Home আন্তর্জাতিক আদালত অবমাননা মামলায় বিপাকে মমতা

আদালত অবমাননা মামলায় বিপাকে মমতা

29


আন্তর্জাতিক ডেস্ক

আদালতের রায় নিয়ে সমালোচনা করে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ২৬ হাজার জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। এই রায়ের তুমুল সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস। তা করতে গিয়ে আদালতের বিরুদ্ধেও কথা বলছেন দলটির নেতারা।

এই সমালোচনার কারণে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। মামলা হয়েছে তৃণমূলের আরেক নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধেও। সোমবার পর্যন্ত গ্রেপ্তারির আশঙ্কা না থাকলেও নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে পশ্চিমবঙ্গের শাসক নেতৃত্ব।

নিয়োগ বাতিলে অযোগ্য প্রার্থীদের সঙ্গে অনেক যোগ্যদেরও চাকরি চলে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। রায়ের পর সরাসরি বিচারপতি, আদালত ও বিচার ব্যবস্থার প্রতি তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে ‘বেআইনি’ বলেছেন। শাসকদলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে আদালতের যোগসাজশের অভিযোগ তুলেছেন।

সাবেক বিচারপতি, এখন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে অভিষেক বলেন, ‘একজন বিচারপতি থাকাকালীন বলেছেন, ‘বিজেপি অ্যাপ্রোচ মি, আই অ্যাপ্রোচ বিজেপি’। তার মানে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগে ছিলেন। আর সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তাহলে কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত।’

দুজনের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছেন একাধিক আইনজীবী। মামলাকারীদের মধ্যে রয়েছেন সিপিএম সংসদ সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপি নেতা কৌস্তভ বাগচী।

বিকাশরঞ্জনের বক্তব্য, “দুর্নীতি করলে আদালত ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সেজন্য আদালতের দিকে আঙুল তোলা সমীচীন নয়। এভাবে চললে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে।’

আদালত বলেছে, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ আলাদা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গে অভিষেকের মামলাটিও যোগ করা হবে।