স্টাফ রিপোর্টার।।
পুলিশের গায়েবী অভিযোগে রাজনৈতিক প্রসহনের মামলায় খুলনা জেলা কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলেও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে সুচিকিৎসা দেয়নি কারাকর্তৃপক্ষ। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার (০৭ মে) খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী কারাভ্যন্তরে হৃদরোগে আক্রান্ত হলেও সুচিকিৎসার ব্যবস্থা না করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে জেল সুপার ও জেলার।
মূমুর্ষূ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীর আশু সুস্থতা কামনায় খুলনা তথা দেশবাসীর দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হবার সাথে সাথে জেল সুপার ও জেলারকে অবহিত করা হলেও শুধু মাত্র খুলনা বিএনপি’র শীর্ষপর্যায়ের নেতা হওয়ার কারণে এসএম মনিরুল হাসান বাপ্পীকে মেডিকেলে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আওয়ামী ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে তাকে কারাভ্যন্তরে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল কি না ভবিষ্যতে খতিয়ে দেখা হবে ইনশাআল্লাহ্।
সোমবার সন্ধ্যার পর উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তির পর গতকাল মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীর হৃদযন্ত্রে শতভাগ ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। পরিস্থিতি বুঝে যেকোনো মুহুর্তে এসএম মনিরুল হাসান বাপ্পীর হৃদযন্ত্রে অস্ত্রপচার করা হবে; তাই খুলনা তথা দেশবাসীর কাছে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রণাঙ্গণের সাহসী যোদ্ধার জন্যে দোয়া প্রার্থনা করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। প্রসঙ্গত্ব, গত ২৪ এপ্রিল উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিাংল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দেন। গত সোমবার (০৬ মে) উচ্চআদালতের জামিনে মারাত্মক অসুস্থ অবস্থায় কারামুক্তি লাভ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। ।











































