>> দীর্ঘ ৯ বছর পর কমিটি গঠনের উদ্যোগ
>> ৭টি তথ্য নিয়েছে কেন্দ্রীয় কমিটি
>> বয়সসহ তথ্যে কারচুপিতে অভিযুক্ত কেউ কেউ
স্টাফ রিপোর্টার।।
অভিভাবকহীন খুলনার ছাত্রলীগে ফের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ৯ বছর পর কমিটির উদ্যোগে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা হতে আগ্রহ প্রকাশ করেছেন ১৯৭জন। ২০১৫ সালের ৮জুন নগর ছাত্রলীগে সর্বশেষ সম্মেলনে শেখ শাহজালাল হোসেন সুজনকে সভাপতি ও আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা হয়। একই বছর ১৭ জুন ৫৭ সদস্যের কমিটি ২০১৯ সালের ২ জুলাই ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অভিযোগ উঠেছে নেতৃত্ব প্রত্যাশীদের অনেকেরই নির্ধারিত বয়স শেষ হয়ে গেছে। আছেন বিভিন্ন সময়ে বিতর্কিতরা। তবে সংশ্লিষ্টরা বলেছেন, যাছাই-বাছাই করেই নেতৃত্ব চূড়ান্ত হবে। চলতি মাসেই আসতে পারে ছাত্রলীগের নতুন নেতৃত্ব।
খোঁজ নিয়ে জানাগেছে, সম্মেলনের মাধ্যমে দীর্ঘ ৯ বছর আগের কমিটির অধিকাংশ নেতৃত্বই নিস্ক্রীয়, বিবাহিত বা চাকুরিজীবী। আবার ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর যুব রাজনীতিতে যুক্ত হন নগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। নির্বাচিত হন খুলনা মহানগর যুবলীগের কমিটির যুগ্ম আহ্বায়ক। আর ২০২১ সালের ৬ নভেম্বর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
ফলে ঝিমিয়ে পড়ে সংগঠনটির কার্যক্রম। এ অবস্থায় চলতি বছরের ১৩ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ২৫ মার্চ পর্যন্ত নেতৃত্ব প্রত্যাশী ৭ ধরণের তথ্য চেয়ে আবেদন আহ্বান করেন। এতে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে আবেদন ১৯৭ জন ছাত্রনেতা ছবি, জন্মসদন, জাতীয় পরিচয়পত্র, বোর্ড পরীক্ষার সনদ, মার্কসিটের ফটোকপি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়নসহ ৭টি তথ্যের প্রমাণপত্র জমা দেন।
আবেদনকারীদের মধ্যে নগর কমিটিকে ইতিমধ্যে আলোচনায় এসেছেন সভাপতি পদে মাহামুদুল ইসলাম সুজন, এম এ হোসেন সবুজ, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ই সজল, মাহামুদুর রহমান রাজেশ, রুম্মান আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে সোহান হোসেন শাওন, বায়েজিদ জান্নাত সিনা, মো. আহানাফ ইসলাম অর্পন, রেজওয়ান মোড়ল, নিশাত ফেরদৌস অনি আলোচনায় রয়েছে।
অভিযোগ উঠেছে, আলেচনায় থাকা অনেক প্রার্থীই জন্ম তারিখসহ বিভিন্ন তথ্য গোপন করেছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একাধিক প্রার্থীর জন্ম বছর ১৯৯১ থেকে ১৯৯৪ এর মধ্যে। আবার কেউ নিয়মিত ছাত্র নন।
নেতৃত্ব প্রত্যাশী একাধিক ছাত্রনেতা জানান, নতুন কমিটির অপেক্ষায় থেকে থেকে বষস শেষ হয়ে যাচ্ছে। এবার নতুনভাবে আশা বুনছি। কিন্তু আবেদনকারীদের অনেকের বয়স শেষ, মামলার আসামী রয়েছেন। ভালভাবে যাচাই করে নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনে গতি ফিরবে।
মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, ‘আমরা নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব প্রদানের অপেক্ষায় রয়েছি। বড় সংগঠনে নেতৃত্ব প্রত্যাশীও অনেক। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই শেষে নতুন কমিটি ঘোষণা করবে। কোন বিতর্কিত ব্যক্তিই এতে স্থান পাবেন না।’
অপরদিকে ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগে সম্মেলন হয়। ২২১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশই বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ী। কিন্তু এই নেতারা দীর্ঘ সময়েও থানা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন হয়নি। দুটি উপজেলা, একটি পৌরসভা ও ৯টি বড় কলেজে কোনো কমিটিও নেই। অনেকের নির্ধারিত বয়স পেরিয়ে যাওয়ায় নিস্ক্রীয় পড়ে পড়েছেন।











































