Home আঞ্চলিক শ্রমিক সংকট: ১ মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক

শ্রমিক সংকট: ১ মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক

37


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রচণ্ড তাপপ্রবাহে বোরো ধান কাটার ভরা মৌসুমে খুলনার ডুমুরিয়ায় ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। দ্বিগুণের বেশি অর্থাৎ এক মণ ধানের সমান মূল্য দিয়েও একজন শ্রমিক মিলছে না। তাপপ্রবাহ উপেক্ষা করে, বাধ্য হয়ে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্ষেতের ধান ক্ষেতেই মাড়াই করে তা বস্তাবন্দি করে ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় কৃষি অফিস জানায়, এবার ২১ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। আশা করা হচ্ছে গত বছরের তুলনায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

কৃষকরা জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলায় এবার রোরো মৌসুমে সার ও বীজের সংকট ছিল না। সেচ সুবিধা এবং আবহাওয়া অনুকূলে ছিল। রোগ বালাইয়ের আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয়নি বলে বোরোর বাম্পার ফলন হয়েছে। তবে এলাকায় ব্যাপক শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বর্তমান বাজারে এক মণ বোরো ধানের মূল্য ১২০০ টাকা। কিন্তু দিনে ১২০০ টাকা করেও কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই ঝড়-বৃষ্টির কবলে পড়ার আশঙ্কায় বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে ক্ষেতের ধান দ্রুত কাটার চেষ্টা করা হচ্ছে।

উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক জিয়াউর রহমান গাজী, ডুমুরিয়া সদর ইউনিয়নের খলশি গ্রামের কৃষক মাসুদ রানা শান্ত এবং মাগুরা ঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে জাহাঙ্গীর সরদারের ভাষ্য, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি মৌসুমে ১ হাজার থেকে ১২০০ টাকা করেও শ্রমিক মিলছে না। ঝড় বৃষ্টির আশঙ্কায় বাধ্য হয়ে পরিবারের সদস্যরা নিয়ে ক্ষেতের ধান ক্ষেতেই মাড়াই করে বাড়িতে নেওয়া হচ্ছে।

কৃষকরা জানায়, ধান কাটা, মাছের ঘের প্রস্তুত, সবজি চাষসহ বিভিন্ন কাজে শ্রমিকরা নিয়োজিত থাকায় ডুমুরিয়ায় শ্রমিক সংকটের মূল কারণ।

উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক পশুপতি জানান, তিনি ৪ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন। প্রতি বিঘা জমিতে আবাদ করতে ১৮ হাজার টাকা খরচ হয়েছিল। প্রতি বিঘায় ৪০ মণ ধান ফলন পাওয়া যাবে। এখন ধানের মণ ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ-ইবনে আমিন জানান, এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষকদের সার্বক্ষণিক প্রশিক্ষণ, মাঠ পরিদর্শন ও তাদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রচণ্ড তাপপ্রবাহে কৃষকরা বেশ শ্রমিক সংকটে পড়েছেন।