অনলাইন ডেস্ক।।
গাজা থেকে মিসরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাতভর অভিযানের পর মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের ৪০১তম আর্মড ব্রিগেড পূর্ব রাফার সালাহ-আ-দিন ক্রসিংটিকে রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাফা ক্রসিং ছিল একমাত্র পথ, যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের দখল নিয়েছে। মিসর-গাজা সীমান্তে অবস্থিত এই শহরটি স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী রাফার পূর্বাংশের বিশেষ এলাকায় রাতভর অভিযান চালিয়েছে। সেখান থেকে বেশির ভাগ বেসামরিক ফিলিস্তিনি এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে মঙ্গলবারও গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কেরেম শালম ক্রসিং বন্ধ থাকবে। সেখানে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই শুধু ওই ক্রসিংটি ফের খুলে দেওয়া হবে বলেও জানিয়েছে আইডিএফ।
এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, দক্ষিণ গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এর পর থেকে এই পথে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, রাতারাতি ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়ে রাফা শহরের বেশ কয়েকটি এলাকা ও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত চারটি বাড়িতে আঘাত হানলে কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলার পর সেখানকার হাজারো বাসিন্দা দক্ষিণের রাফায় আশ্রয় নেন। সেখানে এ মুহূর্তে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছেন, যাদের বেশির ভাগই খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বাস করছেন।
গাজা বর্ডার ক্রসিংয়ের এক মুখপাত্র হিশাম এদওয়ান বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ হলে উপত্যকার বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। অবরুদ্ধ রাফাহ শহরে প্রবেশ ও মিসরে যাতায়াতের একমাত্র পথ এই ক্রসিং। এখান দিয়েই ত্রাণ সাহায্য পৌঁছায় গাজায়।
মিসর রাফায় ইসরায়েলের অভিযানের নিন্দা করেছে। সতর্ক করে দেশটি বলেছে, রাফাহ ক্রসিং দখলের ফলে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির জীবন হুমকির সম্মুখীন, যারা সাহায্যের জন্য এটির ওপর নির্ভরশীল।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা প্রকাশ করেছে, রাফা সীমান্ত দখলে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। বিশেষত, খাদ্য ও জ্বালানির সরবরাহে বিঘ্ন দেখা দিতে পারে।
এদিকে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করেছে তারা। গোটা বিষয়টিই এখন ইসরায়েলের হাতে বলে জানান হামাসের এক কর্মকর্তা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের গৃহীত প্রস্তাবটি ‘ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে’, তবে আলোচনা অব্যাহত থাকবে। এমন অবস্থায় অনিশ্চয়তায় ঝুলে আছে যুদ্ধবিরতির ভাগ্য।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে রাফায় অভিযানের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের লিখিত বক্তব্যে বলা হয়, বাইডেন ফোন কলে রাফায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি আবারও পরিষ্কার করেছেন।
সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, রাফার বেসামরিক মানুষ ঝুঁকিতে থাকবে– এ রকম কোনো স্থল অভিযানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
এর আগে পর্যন্ত হোয়াইট হাউস বলছিল, রাফায় ‘বড় ধরনের’ অভিযানের বিরোধিতা করছে ওয়াশিংটন। খবর আলজাজিরা, সিএনএন ও বিবিসির।











































