন এই জুটি। বর্তমানে তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। কিন্তু হঠাৎ করে নিজেদের সব ছবি মুছে দিয়েছেন অভিনেতা। সন্তান আগমনের আগেই মনোমালিন্য হয়েছে তাদের। আবার অনেকেই বলছে প্রচারে থাকার জন্য এমন কাণ্ড করেছেন রণবীর। এ বছর ‘মেট গালা’য়ও অনুপস্থিত ছিলেন দীপিকা।











































