Home আঞ্চলিক ঝড় বৃষ্টি চান না কৃষকেরা

ঝড় বৃষ্টি চান না কৃষকেরা

28


আহাদ আলী, স্টাফ রিপোর্টারঃ
তীব্র দাবদাহে পুড়েছে দেশ। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষসহ প্রাণিকূল। গরমের এই তীব্রতা থেকে পরিত্রাণ পেতে দেশজুড়ে চলেছিল বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা ও ইসতিসকার নামাজ। তবে কষ্টার্জিত সোনালি ফসল ঘরে তুলতে আরও এক সপ্তাহ বৃষ্টি চান না বোরো চাষিরা।
কৃষকেরা বলেন, রোদ ও গরম যতই হোক পাকা বোরোধান ঘরে তোলার এখনই সময়। এই মুহূর্তে বৃষ্টি হলে পাকা ধান ঘরে তুলতে ভোগান্তিতে পড়তে হবে। বৃষ্টি বেশি হলে ক্ষেতে পাকা ধান ঘরে তুলতে কৃষকদের বেগ পেতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে না পারলে লোকসান গুনতে হবে কৃষকদের। তাই এই মুহূর্তে বৃষ্টি না হয়ে আর এক সপ্তাহ খানেক পর বৃষ্টি হলে গোলায় ধান তুলতে সক্ষম হবে কৃষকেরা। ফসল ঘরে তোলার পর বৃষ্টি এলেই ভালো বলে মন্তব্য করছেন কৃষকেরা।
তারা জানান, ঘাম ঝরিয়ে ফলানো সোনালি ধান ঘরে তুলতে আরও ঘাম ঝরাতেও প্রস্তুত তারা। ফসলের লোকসান ঠেকাতে তীব্র তাপপ্রবাহের কষ্টও সয়ে নিতে চান কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এই মৌসুমে গত বছরে তুলনায় বেশি জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছে কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এরইমধ্যে অনেক কৃষক ধান ঘরে তুলতে শুরু করেছে। চলতি সপ্তাহে পুরোদমে চলবে ধান কাটা কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হবে। তবে এই মুহূর্তে ভারি বৃষ্টি বোরো চাষিদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
সরেজমিনে দেখা গেছে, বোরো ধানে মাঠ ভরে আছে। মাঠে ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তীব্র গরম উপেক্ষা করেই চলছে ধান কাটা ও মাড়াই ঝাড়াইয়ের কাজ। ভোর থেকে রাত পর্যন্ত ভ্যাপসা গরমে কষ্টার্জিত ফসল ঘরে তুলতে কাজ করে যাচ্ছে তারা। তাদের কাছে তীব্র তাপপ্রবাহ থেকেও মূল্যবান কষ্টার্জিত সোনালি ফসল ঘরে তোলা। তীব্র রোদ উপেক্ষা করেই মাঠে চলছে ধান সংগ্রহের কাজ। রোদ থাকলে আগামী একসপ্তাহ মধ্যেই মাঠের পাকা ধান ঘরে তোলার সুযোগ পাবেন কৃষকরা। সেই সঙ্গে কাচা ধান শুকানো ও গবাদিপশুর খাবার খড়ও শুকাতে পারবেন এই রোদে।
ধান মাড়ায় কাজে ব্যস্ত কৃষক গোলাম মোস্তফা, ছফি উল্লাহ ও হানিফ মিয়া জানান, ধান কাটা ও মাড়ায় শুরু হয়ে গেছে। উঠানে চলছে ধান শুকানোর কাজ।এই মুহূর্তে বৃষ্টি এলে কৃষকরা বিপাকে পড়ে যাবে। আর এতে কৃষকদের লোকসান হওয়ার ঝুঁকিও রয়েছে।
কৃষক বেলাল হোসেন বলেন, এ বছর আমি ৩৭ শতক জমিতে বোরো আবাদ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কিছু জমির ধান ঘরে তুলতে পেরেছি। বৃষ্টি না হলে সপ্তাহ খানেকের মধ্যে বাকি ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে পারব। তবে এর মধ্যে যদি বৃষ্টি বা ঝড় হয় তবে পাকা ধান ঘরে তুলতে সমস্যায় পড়তে হবে। এতে লোকসানও গুনতে হতে পারে।
আরেক কৃষক ফজলুল হক বলেন, জমির ধান পেকে গেছে। এ অবস্থায় বৃষ্টি ও ঝড় হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু জমিগুলোতে পানি জমে গেলে ও ঝড়ের কারণে ধানগাছ খাড়া অবস্থা থেকে নেতিয়ে পড়লে ধান কাটতে কৃষককে ভোগান্তি পোহাতে হবে। এ কারণে বৃষ্টি ছাড়া রোদই বোরো আবাদ করা কৃষকদের জন্য খুব উপকারী।
কৃষি কর্মকর্তা ইনসাদ-ইবনে আমিন জানান, এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষকদের সার্বক্ষণিক প্রশিক্ষণ, মাঠ পরিদর্শন ও তাদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রচণ্ড তাপপ্রবাহে কৃষকরা বেশ শ্রমিক সংকটে পড়েছেন। ধান কাটার এখনই উপযুক্ত সময়। কৃষক ভাইয়েরা তীব্র তাপপ্রবাহ ও কড়া রোদ উপেক্ষা করে কাঙ্খিত ফসল ঘরে তুলতে কাজ করছে। ঝড়-বৃষ্টি শস্য কর্তনকে বাধাগ্রস্ত করতে পারে। প্রকৃতির ওপর কারো হাত নেই, তবে আমরা আশাবাদী কৃষক ভাইয়েরা তাদের স্বপ্নের ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে।
তিনি আরও বলেন, কৃষি অফিস থেকে কৃষকদের রোদে কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, আগামী ৪ থেকে ৫ দিন অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময়ে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।