স্টাফ রিপোর্টার
বিজেএমসি ভেঙে দিয়ে মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠনের মাধ্যমে পাটকল রক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে খুলনার পাটকল শ্রমিকরা। রোববার দুপুরে নগরীর খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ নয়, বিজেএমসি বাতিল করে মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন করে অবিলম্বে আধুনিকীকরণ, ঈদের আগে শ্রমিকদের বোনাসসহ ৬টি বিল প্রদান, ২০১৩ সাল থেকে অবসর নেওয়া শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলের অব্যবস্থা ও দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ৫ দফা দাবি জানিয়ে পাটকল রক্ষায় সমাবেশ করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ।
সমাবেশে পরিষদের নেতারা বলেন, ভুলনীতি ও দুর্নীতিতে পাটকলগুলো ডুবেছে। এতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শ্রমজীবী এসব মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসেছে। সরকারের উচিত ছিল, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একই সঙ্গে পাটকলগুলো আধুনিকীকরণ করা। এতে আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো।
বক্তৃতা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) খুলনার সমন্বয়কারী রুহুল আমিন, লেখক শিবিরের হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল, ছাত্রফন্ট্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রনেতা সুজয় শুভ, ফাহিম জনি, আল আমিন, জুট মিল শ্রমিক আবু সাঈদ, আলমগীর হোসেন প্রমুখ। মানবন্ধনের চার শতাধিক শ্রমিক-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। অপরদিকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বোনাস প্রদান, শ্রমিক আন্দোলন, সিবিএ ও সামাজিক দায়বদ্ধতা বাবদ ভুয়া ৯০ কোটি টাকা ব্যয় দেখিয়ে সিবিএ’র সম্মান ক্ষুণ্ন, ঘরভাড়া বাবদ বিগত দিনের মতো মজুরি কর্তন, শ্রমিদের নামে মামলা দ্রুত নিষ্পত্তিসহ ১০ দফা দাবি জানিয়ে কর্মসূচি দিয়েছে।
রোববার দুপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেমায়েত উদ্দিন আজাদী। শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আলিম জুট মিল শ্রমিকদের বকেয়া প্রদান, শ্রমিক নেতাদের বিরুদ্ধে অডিট আপত্তি প্রত্যাহার, অলস মজুরি কর্তন বন্ধ, খালিশপুর-দৌলতপুর জুট মিলের শ্রমিকদের এরিয়ার প্রদান প্রভৃতি।
সংবাদ সম্মেলনে সোমবার (২৭ জুলাই) সকালে প্লাটিনাম জুটমিল গেটে মানববন্ধন ও দুপুরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের নেতা সোহরাব হোসেন, মুরাদ হোসেন, মো. খলিলুর রহমান, শাহিনা শারমীন, হুমায়ুন কবির, দ্বীন ইসলাম, কাওছার মৃধা, আখতার হোসেন, সাইফুল ইসলাম লিটু, মিজানুর রহমান মানিক প্রমুখ।










































