Home আঞ্চলিক উপজেলা নির্বাচন: শার্শায় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

উপজেলা নির্বাচন: শার্শায় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

32


বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রার্থী ইব্রাহিম খলিল।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গণসংযোগ শেষে বাসায় ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে শুনি আমার বাড়ির সামনে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তখন আমি পরিবার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি।

তিনি জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

শার্শা থানার এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ির সামনে রাতে দুটি বোমার বিস্ফোরণ হয়েছে। থানায় একটি অভিযোগ দিয়েছেন প্রার্থী। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।