
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর প্লাটিনাম জুট মিলস কলোনীর কবির হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৯), সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাবুল হাওলাদারের ছেলে মো. মজিবর হাওলাদার (২৫), ফুলবাড়ি গেট পুরাতন কুয়েট রোডের মৃত. জিএম মাহাবুবুল কবিরের ছেলে অনিক পারভেজ ওরফে পাভেল (৩৫) ও সাতক্ষীরা জেলা সদরের পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়ার শেখ মাসুদ রহমানের ছেলে শেখ তানভীর রহমান রাফি (১৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৭মে) দুপুরে ফুলতলার দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় করোনা ও ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফিসের চেয়ে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগে দামোদর নতুনহাট এলাকায় গাজী ল্যাবের মালিক তুহিন গাজীকে ৩০ হাজার টাকা এবং ফুলতলায় ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদের মালিকাধীন এ গফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ টেস্ট উপকরণ (কেমিক্যাল) এবং অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিম আহমেদ, জেলার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, স্যানেটারী ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, ক্যাব প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের দায়িত্বে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা
খবর বিজ্ঞপ্তি
আগামী ৮ মে খুলনা বিভাগে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ১ম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৫০৭টি ভোট কেন্দ্রের অভ্যন্তরে আইন শৃংখলা রক্ষার্থে ২১৪৭৩ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।
ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তা প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সংক্রান্ত ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রে প্রবেশে বাধাদান, হুমকি প্রদর্শণ হলে কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভোট কেন্দ্রে হামলাকারীদের তাৎক্ষণিক প্রতিহত করা ভোটের আগের রাতে নিরাপত্তার রক্ষার্থে কেন্দ্রে অবস্থান করা, ভোট কেন্দ্রে কেউ অসুস্থ হলে নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী চিকিৎসার ব্যবস্থা করা এবং কোন প্রার্থীর দেয়া খাদ্যদ্রব্য গ্রহণ না করা ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের জন্য এবং সর্ব্বোচ নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিকক্ষা বাহিনী খুলনা রেঞ্জ এর উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নির্দেশনা প্রদান করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১দিন প্রশিক্ষণ ও ব্রিফিংসহ ৪ মে হতে ৯ মে পর্যন্ত ৬ দিন মোতায়েন রয়েছেন। ০১ জন পিসি (অস্ত্রসহ) ০২ জন এপিসি (অস্ত্রসহ), ০৬ জন আনসার ও ভিডিপি (পূরুষ) ও ০৪ জন আনসার ও ভিডিপি (মহিলা) মোট ১৩ জন করে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ৫ মে হতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ১ম ধাপ উপলক্ষে অভ্যন্তরীণ আইন শৃংখলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্তে ৫ মে হতে ৯ মে পর্যন্ত ৫ দিনের জন্য খুলনা বিভাগের ৯টি জেলাধীন ১৭টি উপজেলায় ৩৪০ জন সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২৬০ জন সশস্ত্র আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ১ম ধাপ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে কাজ করবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটারিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
আশাশুনিতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিওগণের জন্য দুদিনের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ মে) আশাশুনি সরকারি কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনের এ কোর্স অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসন আশাশুনির বাস্তবায়নে উপজেলার ১০ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ১৩২ জন ইউপি সদস্য ও ১১ জন ইউপি সচিবের উপস্থিতিতে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, এনআইএলজির উপসচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে ডিডিএলজি মাশরুবা ইয়াসমিন, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও মোঃ সোহাগ খান, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বেল্লাল হোসেন, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল। প্রশিক্ষণ কোর্সে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, আহরণ ও বাজেট ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শোভনালীতে ইউপি সদস্য নাসির উদ্দিনের স্ত্রীর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি।।
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন সরদারের স্ত্রী রোজিনা খাতুন (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ মে) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ১০টায় তিনি স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য সাতক্ষীরা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার (৭ই মে) সকাল ১০টায় হাজিপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার স্বামী ইউপি সদস্য নাসির উদ্দিন সরদার। জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কার সিদ্দিক, খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, বিশিষ্ট বক্তা মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, বিশিষ্ট বক্তা মাওলানা শামীম রেজা সিদ্দিকী, হাফেজ মাওলানা মোখলেসুর রহমান, হাফেজ মাওলানা আবুল হোসাইন বুলবুল ও মরহুমার পুত্র তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তী, মেম্বার আজিজুল ইসলাম, মোজাম্মেল হক, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আব্দুল গফফার, প্রাক্তন মেম্বার হাবিবুল্লা, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ছাত্র ও মরহুমার আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: পুলিশ সুপার সাতক্ষীরা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। মঙ্গলবার (৭ মে-২৪) সকাল ১০ টায় জেলার কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মবন্টন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি বক্তব্যে বলেন- আইন শৃঙ্খলা সমুন্নত রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অনিয়ম দুর্নীতি ও প্রভাবে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে।জেলার দু’টি উপজেলায় ভোট গ্রহন হচ্ছে, এ ভোট শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে। বিতর্কিত ভোট গ্রহনের ও সহায়তা প্রদানের সুযোগ নেই। এমন অপরাধে কেহ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তৎক্ষনাৎ। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্তিতির জন্য সতর্ক থাকার আহবান জানান। শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন কারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন কি বিজয়ী হবেন আর কে পরাজিত হবেন এ চিন্তা আমাদের না। এ সময়ে উপস্থিত ছিলেন জেলার অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান, ডিএস বি’র অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
কালিগঞ্জে আজ উপজেলা পরিষদ নির্বাচন ভোটারের উপস্থিতি বাঁড়াতে মরিয়া প্রার্থীরা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের চাদরে আজ অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, প্রত্যেক ইউনিয়নে থাকছে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কে হাসবে শেষ হাসিটা, দেখার অপেক্ষায় কালিগঞ্জ উপজেলাবাসি।বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলায় ৮ ই মে বুধবার অনুষ্ঠিত হচ্ছে। তুমুল প্রতিদ্বন্দীতায় মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুইজন লড়ছেন। কালিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অনুজ গাইন জানান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতির ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে যাবতীয় নির্বাচনের সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সদা প্রস্তুত। ভোটাররা ভোটকেন্দ্রে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে নিরলস ভাবে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন। নির্বাচনকে কেন্দ্র করে ৭৯টি ভোট কেন্দ্রের জন্য ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৬’শ৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার৩’শ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণে আওতায় আনা হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ঘোড়া প্রতীক নিয়ে ও প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামানের পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন প্রতীক আনারস প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) ৫জন এর মধ্যে শেখ নাজমুল ইসলাম তালা প্রতীক, শেখ ইকবাল আলম বাবলু বই প্রতীক, কাজী মোফাখখারুল ইসলাম নীলু চশমা প্রতীক, কাজী আব্দুস সালাম উড়োজাহাজ প্রতীক, মুকুল বিশ্বাস টিয়া পাখি প্রতীক। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪জন হলেন দিপালী রানী ঘোষ বল প্রতীক, সুরাইয়া আফরোজ সুমি কলস প্রতীক, ফারজানা শওকত আফি হাঁস প্রতীক, শ্যামলী অধিকারী পদ্মফুল প্রতীক, প্রতীক নিয়ে ভোটের মাঠে চষে বেরিয়েছেন নির্ঘুমভাবে। উপজেলায় প্রার্থীরা মরিয়া ভোটার উপস্থিতি বাড়াতে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তথ্য বিবরণী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আনিস-আর-রেজা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (পিআরএল) মোঃ আবুল আলম।
অতিথিরা বলেন, এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ আমাদের সামনে পথ চলার নিদের্শনা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা, মেধা ও মননে চিরভাস্বর। শুধু সাহিত্যই নয়, প্রতিটি শাখায় ছিলো তাঁর পদচারণা। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের নিয়ে বিশেষ চিন্তা ছিলো। তিনি শিশুদের নিয়ে বেশি লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ অসংখ্য গান, কবিতা রচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় জীবননগর ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ৮মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে দর্শনা অডিটোরিয়ামে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। পুলিশ সুপার পুলিশের নিরাপত্তা ব্রিফিং
বলেন, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত পুলিশকে সঠিক দায়িত্ব পালনে অটল থাকতে বলেন।এছাড়া সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা; জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।
পাইকগাছায় অপরিপক্ত পাকা আম বাজারজাত করার সময় ৩ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় অপরিপক্ত পাঁকা আম বাজারজাত করার সময় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করে প্রায় ২৫ মন আম নষ্ট করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পরিবহন কাউন্টার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এ জরিমানা করেন। এ সময় উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ফল ব্যবসায়ী সোবান গাজী ১৫হাজার ,একই ইউনিয়নের চেচুয়া গ্রামের এরশাদ আলী কে ১০হাজার টাকা ও পৌর সদরের সরল গ্রামের লতিফ গাজী কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পরিবহন কাউন্টারে অপরিপক্ত পাকা আম বাজারজাত করনের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ওই আম জব্দ করা হয়। পরে ওই আম গাড়ীর দিয়ে পিষে নষ্ট করা হয়। এ সময় উপস্হিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল সহ আরো অনেকে।
অভয়নগরে মহিলা মেম্বর’র বিরুদ্ধে ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে মাতৃত্বকালীন ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে এক মহিলা ইউপি সদস্য’র বিরুদ্ধে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্য’র নাম সেলিনা আক্তার লিজা। তিনি উপজেলার শুভড়ারা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা আসনের সদস্য।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ইউপি সদস্য সেলিনা আক্তার লিজা হতদরিদ্র বাশুয়াড়ী গ্রামের শেখ মহব্বত হোসেনের ছেলে বৌকে মার্তৃত্বকালিন ভাতার কার্ড করে দেওয়ার কথা আট হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। তার ছেলের বৌ চার মাস আগে সন্তান প্রস্বাব করেছেন। কিন্তু উপজেলায় ভাতার তালিকা তার নাম অর্ন্তভূক্ত হয়নি। এ ঘটনায় মহব্বত হোসেনের স্ত্রী রেহেনা খাতুন বাদি হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে আরো অনেকে এধরনের মৌখিক অভিযোগ করেছেন। তারাও লিখিত অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
রেহানা খাতুন জানান, ২০২৩ সালের ২০নভেম্বর ইউপি সদস্য সেলিনা আক্তার লিজা তার এর ছেলের বউকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ৮ হাজার টাকা নেয়। তার ছেলে বউ এর বাচ্চার বয়স ৪ মাস হয়ে গেলেও তাদের যাঁচাই-বাছাইয়ের জন্য ডাকা হয়নি। তিনি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাজিন আরা মিতু নিকট খোঁজ খবর নিয়ে জানতে পারেন অনলাইনের সর্বশেষ তালিকায় তার ছেলে বৌ আপরোজা খাতুনের নাম আছে এবং ওই তালিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব মো.মিজানুর রহমানের নিকট ই-মেইলে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার অফিসে এই আপরোজা খাতুনের নামে কোন মাতৃত্বকালিন ভাতার কার্ড হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে আপরোজা খাতুনের নামের স্থানে প্রিয়াংকা সানা নামে অন্য এক জনের ভাতার কার্ড তৈরি করা হয়েছে।
প্রিয়াংকা সানার স্বামী সমির ঢালী বলেন, আমার স্ত্রী প্রিয়াংকা সানার মাতৃত্বকালিন ভাতার কার্ড হয়েছে।আমার চাচা রবিন ঢালী অনলাইনে আবেদন করে তার সকল কাগজপত্র উপজেলা অফিসে জমা দিয়েছিলো।
এব্যাপারে ইউপি সদস্য সেলিনা আক্তার লিজা বলেন, আমি মার্তৃত্ব কালিন ভাতার কার্ড করার কথা বলে কারো কাছ থেকে অর্থ নেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘ এ ব্যাপারে আমি উভয় পক্ষকে ডেকে নিয়ে সোমবার সকালে আমার পরিষদে সালিশে বসেছিলাম। কিন্তু উপযুক্ত প্রমানের অভাবে তার সুরহ করা সম্ভাব হয়নি।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল বলেন, ‘এ ব্যপারে আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহি অফিসার কে এম আবু নওশাদ বলেন, ‘এ ঘটনার কোন অভিযোগ পত্র আমি হাতে পায়নি। অভিযোগ পত্র পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ায় তিন লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার টলটলিপাড়া এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে তিন লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি সিএনজি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় সিএনজি চালককে আটক করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। জেলার দৌলতপুর উপজেলার টলটলিপাড়া থেকে একটি সিএনজিতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস সুপার কে এম খালেকুজ্জামানের নেতৃত্বে কাস্টমসের একটি চৌকস টিম দৌলতপুর উপজেলার টলটলিপাড়া এলাকার একটি সড়কে অভিযান ও তল্লাশি চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি থেকে নয় বস্তায় তিন লক্ষ (৩,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় সিএনজিসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি ও সিএনজি কাষ্টমস হেফাজতে নেওয়া হয়েছে।
আটক সিএনজি চালক জানান, দৌলতপুর উপজেলার টলটলিপাড়া গ্রামের গ্যাদা মিয়া তার সিএনসিতে করে নকল আকিজ বিড়ি সোনাইকুন্ডিতে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
কাস্টমস সুপার কে এম খালেকুজ্জামান জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। সিএনজি চালককেও আটক করা হয়েছে। অভিযুক্ত গ্যাদা মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মহানগর ছাত্রলীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১ টায় এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, মেহেদী হাসান মান্না, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, রেজওয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, সাজু দাশ, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, মোঃ গালিব হোসেন, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, শেখ শান্ত, রুমান আহমেদ, রাহুল শাহারিয়ার, চয়ন চৌধুরি, পার্থ ঘোষ, ইমরান হোসেন, ফাহিম ফয়সাল ওপল, মৃদুল, শেখ আলামিন, রায়হান শেখ, টিটু প্রমুখ। এর আগে মহানগর অন্তর্গত আযম খান সরকারী কমার্স কলেজ ছাত্রলীগ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগ, সরকারী বিএল কলেজ ছাত্রলীগ একই কর্মসূচি পালন করে।
পদ্মার পাড়ে আড্ডা, রাসেল ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
রাবি প্রতিনিধি
পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
সাব্বিরের সহপাঠী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এ সময় বিষধর রাসেল ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। তার বন্ধুরা তৎক্ষণাৎ সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্নীতির দায়ে পুরস্কার বাতিল প্রধান শিক্ষকের
নড়াইল প্রতিনিধি
বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ মনানীত হওয়া নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের পুরস্কার বাতিল করেছে কর্তৃপক্ষ।
রোববার (৫ মে) প্রকাশিত সংবাদের পর ব্যাপক সমালোচনার মুখে অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে স্থানীয় শিক্ষা কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া।
এর আগে গত ২৯ এপ্রিল ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মো. আশরাফুল ইসলামের নাম প্রকাশ করার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে পুরস্কার প্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে শিক্ষাঙ্গনসহ স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল ইসলামের পুরস্কার নিয়ে তীর্যক মন্তব্য করেন।
এনিয়ে রোববার (৫ মে) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে ঘোষিত পুরস্কার বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও করোনার টিকার জন্য টাকা আদায় এবং দুর্নীতিসহ কয়েকটি গুরুতর অভিযোগের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় ওই শিক্ষকের এমপিও স্থগিত করে গত মার্চ মাস থেকে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে। ইতোপূর্বে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করে দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে বিপুল অঙ্কের অবৈধ সম্পদের মালিক হওয়া, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করাসহ করোনার টিকা রেজিস্ট্রেশন ও নির্ধারিত কেন্দ্রে নেওয়ার নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা ও আর্থিক অনিয়মসহ কয়েকটি গুরুতর অভিযোগ তদন্ত করেছেন মাধ্যমিক ও উচশিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুণ অর রশীদ। পরে তদন্তে সকল অভিযোগের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় প্রাথমিকভাবে ওই শিক্ষকের এমপিও স্থগিত করে বতন-ভাতাদি বন্ধ করা হয়েছে।
এ প্রসঙ্গে কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, জেলা পর্যায়ে উপজেলায় ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কার হিসেবে আশরাফুল ইসলামের নাম মনোনীত হওয়ার আগে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়টি আমাদের জানা ছিল না। এনিয়ে রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর তদন্ত করে সমালোচনা তথা অভিযোগের বিষয়টির সত্যতা পাওয়ায় ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কার থেকে আশরাফুল ইসলামের নাম বাতিল করা হয়েছে।
শ্রমিকদলের সদস্য সচিব শফির সুস্থতা কামনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ও মহানগর বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি অসুস্থাবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ মে) প্রদত্ত বিবৃতিতে শ্রমিক নেতার আশু সুস্থতা কামনা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
স্টাফ রিপোর্টার
খুলনায় তিন সপ্তাহের টানা তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে আসে। এ সময় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (৬ মে) সন্ধ্যায় খুলনায় প্রত্যাশিত বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি নেমে এসেছে চারপাশে। সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি শুরু হয়। রাত ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে শহরের পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এদিন দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল। কখনও রোদ আবার কখনও মেঘের আনাগোনা ছিল খুলনার আকাশে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় দমকা বাতাস। সাড়ে ৬টার দিকে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। এতে বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। গোবেচাকা প্রধান সড়কে হাঁটুপানি জমে।
টুটপাড়ার রহিমা আক্তার বলেন, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। কিন্তু গত দুদিন তাপমাত্রা কমেছে। সোমবার বিকাল থেকে আকাশে মেঘ ছিল, বাতাসও বইছিল। অবশেষে বৃষ্টির অপেক্ষার অবসান হয়। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পর থেকে আবহাওয়া অনেকটা ঠান্ডা। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
খালিশপুরের মুদি দোকানের কর্মচারী হামিম হোসেন বলেন, কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তবে রবিবার থেকে খুলনায় তাপমাত্রা কমেছে। সোমবার বিকাল থেকে আকাশে মেঘ ছিল। আমরা বৃষ্টির আশায় ছিলাম। সেই অপেক্ষার অবসান হয়েছে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পর থেকে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক এখন। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
বিএল কলেজের শিক্ষার্থী সুমাইয়া তাসফিয়া বলেন, দীর্ঘদিন পরে বৃষ্টি হয়েছে। খুব ভালো লাগছে। বৃষ্টিতে প্রকৃতি শীতল করে দিয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, দাবদাহের পর খুলনায় বৃষ্টি হয়েছে। রাত ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৫ মে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কয়রা সাংবাদিক ফোরাম’ এর বিতর্কিত কর্মকাণ্ডে জনমনে ক্ষোভ
কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় ‘কয়রা সাংবাদিক ফোরাম’ নামের একটি ভুঁইফোড় সংগঠনের নানা বিতর্কিত কর্মকান্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের পাশাপাশি নানা হয়রাণি করে চলেছে। আত্মসম্মানের ভয়ে তাদের নির্যাতন নীরবে সহ্য করছে, এমনকি ইচ্ছা না থাকা সত্তে¦ও বিতর্কিত সম্মাননা নিতে বাধ্য হচ্ছে। তাদের নানা অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাকযোগে খুলনার বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেছেন কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা প্রেসক্লাব, কয়রা রিপোর্টার্স ইউনিট ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রভাষক, আইনজীবী ও শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (৭ মে) সরাসরি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের অনুলিপি জমা দেয়া হয়েছে।
আবেদন ও স্থানীয় সূত্র জানা যায়, কতিপয় ব্যক্তি সাংবাদিক সংগঠনের নামে ফেসবুক, হোয়াটঅ্যাপসসহ বিভিন্ন অনিবন্ধিত অনলাইনে স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠানের নামে অপপ্রচার চালিয়ে ব্লাক মেইলের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছেন। এছাড়া অনুমতি না নিয়ে যাকে-তাকে আইডল-আইকন উপাধী দিয়ে গুণীজন সম্মাননার নামে স্টিকার তৈরি করে ফেসবুকে পোস্ট করেন। কোন যাচাই ছাড়াই যাকে-তাকে নানা উপাধিতে ভূষিত করছেন। এই গুণিজন সংবর্ধনার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটি অ্যাওয়ার্ড-উপাধির মোড়কে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে জিম্মি করে অর্থ আদায় করে আসছে। ইচ্ছা না থাকার পরেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা পেশাজীবী ব্যক্তি সম্মাননা নিতে বাধ্য হচ্ছে।
ওই চক্রের প্রধান উপজেলার গোবরা গ্রামের হাফিজুর রহমানের পুত্র তারিক লিটু। তিনি ছাত্রজীবনে ২০১৬ সালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)তে জঙ্গিবাদের উস্কানি ও অপ-সাংবাদিকতার দায়ে প্রতিষ্ঠানের আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং একাডেমিক হতে সাময়িক বহিষ্কারের শাস্তি পান। তার বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেন উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী। ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে মিজানুর রহমানের অভিযোগ। ১৮ এপ্রিল সংগঠনটি স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি ও আওয়ামীগের কয়েকজন নেতাকে বিশেষ অতিথি রেখে গুণিজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু সংসদ সদস্য তাদের অপকর্মের তথ্য জানতে পেরে অনুষ্ঠানে উপস্থিত হননি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠায় ওই অনুষ্ঠানে অনেকেই সম্মাননা নিতে যাননি। তবে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভয়ে সম্মাননা নিয়েছেন বলে কয়েকজন জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এবছর সম্মাননা পাওয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা বলেন, ফেসবুকে তাদের সম্পর্কে নেগেটিভ কমেন্ট দেখলে ঘৃণা লাগে। তাদের মত ভুইফোঁড় সংগঠন থেকে সম্মাননা নেওয়ার কোন ইচ্ছাই ছিল না। তবে তাদের কথা না শুনলে আমাদের আত্মমর্যাদা নিয়ে টানা হেঁচড়া করবে। এজন্য অনিচ্ছা সত্ত্বেও নিতে বাধ্য হয়েছি।
গত বছরও এমন বিতর্কিত একটি সংবর্ধনার আয়োজন করেন ওই সংগঠনটি। ওই সময়ে সেরা শিক্ষক, সেরা পল্লী চিকিৎসক, সেরা স্বেচ্ছাসেবী, উপকূল বন্ধুসহ একাধিক পদক দেয়া হয়। সেরা নির্বাচনে অর্থ বাণিজ্যের ব্যাপক অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষের নানা সমালোচনার মুখে পড়ে তারা। সেরা কবি সাহিত্যিক হিসেবে পদক দিতে চান বিশ্ববিদ্যালয় পাশ করা এক শিক্ষার্থীকে। তিনি একাধিক বইয়ের লেখক ও একজন স্বনামধন্য প্রচ্ছদশিল্পী। তিনি পদক নিতে অসম্মতি জানালে তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি নানাভাবে হয়রানির চেষ্টা করার অভিযোগ রয়েছে। এসব ছাড়াও তাদের ফেসবুক আইডিতে নানা বিতর্কিত পোস্ট দিয়ে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। কেউ প্রতিবাদ করলে সুযোগ বুঝে কয়েকজন মিলে তাকে লাঞ্চিত করে, ভয়ভীতি দেখায়। ওই সংগঠনের সদস্যদের হাতে অনেকেই লাঞ্চিত হলেও আত্মসম্মানের ভয়ে নিরবে সহ্য করছেন। এসব বিতর্কিত কর্মকান্ডে প্রকৃত পেশাজীবী সংবাদকর্মীদের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি সাধারণ মানুষ বিভ্রান্তিত পড়ছে। তাদের হয়রাণি থেকে প্রতিকার পেতে ৬ মে ডাকযোগে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেন সমাজের সচেতন মহল। এছাড়াও তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, খুলনা জেলা প্রশাসক, র্যাব-৬, খুলনা পুলিশ সুপারসহ কয়েকটি দপ্তরে আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে।
আইইবি খুলনা কেন্দ্রের উদ্যোগে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত
খবর বিজ্ঞপ্তি
আইইবি খুলনা কেন্দ্রের উদ্যোগে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে-২০২৪ পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদার সাথে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় আইইবি খুলনা কেন্দ্রের সোনাডাঙ্গা ক্যাম্পাসে প্রকৌশলীদের সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, আইইবি’র পতাকা (সদরদপ্তর ও খুলনা কেন্দ্র) উত্তোলন এবং শপথ বাক্য পাঠ করা হয়। এছারাও আইইবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত প্রকৌশলীবৃন্দকে ইঞ্জিনিয়ার্স ডে এর শপথ বাক্য পাঠ করান কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ, কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (এপিএসডব্লিঊ) প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় আইইবি খুলনা কেন্দ্রের কাউন্সিল সদস্যবৃন্দ সহ উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী অনুষ্ঠানে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তোলেন। শপথ অনুষ্ঠান শেষে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আইইবি চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুষ্ঠানের সভাপতি উপস্থিত প্রকৌশলীবৃন্দকে ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘো
বৃষ্টিতে নিভেছে সুন্দরবনের আগুন: সুন্দরবনের আগুন, সতর্কতার জন্য চলছে অনুসন্ধান
স্টাফ রিপোটার,বাগেরহাট
তিন দিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টিতে সম্পূর্ণ নিভে গেছে। কোথাও আগুন ও ধোঁয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য মঙ্গলবার সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে বনকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধান চলবে সন্ধ্যা পর্যন্ত।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে রয়েছেন। এখনো প্রস্তত রয়েছে বন বিভাগের ফায়ার ইউনিট।
গত শনিবার বিকেলে খবর পেয়ে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতে বনের আগুন পুরোপুরি নিভেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, ‘বনের মধ্যে এখন কোনো আগুন নেই। তার পরও আমাদের লোকজন আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে। যদি কোথাও আগুন বা ধোঁয়া পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে নেভানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দুই উপজেলায় প্রার্থী ১৯ জন
বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে
স্টাফ রিপোটার,বাগেরহাট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে বাগেরহাটের কচুয়া ও রামপাল দুই উপজেলা কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠোনো হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। প্রিজাইডিং অফিসাররা সরঞ্জমান নিয়ে ছুটছেন কেন্দ্রে। ব্যালট যাবে বুধবার সকালে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন।
দু’টি উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্রে, ৫৬৯ টি বুথে মোট ২লাখ ২৭ হাজার ৯ শত ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দুটি উপজেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টিম ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকালে ব্যালট পাঠানো হবে। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
দাকোপে দলিত ও বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়ন কার্যক্রমে সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্ন্তভুিক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) দাকোপে বে-সরকারি উন্নয়ন সংস্থা নাগরিক এর উদ্যোগে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দলন এবং খ্রিষ্টীয়ান এইডের অর্থায়নে বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা সভাপতিত্ব করেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় কিভাবে অর্ন্তভুক্ত করে জীবন ধারা পরিবর্তন করাযায় সে বিষয়ে বক্তৃতা করেন। নাগরিক এর বিভাগীয় কর্মকর্তা মানিক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, প্রেসকøাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মেহেদী হাসান, এএনসি উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মামুনুর রশিদ। অন্যান্যের মদেধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক শিপন ভূইয়া, জিএম আজম, পারুল বেগম, নাগরিকের এডভোকেসি কর্মকর্তা জয়দেব দাস, লিপিকা বৈরাগী, পাবক মিস্ত্রী,বিশ্বজিত মোড়ল, মলয় প্রশারী, সুইটি দাস, সাধনা দাস, মলিনা দাস, পুলক বেরাগী, দেবপ্রসাদ দাস, মিনতি রায়, বাসন্তি দাস, শরিফা আক্তার প্রমুখ।
গ্রীন ভয়েস এর মানববন্ধনে বক্তারা
সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় এর প্রতিবাদে এবং সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে গ্রীন ভয়েস খুলনা বিভাগের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন গতকাল ৬ মে সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমানের সভাপতিত্বে এবং খুলনা বিভাগের সহ-সমন্বয়ক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করেন খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দীন, কবি ও গবেষক সৈয়দ আলী হাকিম, বাপা খুলনার নেতা নাজমুল তারেক তুষার। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, বরিশাল বিভাগের সহ-সমন্বয়ক আলী আহসান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য স্বপন মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একই এলাকায় প্রায় প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট তৎপরতা বাড়লেও এটি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। এক শ্রেণির অসাধু লোকেরা বর্ষা মৌসুমে ভাটির সময় জাল ফেলে জোয়ারের সময় জাল উঠিয়ে দিয়ে মাছ শিকারের একটি নির্বিঘ্ন ক্ষেত্র প্রস্তুত করতে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। অথচ কর্তৃপক্ষের উদাসীনতা, নিরবতা এবং রহস্যজনক ভূমিকায় দুস্কৃতিকারীচক্র এ কাজটি করে থাকেন। প্রশাসন ইচ্ছে করলে এ চক্রটিকে আইনের আওতায় এনে সুন্দরবন বিধ্বংসী এ কর্মকাণ্ড বন্ধ করতে পারে। বক্তারা আগুন নেভাতে বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বনজীবীদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে এ জাতীয় দুর্ঘটনা ঘটতে না পারে সেজন্য দপ্তরগুলোর প্রতি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। যদিও প্রাকৃতিকভাবে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার বিষয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে উল্লেখ করে বক্তারা তদন্ত কমিটিকে নিরপেক্ষ থেকে একটি সঠিক তদন্ত প্রতিবেদন প্রকাশ, তার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ এবং প্রাকৃতিকভাবে এ অগ্নিকাণ্ড ঘটে থাকলে ঝুঁকিপূর্ণ স্থানসমূহ চিহ্নিত করে এ ব্যাপারেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সর্বোপরি প্রাকৃতিক অক্সিজেন ভাণ্ডারখ্যাত বিশ্বের বৃহত্তম এ ম্যানগ্রোভ বন এবং এর জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের দাবী জানান বক্তারা।
কপিলমুনিতে কেমিক্যাল দেওয়ায় আম নষ্ট ও জরিমানা আদায়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে কপিলমুনিতে ৩ আম ব্যবসায়ীকে জরিমানা এবং ২৪ ক্যারেট আম (আনুঃ ওজন ১৪ মন) কেরোসিন দিয়ে ও বাসের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়।
জানাযায়, সোমবার রাত ৯ টার দিকে কপিলমুনির ঢাকা বাস কাউন্টার এলাকায় ওই আম জব্দ করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি আমগুলো কেরোসিন তেল দিয়ে বাসের চাকায় পিষ্ট করেন। আম ব্যবসায়ী গোপালপুর গ্রামের ছোবানকে ১৫ হাজার, চেঁচুয়া গ্রামের এরশাদকে ১০ হাজার ও সরল গ্রামের লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত উপজেলা স্যানিটারী এন্ড সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার ইব্রাহিম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালত।
অধ্যক্ষ দেলোয়ারা বেগম ছিলেন একাধারে একজন সমাজকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা: মেয়র
সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অধ্যক্ষ দেলোয়ারা বেগম ছিলেন একাধারে একজন সমাজকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা। সর্বোপরি একজন সাদা মনের মানুষ হিসেবে তিনি সাধারণ মানুষের সাথে আজীবন কাজ করে গেছেন। একই সাথে তিনি নিজেও সব সময় সাধারণ মানুষের মত জীবন যাপন করেছেন। সে কারণে পিছিয়ে পড়া মানুষের প্রতি ছিল তার গভীর মমত্ববোধ।
সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগরীর লবনচরা হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ অডিটরিয়ামে কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগম স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ এ স্মরণ সভার আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে মনোরম পরিবেশ গড়ে তুলতে তিনি সহকর্মীদের সাথে নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন উল্লেখ করে সিটি মেয়র বলেন পাঠদান ব্যবস্থাসহ কলেজটির সার্বিক উন্নয়নে তার অবদান সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ ফরদার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম ডি এ বাবুল রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও মরহুমা দেলোয়ারা বেগম-এর স্বামী পিডিবি’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার প্রফেসর আলমগীর কবির, কেসিসি’র কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, সবুরণনেছা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মরিয়ম সিদ্দিকী, মরহুমা দেলোয়ারা বেগমের কন্যা লিমু চৌধুরী ও রাফসানা জানি সীমু প্রমুখ স্মরণ সভায় মরহুমার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন কলেজের অধ্যাপক আরিফুর রহমান অপু। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীগণ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
রূপসায় কৃষকলীগ নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
রূপসা প্রতিনিধি
রূপসার নৈহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড (বাগমারা, চর রূপসা) কৃষক লীগের সহ-সভাপতি মোঃ বাবু শেখের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বেলা ১১ টায় পূর্ব রূপসা বাস স্টান্ডে এই মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন আহত বাবুর ভাই মোঃ লাবু শেখ, সুজন, মিরাজ, আরিফুল, রিমেল ও আলামিন প্রমুখ।
উল্লেখ্য গত ২৯ এপ্রিল রাতে ৪/৫ জন দুষ্কৃতিকারী বাবুর উপর নৃশংসভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।










































